ঘটনাটি গত ডিসেম্বরের। শীতে জবুথবু। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। আমার গায়ে ফোমের জ্যাকেট। মনে হয় লেপ গায়ে দিয়ে হাঁটছি। লেপের আবার হুডি আছে। হুডিতে কান-মাথা শক্ত করে আটকানো। ওয়েস্ট ইলিং ব্রডওয়ের রাস্তা পার হচ্ছি। হঠাৎ ঘোঁৎ করে একটি লাল রঙের চকচকে দ্বিতল বাস এসে আমার ডান দিকে ব্রেক কষল। আরেকটু হলেই লন্ডনের রাস্তায় থেঁতলে যেতাম। লেপ গায়ে দিয়ে হাঁটার এই হলো সমস্যা। কান বন্ধ থাকায় গাড়িঘোড়ার শব্দ পাওয়া যায় না। ওয়েস্ট ইলিং ব্রডওয়ে একটি বাজার এলাকা। অনেক সুপার মার্কেট আছে এখানে। কিন্তু আমি সব সময় কুর্দি দোকানটিতেই যাই। মাছ-মাংস, তরিতরকারি থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় এই দোকানে। কোনো কোনো জিনিসের দাম একটু বেশি হলেও আমি এই দোকান থেকেই কিনি। এর একটি বিশেষ কারণ আছে। ইরাক, ইরান, তুরস্ক ও সিরিয়ার সাড়ে তিন লাখ বর্গকিলোমিটার জায়গাজুড়ে বসবাসরত আড়াই কোটি কুর্দি দীর্ঘদিন ধরে স্বাধীন কুর্দিস্তানের জন্য আন্দোলন করে আসছে। ওদের প্রতি সরকারের বৈরী আচরণ ও অত্যাচারের অনেক করুণ কাহিনি আমি জানি। দোকানের বাইরে প্লাস্টিকের ছাউনির নিচে ফলমূল ও তরিতরকারির পসরা সাজানো। হঠাৎ নারীকণ্ঠের চিৎকার শুনে আমি সচকিত হই। দোকান থেকে লাফ দিয়ে বেরিয়ে আসি। এ কী! একটি ব্যাগের দুই দিক ধরে দুই দল মানুষ টানাটানি করছে। একদিকে দীর্ঘদেহী এক শ্বেতাঙ্গ পুরুষ। পঞ্চাশোর্ধ্ব বয়স, মুখে কাঁচা-পাকা লম্বা দাড়ি। গায়ে তেমন মোটা জ্যাকেট নেই। পায়ে বুটজুতা। জ্যাকেটে কাদা লাগানো। লোকটি কি পাগল! ব্যাগের অন্যদিকে দুজন, এক দম্পতি। গায়ের রং দেখে ভারতীয় মনে হচ্ছে। তাঁরাও মধ্যবয়স্ক। একসময় ব্যাগটা ছিঁড়ে গেল। ওয়েস্ট ইলিংয়ের ফুটপাতে ছড়িয়ে পড়ল আলু, টমেটো, প্রসেসড ফুডের ক্যান, সিগারেটের প্যাকেট, কোকের বোতল আরও কত কিছু। শ্বেতাঙ্গ লোকটির পিঠে কিল মারতে মারতে ভারতীয় মহিলা চিৎকার করে বলছেন, ‘চোর, চোর...।’ আমার কাছে কিন্তু লোকটিকে মোটেও চোর মনে হচ্ছে না। লন্ডনের রাস্তায় টুকটাক কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে বটে, তবে প্রকাশ্যে ব্যাগ ধরে টানাটানি করার ঘটনা নিশ্চয়ই ঘটে না। শ্বেতাঙ্গ লোকটি সম্ভবত পোলিশ। পশ্চিম লন্ডনে প্রচুর পোলিশ লোক বসবাস করে। ইইউর সদস্য হওয়ার কারণে পূর্ব ইউরোপের অনেক দরিদ্র দেশের জন্যই এখন পশ্চিমের দুয়ার খোলা। ব্যাগটি ছিঁড়ে গেলে দুই প্রতিপক্ষ পুরুষই একে অন্যের মুখের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু মহিলাটি ছড়িয়ে-ছিটিয়ে যাওয়া জিনিসপত্র কুড়াতে শুরু করেছেন। চোর পালিয়ে যাচ্ছে না কেন, সেটাই বুঝতে পারছি না। হঠাৎ সে এগিয়ে এসে পথের ওপর থেকে সিগারেটের প্যাকেটটি তুলেই ভোঁ দৌড়। ভারতীয় ভদ্রলোকের যেন এতক্ষণে হুঁশ ফিরে এসেছে। তিনিও চোরের পেছন পেছন দৌড়াতে লাগলেন এবং তাঁদের দুজনের পেছনে আমিও। কিছুক্ষণ পর ভারতীয় ভদ্রলোক রণে ভঙ্গ দেন। চোর তখনো দৌড়াচ্ছে। আমিও দৌড়াচ্ছি। আমি কি তাদের সিগারেটের প্যাকেট উদ্ধার করতে দৌড়াচ্ছি? জানি না। একপর্যায়ে আইসল্যান্ড সুপারমার্কেটের বাঁক ঘুরে পেছন দিকে নির্জন পার্কিংলটের এক জায়গায় গিয়ে থামল চোর। আমিও পেছন পেছন গিয়ে তার পাশে দাঁড়ালাম। প্যাকেটটা খুলে এবার সে একটি সিগারেট ধরাল। আমি তাকে কিছুই বলছি না। যেন কিছুই হয়নি, আমরা একটি প্রীতি দৌড় প্রতিযোগিতা করলাম। সিগারেটে টান দিয়ে সে সুর করে বলতে শুরু করেছে, ‘আনরিয়েল সিটি/ আন্ডার দ্য ব্রাউন ফগ অব এ উইন্টার ডন...’ কী আশ্চর্য, এই লোক তো টিএস এলিয়ট আবৃত্তি করছে। আমি এবার তার কাছে এগিয়ে যাই। কে আপনি? সে খিক খিক খিক খিক করে হাসতে শুরু করে। তখন তার মুখ থেকে সিগারেটের কিংবা শীতের ধোঁয়া বের হতে লাগল। ‘আমি তোমার মতোই একজন।’ আমি থতমত খেয়ে যাই। তবে সে কি একজন কবি? আর সে কী করে জানল যে আমিও কবিতা লিখি? নাকি সে বলত চাইছে, এই লন্ডন শহরে আমিও তার মতো এক চোর?কাজী জহিরুল ইসলাম জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা।