চোখের আলো ফিরে পেতে চায় মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইট বিছানো রাস্তা ও মেঠোপথ ধরে খানিকটা গেলেই মো. আবুল কাশেমের বাড়ি। ভাঙা বেড়ার ঘরটিতে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এই বাড়িরই ছেলে আবদুল্লাহ আল মামুন (২৯) উচ্চমাধ্যমিক পাস করে ব্যবসা শুরু করেছিলেন সংসারের দারিদ্র্য ঘোচাতে। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মামুন এখন নিজেই দৃষ্টিহীন।মামুনের চিকিৎসার পেছনে ইতিমধ্যে অনেক টাকা খরচ করতে হয়েছে তাঁর পরিবারকে। চিকিৎসকেরা ভরসা দিয়েছেন কর্নিয়া সংযোজন করলে আবারও দেখতে পাবেন তিনি। মামুনের স্বপ্ন আবারও উঠে দাঁড়ানো। চোখের আলো ফিরে পেয়ে তিনি পরিবারের হাল ধরতে চান। মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ গ্রামের বাসিন্দা মো. আবুল কাশেমের তিন সন্তানের মধ্যে মামুন সবার বড়। চলতি বছরের ২৪ মে তিনি বিয়ে করেন চট্টগ্রামের নিমতলী এলাকার রুমি আক্তারকে। বিয়ের মাত্র এক মাস পরে ২৯ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাঙ্গাদোকান এলাকায় তিনি দুর্ঘটনাকবলিত হন। সেদিনের ঘটনার বর্ণনা করতে গিয়ে মামুন বলেন, ‘দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকে থাকা রাসায়নিক (দাহ্য পদার্থ) রাস্তায় ছিটকে পড়ে। একই সময় বারইয়ারহাট থেকে মোটরসাইকেলযোগে আসছিলাম আমি। দুর্ঘটনাস্থলে আসতেই সড়কে পড়ে থাকা দাহ্য পদার্থের ওপর পড়ে আহত হই।’ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা নেন মামুন। গত ৫ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ভারতে। সেখানে তাঁর দুই পা ও এক হাতে অস্ত্রোপচার করা হয়। কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকেরা তাঁর দুই চোখের দৃষ্টি ফেরাতে পারেননি। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের জোগানও দিতে পারছেন না রাসেলের দরিদ্র বাবা। এখনো অন্তত পাঁচ থেকে সাত লাখ টাকা মামুনের চিকিৎসার জন্য প্রয়োজন। মামুনের বাবা একসময় সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল মিলে কাজ করতেন। বেশ কয়েক বছর আগে মিলটি লে-আউট হয়ে যায়। ফলে এখন তিনিও বেকার। ছোট ভাই আবদুল কাইয়ুম গ্রামীণ ব্যাংকে চাকরি করলেও একা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। চোখের কর্নিয়া সংযোজন করতে মামুনকে ভারত নিয়ে যাওয়ার কথা রয়েছে। এতে খরচ হচ্ছে প্রায় ছয় লাখ টাকা। মামুনের বাবা আবুল কাশেম বলেন, ‘আমার ছেলের দৃষ্টি ফেরাতে না পারলে পুরো পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে। কোনো সহূদয় মানুষ যদি আমার ছেলের জন্য হাত বাড়ায়, তাহলে হয়তো একটি পরিবার বাঁচবে।’ মামুনের চিকিৎসায় সহায়তা করার ঠিকানা: মো. আবুল কাশেম, সঞ্চয়ী হিসাব নম্বর ৯১৩৪০৫৫৪৭২, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মিরসরাই শাখা, চট্টগ্রাম।