মানবদেহ ব্যবচ্ছেদ করে নতুন একটি অংশ বা স্তর আবিষ্কার করা হয়েছে। এটির অবস্থান চোখের কর্নিয়ার পেছনে। যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হার্মিন্ডার ডুয়া ও তাঁর সহযোগী গবেষকেরা সম্প্রতি এটি আবিষ্কার করেন।মানবদেহ ব্যবচ্ছেদে সবচেয়ে নতুন সংযোজনটির পুরুত্ব মাত্র ১৫ মাইক্রন, কিন্তু এটি আবিষ্কারের ফলে চোখের অস্ত্রোপচার আরও সহজ ও নিরাপদ হবে বলে গবেষকেরা ধারণা করছেন। ডুয়া ও তাঁর সহযোগীরা চোখের কোণে বাতাস প্রবাহিত করে নিরীক্ষণের মাধ্যমে নতুন স্তরটির সন্ধান পান। তাঁরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র (মাইক্রোস্কোপ) ব্যবহার করে প্রতিটি পৃথক স্তর বিশ্লেষণ করেন। আর ওই পরীক্ষায় ব্যবহার করা হয় গবেষণার জন্য দান করা কয়েকটি চোখ।কর্নিয়ায় কেবল পাঁচটি স্তর রয়েছে বলেই বিজ্ঞানীরা আগে ধারণা করতেন। কিন্তু নতুন আবিষ্কারের পর তাঁরা মনে করছেন, এই বিশেষ স্তরের কারণেই মানুষের চোখের কোণে অশ্রু জমা হয়। এই সমস্যার কারণে কর্নিয়ায় একধরনের তরল জমাটবদ্ধ হয়ে দৃষ্টি বাধাগ্রস্ত করে। ডুয়া বলেন, নতুন স্তরটির সন্ধান পাওয়ার ফলে নির্দিষ্ট রোগীদের কর্নিয়া সংযোজনে নাটকীয় উন্নতি হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, যার ফলে চক্ষুচিকিৎসাবিদ্যার পাঠ্যবইগুলো কার্যত নতুন করে লিখতে হবে। কর্নিয়ার পেছনের অংশে আক্রমণের জন্য বিভিন্ন রোগকে দায়ী করা হয়। বিশ্বজুড়ে গবেষকেরা মানুষের চোখের এই বিশেষ স্তরের উপস্থিতি, অনুপস্থিতি অথবা অশ্রুর উপস্থিতির সঙ্গে রোগের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন। অপথালমোলজি সাময়িকীতে ডুয়ার আবিষ্কার নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। পপুলার সায়েন্স।