চোখের সামনে খুন হলো বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যছড়া কামিনী কিশোর কার্বারিপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত সুশান্তি চাকমার স্ত্রী ও সন্তানেরা । প্রথম আলো
মধ্যছড়া কামিনী কিশোর কার্বারিপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত সুশান্তি চাকমার স্ত্রী ও সন্তানেরা । প্রথম আলো

দুই ভাইয়ের সাত সন্তান। এই সাত সন্তানের চোখের সামনেই খুন হলো তাঁদের বাবা। ঘাতকদের গুলির শব্দ, বাবার মৃত্যুযন্ত্রণা আর নিথর হয়ে পড়া দেহের কথা ভুলতে পারছে না ওরা। ৮ মে ভোরে খুন হওয়া দুই ভাই ত্রিদিব চাকমা ও সুশান্তি চাকমার সন্তান তাঁরা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মধ্যছড়া কামিনী কিশোর কার্বারিপাড়ার এই দুই ভাইয়ের পরিবারে শোকের মাতম থামেনি এখনো।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোকটি না থাকায় এই সাত শিশু-কিশোরের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চতা। সঙ্গে এমন দুর্বিষহ স্মৃতি যোগ হওয়ায় তাঁরা স্বাভাবিক হতে পারেনি কেউ। বিদ্যালয়ে যাওয়াও বন্ধ সবার।
যার নামে এই পাড়া সেই কামিনী কিশোর নিহত দুই ভাইয়ের বাবা। সে দিনটা শুরু হয়েছিল সাধারণ কর্মব্যস্ত দিনগুলোর মতোই। কিন্তু কে জানতো ওঁত পতে থাকা সন্ত্রাসীরা এক লহমায় বদলে দেবে সব কিছু! ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে জেগে উঠানে বেরিয়ে আসেন ত্রিদিব চাকমা। হঠাৎ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তিনজন অস্ত্রধারী বেরিয়ে খুব কাছ থেকে ত্রিদিবকে লক্ষ্য করে বাঁ চোখ ও পেটে গুলি করেন।
বড় ভাইয়ের ওপর হামলা হতে দেখে ছোট ভাই সুশান্তি চাকমা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সে সুযোগ পাননি তিনি। পেছন থেকে ব্রাশফায়ার করে তাঁকে অস্ত্রধারীরা। পরে তাঁর বাঁ চোখ ও পেটে গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা। কেউ বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় পুরো ঘটনাটা। দুই ভাইয়ের সাত সন্তান তখন খুব কাছ থেকে এই হামলার দৃশ্য দেখছিল। বাবাকে বাঁচানোর সুযোগ বা সামর্থ্য কোনোটাই ছিল না তাঁদের।
সম্প্রতি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে কামিনী কিশোর কার্বারিপাড়ায় গিয়ে দেখা যায়, পাশাপাশি দুই ভাইয়ের বাড়িতে এখনো চলছে আহাজারি। বড় ভাই ত্রিদিব চাকমার এক ছেলে দুই মেয়ে। বড় ছেলে রিপন চাকমা নবম শ্রেণীতে, আর মেজ মেয়ে অন্তরা চাকমা ও ছোট মেয়ে জেসি চাকমা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ছোট ভাই সুশান্তি চাকমার তিন মেয়ে এক ছেলে। দুই মেয়ে কল্পনা চাকমা ও পুদিক্যে চাকমা বিদ্যালয়ে গেলেও এক ছেলে এক মেয়ের এখনো বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়নি।
ঘটনায় হতবাক হয়ে পড়া প্রতিবেশীদের দুশ্চিন্তা এখন দুই ভাইয়ের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে। প্রতিবেশী সুনীল কুমার চাকমা ও অনুকা চাকমা বলেন, সাতজন অস্ত্রধারী এসে গুলি করে হত্যা করেছে ত্রিদিব ও সুশান্তিকে। তাঁদের সন্তানেরা তখন অবাক হয়ে দেখছিল। কেউ কেউ বাবাকে বাঁচাতে এগিয়ে গেলেও সন্ত্রাসীরা সরিয়ে দেয়।
দুই ভাইয়ের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ছোট ভাই সুশান্তি চাকমার বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকেন। তাঁদের মৃত্যু হওয়ায় পরিবার দুটি ধ্বংস হওয়ার পথে।
ত্রিদিব চাকমার ছেলে রিপন চাকমা বলে, ‘এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। আমরা তিন-ভাই বোন এ ঘটনার পর আর স্কুলে যাইনি। ভবিষ্যতেও আর যাওয়া হবে কি না সন্দেহ আছে। কারণ বাবাই আমাদের লেখাপড়ার খরচ জোগাতেন।’
ত্রিদিব চাকমার স্ত্রী মল্লিকা চাকমা ও সুশান্তি চাকমার স্ত্রী পদ্মাদেবী চাকমা বলেন, ‘আমরা এখন কী করব বুঝতে পারছি না। সন্তানদের লেখাপড়া বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের পক্ষে ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ জোগাড় করা সম্ভব নয়।’
আর সব ভাতৃঘাতী সংঘাতের ঘটনার মতো এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায়ও তাঁদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর হক প্রথম আলোকে বলেন, জোড়া খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেননি। বাধ্য হয়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।