চোখের জলে ভেজানো জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাদ্রী মজুমদার ২০ বছরে পা দিলেন। এই তো সেদিন, গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তাঁর জন্মদিন গেল। ১৯তম জন্মবার্ষিকী। উৎসব নয়, দিনটি কেটেছে নীরবে। জন্মদিনের নতুন পোশাক, কেক, মোম কিছুই ছিল না। ভালো কোনো খাবারের আয়োজনও নয়। মায়ের চোখের জলেই কেটে গেছে দিনটি। হিমাদ্রী যে এখন না ফেরার দেশে। তাই কার জন্য এত আয়োজন! তাঁকে না ফেরার দেশে পাঠিয়েছে কিছু দুর্বৃত্ত। কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা। তবু দেশব্যাপী আলোড়ন তোলা এই মর্মান্তিক ঘটনা ধীরে ধীরে বিস্মৃতির ধুলায় ঢেকে যাচ্ছে। পত্রিকার পাতাও আর কত জায়গা দেবে হিমাদ্রীকে? প্রতিদিনই তো কত কত হিমাদ্রী হারিয়ে যাচ্ছে!কিন্তু মা গোপা মজুমদার কিংবা বাবা প্রবীর মজুমদার কীভাবে ভুলবেন সন্তানের মুখ। তাই তো জন্মদিনের আগের দিন বড় আশা নিয়ে ফোন করলেন গোপা। যদি পত্রিকায় জন্মদিন উপলক্ষে কিছু একটা লেখা যায়। ‘আমার হিমুর (হিমাদ্রী) জন্মদিন কাল। মনটা ভালো নেই। কিছু কি করা যায় তাকে নিয়ে?’ওপাশের ভেজা কণ্ঠস্বরটা এপাশ থেকেই বোঝা যাচ্ছিল। কততম জন্মদিন? জানতে চাইলে এবার ধরা গলায় গোপা জানালেন, ‘বেঁচে থাকলে এবার ২০-এ পা রাখত। কিন্তু...’ ফুঁপিয়ে উঠলেন এটুকু বলেই।হিমাদ্রীর আগের ১৯টি জন্মদিন বহু আনন্দের উপলক্ষ নিয়ে এসেছিল। কিন্তু এই জন্মদিন কেবলই ধূসর, আলোহীন। কীভাবে সইবে মা!মনে পড়ে যায় ২ জুন প্রেসক্লাবে ছেলে হত্যার বিচার চাইতে আসা হিমাদ্রীর মা-বাবার মুখ। সেদিন সকাল সাড়ে ১০টার আগেই তাঁরা এসেছিলেন ক্লাবে। বিমর্ষ, হতাশা, শঙ্কা ও উৎকণ্ঠা তাঁদের চোখেমুখে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের এক কোণে একটি চেয়ারে চুপচাপ বসেছিলেন গোপা মজুমদার। পাশে দাঁড়ানো স্বামী প্রবীর মজুমদার। ২৩ মে ছেলের মৃত্যুর দিন থেকে এই কয়দিনে তাঁরা অনেক কেঁদেছেন। আর কত জল জমা থাকে চোখে!তবু সেদিন সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করতে গিয়ে চোখের জলে ভিজে গিয়েছিল কাগজটি। ‘আমার বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় সে ব্যাপারে রাষ্ট্র ও সরকারের যথোচিত ভূমিকা পালনের অনুরোধ করছি’—বলেই ফুঁপিয়ে কেঁদে উঠেছিলেন এ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীর মা গোপা মজুমদার।এখনো কেঁদে যাচ্ছেন তিনি। কখনো স্মৃতিচিহ্ন ছেলের জামাকাপড় ধরে, কখনো বা ছবির দিকে তাকিয়ে আবার কখনো ছেলের জন্মদিনে। সঙ্গী কেবল হতাশা, শঙ্কা আর উৎকণ্ঠা।