চোখের ছায়ার জাদু
চোখের সাজ মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজল থেকে শুরু করে আইশ্যাডো—সবকিছুতেই যেন থাকা চাই নিত্যনতুন আয়োজন। আইশ্যাডোর যথার্থ ব্যবহার চোখকে করে তুলতে পারে মোহনীয়। তেমনি কিছু টিপস রইল এবার।চোখের ওপরে আইশ্যাডো, নিচে কাজল—সবাই এভাবে দিয়েই অভ্যস্ত। কিন্তু যদি ওপরে-নিচে দুই জায়গায়ই আইশ্যাডো লাগাতে চাই—তাহলে? একটু অন্য রকম এ সাজটির বিষয় নিয়ে জানালেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। ‘চোখের নিচে যেখানে সাধারণত আমরা কাজল লাগাই; সেখানে আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। এতে চোখে একটা সফট লুক চলে আসবে’। জানান তিনি। এ ছাড়া আইলাইনার লাগিয়ে ব্রাশ দিয়ে হালকাভাবে একটু স্মাশড করে দিতে পারেন। তাতেও একই জিনিস পেয়ে যাচ্ছেন। তবে সে ক্ষেত্রে আইশ্যাডো লাগানোর আর দরকার হবে না। এতে লুক ন্যাচারাল লাগার পাশাপাশি চোখটা একটু বড়ও দেখায়। আইশ্যাডো যখনই লাগাবেন, সময় ও স্থান বিবেচনা করে লাগানো উচিত। দিনের বেলায় হলে অবশ্যই হালকা এবং রাতে গাঢ়। ‘দিনের বেলায় ম্যাট লুকটি ভালো লাগে বেশি। জামার সঙ্গে হুবহু মিলিয়েই পরতে হবে, এমনটি নয়। বরং বিপরীত রং অথবা হালকা রঙের শেড লাগাতে পারেন।’ বলেন কানিজ আলমাস খান। লাল শাড়ির সঙ্গে হালকা বাদামি শ্যাডো ব্যবহার করা যেতে পারে সকালে। একই শাড়িতে রাতের বেলায় সেখানে কপার, কালো, লাল ও সোনালি ব্যবহার করা যেতে পারে। গোলাপি রঙের জামায় নীল, সিলভার, কালো ব্যবহার করতে পারি। পোশাকের সঙ্গে মিলিয়ে একই রং চোখে লাগাতে চাইলে সেটা রাতে করাই শ্রেয়। এ ছাড়া রাতে ফলস আইল্যাশ, মাশকারা লাগাতে পারেন। আইশ্যাডো ওঠানোর চোখের সাজে সবার মন ভোলানোর পালা শেষ। এবার পরিষ্কার করতে হবে যথাযথভাবে। চোখের মেকআপ ওঠানোর জন্য আলাদা ক্লিনজার পাওয়া যায়। সেটা না পাওয়া গেলে যেকোনো ভালো মেকআপ ক্লিনজার ব্যবহার করুন। তুলোয় লাগিয়ে খুব আস্তে করে ঘষে উঠিয়ে ফেলুন। ‘চোখের চারপাশের টিস্যুগুলো খুব নাজুক। এ জন্য এ অংশের পরিচর্যাও নেওয়া উচিত খুব যত্নের সঙ্গে।’ জানালেন কানিজ আলমাস খান।