চোর বাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা সাম্প্রতিক। বিভাগ থেকে শিক্ষাসফরে যাব। যাত্রার সুবিধার জন্য সব প্রস্তুতি নিয়ে আগের রাতে চলে গেলাম ক্যাম্পাস হলে, বান্ধবীর রুমে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, রুম নম্বর ২০৩। শিক্ষাসফর সামনে রেখে আমার যৎসামান্য প্রস্তুতির অংশ ছিল এক জোড়া নতুন স্যান্ডেল। কেনাকাটায় আমার দক্ষতা আনাড়ি পর্যায়ে—যে জন্য স্যান্ডেলের তলায় লুকিয়ে থাকা সমস্যাটা কেনার সময় বুঝতে পারিনি। বুঝতে পারলাম পায়ে দিয়ে বান্ধবীর রুমে যাওয়ার পর। তখন আর কিছু করার ছিল না। পরদিন বান্ধবীর দেওয়া নতুন স্যান্ডেল চরণে গছিয়ে গেলাম শিক্ষাসফরে। অনেক গল্প শুনেছি, হলে মেয়েদের এটা-সেটা চুরি হয়, যা কিনা হয় মেয়েদের দ্বারা। সম্মানিত শ্রেণীকে সহজে অবিশ্বাস করতে আমার ভালো লাগে না। তাই সেদিন স্যান্ডেল জোড়া রুমের বাইরেই রেখে এসেছিলাম। শাস্তিস্বরূপ, ফিরে গিয়ে যথাস্থানে সেটা আর পাইনি। যিনি নিয়েছেন, তিনি হয়তো স্যান্ডেলের ওপরটা দেখে আমার মতোই বুঝতে পারেননি স্যান্ডেলে সমস্যা আছে। জিনিসটা তাঁর এতই পছন্দ হয়েছিল যে নেওয়ার সময় তিনি নিজের অবস্থানটা পর্যন্ত ভুলে গিয়েছিলেন। সম্মানিত চোর, আপনাকে আমি একটু সাহায্য করতে চাই। সেটা হলো, স্যান্ডেলের মেমোটা আমার কাছে যত্ন করে রাখা আছে। দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করে এটা নিয়ে অ্যাপেক্সের শোরুমে চলে যান। তাঁরা আপনাকে ভদ্রভাবে নতুন এক জোড়া নিখুঁত স্যান্ডেল দিয়ে দেবেন। কিছু মনে করবেন না, আপনাকে সামান্য উপদেশ দেব। আপনি পোশাক-আশাকে নিজেকে দেখাতে চান মার্জিত রুচির অধিকারী হিসেবে (যদিও সেটা অন্যের জিনিস নিয়ে)। কিন্তু মনে মনে আপনি কতটা কুরুচির অধিকারী, সেটা ভেবেছেন? আপনি জানেন, তার পরও মনে করিয়ে দিই, বাহ্যিক দিকটার সৌন্দর্য বাড়ালেই মানুষ সুন্দর হয় না, প্রকৃত সৌন্দর্য থাকে মানুষের মনে। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, সমাজের চোখে আপনি একজন সম্মানিত নাগরিক। আপনার মন কেন এত ছোট হবে, আপনার নৈতিকতাবোধ থাকবে না কেন, বলেন তো?বর্ষাইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।