‘প্রতিবছর ঈদে দুই ছেলে আর পরিবারের অন্য সদস্যদের নিয়ে সারা দিন আনন্দে মেতে থাকতেন। রোজায়ও সবাইকে একসঙ্গে নিয়ে ইফতার করতেন। অথচ এবার ঈদে মানুষটি নেই। বাবার কাছে ছেলেদের কত আবদার থাকত—এটা কিনে দাও, ওটা কিনে দাও। এবার তারাও কিছু কেনেনি। তাঁর ফেরার অপেক্ষায় আমরা সবাই।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছিলেন সাড়ে পাঁচ মাস ধরে নিখোঁজ ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতা ও লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এস এম শহীদুল আলম সিরাজের স্ত্রী সুলতানা পারভিন। ২২ আগস্ট লেলাং গ্রামে সিরাজের বাড়িতে কথা হয় তাঁর সঙ্গে। চলতি বছরের মার্চ মাসে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। এরপর থেকে আর কোনো হদিস নেই তাঁর। পারভিন বলেন, এবারের ঈদ আমাদের জন্য বেদনার। স্বামী নেই। ছেলেদের মুখ মলিন। স্বামীর খোঁজ পেলে ঈদের চেয়েও বেশি আনন্দ পেতাম।শহীদুলের দুই ছেলে অনন (১২) ও আবির (৬)। দুজনেই লেখাপড়া করছে। এখন কোনো আয়-রোজগার নেই। টাকার অভাবে সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন পারভিন। এবার সন্তানদের জামাকাপড় কেনার মতো অর্থও ছিল না তাঁর কাছে। তিনি আক্ষেপ করে বলেন, সাড়ে পাঁচ মাস হয়ে গেল এখনো আমার স্বামীকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। শহীদুলের বড় ছেলে অনন বলে, ‘ঈদ আমাদের জীবনে আর আসবে বলে মনে হয় না। বাবাকে খুঁজে বের করে দিন। বাবার হদিস পাওয়া না গেলে আমাদের পড়ালেখা মাটি হয়ে যাবে। সংসারের হাল ধরতে মা এখন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।’ প্রসঙ্গত, চলতি বছরের ১ মার্চ বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম শহরের বাসা থেকে বের হন এ এস এম শহীদুল আলম। ৬ মার্চ পর্যন্ত ঢাকা থেকে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়। এরপর আর কোনো খোঁজ মেলেনি তাঁর। এ ঘটনায় শহীদুলের স্ত্রী সুলতানা পারভিন নগরের খুলশী ও পাঁচলাইশ মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন।