চোখে স্বপ্ন, কণ্ঠে বাংলাদেশ
উৎসবের রং লেগেছে চট্টগ্রামের পথেঘাটে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। মিছিল, আতশবাজির পাশাপাশি চলছে বড় পর্দায় বিশ্বকাপ দর্শন। প্রতিদিন বেরোচ্ছে খণ্ড খণ্ড মিছিল। নানা বয়সের মানুষের বর্ণাঢ্য মিছিলে এখন মুখরিত চট্টগ্রাম। সবার কণ্ঠে এখন একটাই স্লোগান ‘বাংলাদেশ, বাংলাদেশ!’উদ্বোধনের দিন ১৭ ফেব্রুয়ারি নগরের এমএ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে ভিড় জমেছিল কৌতূহলী জনতার। হাজারো মানুষ স্টেডিয়াম প্রাঙ্গণে বসানো বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখে উল্লাসে ফেটে পড়েন। সেখানে বিদ্যালয়-কলেজ পড়ুয়া তরুণ যেমন ছিলেন, তেমনি ছিলেন পেশাজীবী, ক্রিকেটার, ফুটবলার ও ক্রীড়াসংগঠকেরা। উৎসাহী পথচারী কিংবা ও রিকশাচালকেরাও হাজির ছিলেন এ উৎসবে। রিকশায় ১৪ দেশের অধিনায়কের মাঠ প্রদক্ষিণের দৃশ্য দেখে অন্য রকম আনন্দে উদ্ভাসিত হয়েছিলেন উপস্থিত রিকশাচালকেরা। বিশ্বকাপের মতো বড় একটি আসরে তাঁরাও যেন এভাবে সামিল হলেন।এদিকে, ১৯ ফেব্রুয়ারি থেকে নগরের বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের উদ্যোগে স্থাপন করা হয় বড় পর্দা। রাস্তার মোড় মোড়ে স্থাপিত এসব পর্দায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিশ্বকাপের প্রথম ম্যাচটি উপভোগ করেন লোকজন। এ সময় বাংলাদেশের ক্রিকেটারদের চার, ছক্কা আর উইকেট প্রাপ্তিতে উল্লাসে ফেটে পড়ছিলেন সবাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ ব্যবস্থাপনায় লালদীঘি মাঠ, সিআরবির সাত রাস্তার মোড়, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে মোহরা ইস্পাহানী কিন্ডারগার্টেন স্কুল ময়দান, কল্পলোক আবাসিক এলাকা, চরচাক্তাই সিটি করপোরেশন স্কুল মাঠ, কুলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পতেঙ্গা গার্লস কলেজ মাঠ, ধনিয়ালাপাড়া ওয়ার্ড কার্যালয় চত্বর ও হালিশহর বিডিআর মাঠে সরাসরি বড় পর্দার মাধ্যমে খেলা দেখাবে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরেরা এগুলোর তদারকিতে রয়েছেন। নগরবাসী বাংলাদেশের প্রতিটি ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ ২৫টি গুরুত্বপূর্ণ খেলা এই বড় পর্দার মাধ্যমে দেখার সুযোগ পাবেন। এদিকে, উদ্বোধনী ম্যাচের আগে গত শনিবার সকালে নগরে বাংলাদেশকে শুভ কামনা জানিয়ে মিছিল বের করেছে বিভিন্ন সংগঠন। জাতীয় পতাকা নিয়ে তারা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি তোলেন। বিশ্বকাপ ক্রিকেটকে স্বাগত জানিয়ে গত শুক্রবার নগরের কাট্টলীবাসী বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে। মিছিলের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যাঁর নামে নামকরণ করা হয়েছে সেই জননেতার জন্মস্থান কাট্টলীর জহুর আহমেদ চৌধুরী বাড়ির চত্বরে বিকেল সাড়ে তিনটায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মিছিলের উদ্বোধন করা হয়। মিছিলে অংশ নেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম আবুল কাশেম, ভেন্যু চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদসহ এলাকার গণ্যমান্য লোকজন।মিছিলটি উত্তর কাট্টলী কর্নেলহাট ঢাকা মহাসড়কের সিটি গেট হয়ে অলংকার মোড় হয়ে চট্টগ্রামের ভেন্যু জহুর আহম্মদ স্টেডিয়াম চত্বরে এসে শেষ হয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মহল্লা কমিটি, স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়েজ স্কাউট, গার্লস গাইডসহ হাজারো নারী-পুরুষ ও শিশু-কিশোর যোগ দেন এই মিছিলে। ক্রিকেট দলের খেলোয়াড়দের ছবি, রয়েল বেঙ্গল টাইগারের আইকন, বাংলার চিরায়ত লোকসংস্কৃতির বিভিন্ন উপকরণ নিয়ে উপস্থিত হন হাজারো মানুষ।এ ছাড়া অরুণোদয় ক্লাব, পিএইচপিসহ বিভিন্ন সংগঠন বিশ্বকাপ উপলক্ষে নগরে মিছিল বের করে। সবারই চোখে স্বপ্ন, কণ্ঠে জাদুকরি স্লোগান ‘বাংলাদেশ, বাংলাদেশ।’