চোখ যখন স্থাপত্যবিদ্যায়
এইচএসসি পাসের পর এখন চলছে ভর্তির প্রস্তুতি। শুরু হয়ে গেছে জীবন গড়ার আয়োজন। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বা শিক্ষক হিসেবে জীবন সাজানোর জন্য হয়ে উঠেছেন ব্যতিব্যস্ত। তাঁদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা নিজেদের গড়ে তুলতে চান স্থাপত্যবিদ হিসেবে। গত বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মিনহাল আহমেদ বলেন, ‘স্থাপত্য বিষয়ে পড়ার স্বপ্ন ছিল। বলতে পারেন, আমি আমার স্বপ্নটি পূরণ করতে পেরেছি।’প্রতিবছর বুয়েটে ভর্তি পরীক্ষার্থীদের একটি বিশাল অংশ স্থাপত্য বিভাগের ভর্তিযুদ্ধে অংশ নেয়। তাই প্রস্তুতিটা হওয়া চাই যথার্থ। যেহেতু এর সিলেবাসের সঙ্গে এইচএসসির সিলেবাসের কোনো মিল নেই, তাই ভর্তি হতে ইচ্ছুক অনেক শিক্ষার্থী সমস্যায় পড়ে যান। তবে তাঁদের এসব সমস্যা অনেকাংশে দূর করে দেয় এই বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে প্রকাশিত ভর্তি-সহায়িকাগুলো। এতে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সিলেবাস ও মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারেন।স্থাপত্য বিভাগের শিক্ষার্থী রুম্মান মাসরুর বলেন, ‘স্থাপত্যে সৃজনশীলতার অনেক জায়গা আছে। প্রধানত, এ জন্যই বিষয়টি পছন্দ করা। এখানে ভর্তি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়গুলোতেও ভালো করতে হবে। তাহলে নম্বরের দিক থেকে এগিয়ে থাকা যায়। ফলে সুযোগ পাওয়া সহজ হয়। আর যেহেতু মুক্তহস্ত অঙ্কন আছে, সে জন্য আঁকার হাতটাও ভালো থাকা জরুরি।’তাসনুভা রহমানের ছোটবেলা থেকেই ভিজুয়াল আর্টস, অ্যাবস্ট্রাকশন অব আর্টস—এসবের প্রতি ঝোঁক ছিল। তাই স্থাপত্যে পড়া। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা যেন সব সময় পেনসিল ও স্কেচবুক সঙ্গে রাখে, যাতে কোনো জিনিস দেখলে—যেভাবেই হোক না কেন—যেন তা আঁকার চেষ্টা করতে পারে। তাহলে বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তারা সে অনুযায়ীই নিজেদের প্রস্তুত করে তুলতে পারবে।’স্থাপত্যবিদ্যার অন্যতম আকর্ষণীয় জায়গাটি হলো এর সৃজনশীলতা। এর পাশাপাশি ব্যবহারিক জ্ঞানটি খুবই জরুরি। বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক জেবুন নাসরিন আহমেদ বলেন, ‘স্থাপত্যবিদ্যায় ব্যবহারিক দিকটি অনেক বেশি। বাস্তবে যা ঘটছে, সে আলোকেই শিক্ষার্থীদের সমস্যাগুলো দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে বইভিত্তিক জ্ঞানেরও দরকার আছে, তবে বাস্তব জ্ঞানের কোনো তুলনা হয় না। কারণ শিক্ষার্থীরা তাদের অর্জিত বাস্তব জ্ঞানের আলোকেই সমস্যাগুলো সমাধান করে থাকে। বাংলাদেশে প্রতিনিয়ত অপরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে উঠছে। আর পরিকল্পনামাফিক পরিবেশবান্ধব স্থাপনা গড়ে তোলার মধ্যেই একজন স্থপতির সার্থকতা।’বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দরকার হচ্ছে প্রয়োজনীয়সংখ্যক আবাসনের। আর উপযুক্ত স্থানে সঠিক পরিকল্পনায় বাসস্থান নির্মাণের ক্ষেত্রে স্থপতিদের কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে দেশে স্থাপত্য একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে জনসংখ্যা বাড়ছে, বসতবাড়ি বাড়ছে। কিন্তু বাড়ছে না বসতি জমির পরিমাণ। স্বল্প জায়গা ব্যবহার করে পরিবেশ-উপযোগী করে বসতি নির্মাণের দিকেই মানুষের মনোযোগ আজকাল বেশি।স্থপতি নাহাস খলিল বলেন, ‘একটি দেশের সামগ্রিক স্থাপত্য সে দেশের সমাজব্যবস্থা এবং মানুষের চাহিদার ওপর নির্ভর করে। এখানে স্থপতিরা চাইলেই নিজেদের ইচ্ছামতো কিছু করতে পারেন না। লুই আই কান সংসদ ভবনের নকশা করতে পেরেছিলেন। কারণ এ সুযোগটা বাংলাদেশ সরকার তাঁকে দিয়েছিল। মানসম্মত স্থাপত্যের জন্য প্রয়োজন উন্নত চিন্তাভাবনা। বাংলাদেশে প্রচুর মেধা রয়েছে। অনেক ভালো কাজ তাঁরা করছেন। ধীরে ধীরে দেশের মানুষও এখন এ বিষয়ে সচেতন হচ্ছে। দেখা যায়, কোনো চিপা গলিতে বাড়ি নির্মাণের জন্যও মানুষ স্থাপতিদের কাছে যাচ্ছে। কারণ তারা স্থপতিদের ওপর নির্ভর করতে পারছে। তাই নিকট ভবিষ্যতে বাংলাদেশের স্থাপত্য একটি বিশ্বমানের জায়গায় পৌঁছাবে বলে আশা করা যায়।’