চোখের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লেখাটা খাসা হয়েছে! পাঠকের নাকের পানি আর চোখের পানি এবার এক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে প্রচণ্ড দাবদাহের অদৃশ্য স্রোতের মাঝে রাস্তায় এসে দাঁড়ায় রাজীব। চোখমুখ কুঁচকে আসে তার রোদের আঁচ লেগে। এখন এই ভরদুপুরে এসি রুমের আরাম ছেড়ে তাকে যেতে হবে কাঁটাবন। রুবা অপেক্ষা করছে কনকর্ডে। রুবাকে নিয়ে প্রথমে দুপুরের খাবার স্টারে, তারপর পাবলিক লাইব্রেরি চত্বরের বইমেলা, সন্ধ্যায় মহিলা সমিতিতে মঞ্চনাটক। মনে মনে পরিকল্পনা সাজায় রাজীব। হাতে থাকা লেখার কপিটা একবার দেখে। লেখাটা আজই একফাঁকে পড়াতে হবে রুবাকে দিয়ে। পড়ে চোখের পানি কোনোভাবেই আটকাতে পারবে না রুবা, নিশ্চিত রাজীব। বিশেষ করে জন হেনরির আত্মত্যাগের অংশটা পড়ে তো অবশ্যই।
‘আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী...’। আনমনে গুনগুন করতে করতে মোড়ে থাকা রিকশাগুলোর দিকে এগোয় রাজীব। প্রথম তিনজন রিকশাওয়ালা যেতে রাজি হয় না। আয়েশ করে নিজেদের রিকশার সিটে বসে ঝিমোয়। বিরক্ত হতে শুরু করে রাজীব। যে রোদ! বয়স্ক চতুর্থজন যেতে রাজি হয়। বলে, ‘উডেন সার।’
‘কত?’ ভাড়া ঠিক করে নিতে চায় রাজীব।
‘দিয়েন, ইনসাফ কইরা।’
‘ইনসাফটা কত?’ ভাড়া ঠিক না করে রিকশায় উঠতে চায় না রাজীব। এই সব ইনসাফের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা বেশি সুখকর নয় তার।
‘সইত্তর টেকা দিয়েন।’
‘এই হলো তোমার ইনসাফের নমুনা!’ এখান থেকে কাঁটাবন মোড়ের ভাড়া তো পঞ্চাশ টাকা। বিরক্তি ঝরে রাজীবের কণ্ঠে।
‘যেই রইদ!’
‘রোদ কি আমি এনেছি!’ বিরক্তি বাড়ে রাজীবের।
‘আমিও তো আনি নাই, সার।’ সমানে উত্তর দেয় লোকটা।
রিকশাওয়ালার মুখে এমন উত্তর শুনে খেপে যায় রাজীব। বলে, ‘মুখে মুখে কথা বলো! পঞ্চাশ টাকার এক পয়সাও বেশি পাবে না। চলো।’
‘মুখ দিয়া কতা না কইলে আর...! আমি যামু না।’ কথাগুলো বলতে বলতে থু করে থুতু ফেলে লোকটা।
রিকশাওয়ালাকে এভাবে থুতু ফেলতে দেখে ভীষণ অপমানিত বোধ করে রাজীব। রাগ সামলাতে না পেরে সজোরে এক চড় কষায় লোকটার গালে। চড় মারার সময় ঝাঁকিতে হাতে থাকা লেখার কপিটা ছিটকে গিয়ে পড়ে রাস্তায়। আশপাশের কেউ চোখ খুলে এই ঘটনা দেখার কষ্ট স্বীকার করে না। এমন একটা চড় খেয়েও লোকটা কেমন করে যেন হাসে। সে আবার একদলা থুতু ফেলে মাটিতে। তারপর লেখার কপিটা কুড়িয়ে এনে রাজীবের হাতে দিয়ে আর একবার হাসে। বলে, ‘উডেন সার। পঙ্খিরাজের লাহান উড়ায়া লয়া যামু। উডেন। ভাড়া লাগব না।’
কাঁচা হলুদের মতোন রঙিন ঝাঁজাল রোদের তাপ শরীরে নিতে নিতে দুজন তাকিয়ে থাকে দুজনের চোখের দিকে।