চকরিয়া উপজেলার নদী-তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নে চোরাই কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে পণ্যবাহী নৌকা। পার্বত্য বান্দরবান ও কক্সবাজার উত্তর বন বিভাগের বনাঞ্চল থেকে নদীপথে বোট নির্মাতারা এসব চোরাই কাঠ নিয়ে আসেন। সরেজমিনে দেখা যায়, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের নদীর তীরবর্তী স্থানে তিনটি, সাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার উত্তর পাশে ও পৌরসভার বাটাখালী পয়েন্টে দুটি, কৈয়ারবিলে একটি, পূর্ববড় ভেওলা এলাকায় দুটি, বেতুয়ারকুল এবং খিলছাদক এলাকার বালুচরে চারটি ও বদরখালী বাজারের পশ্চিম অংশে করাতকলের পাশে দুটি পণ্যবাহী নৌকা নির্মাণের কাজ চলছে। নৌকা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা জানিয়েছেন, বনাঞ্চল থেকে নৌপথে কাঠগুলো আনা হয়েছে। এতে কেউ বাধা দেয়নি তাঁদের।স্থানীয় ব্যবসায়ী কবির আহমদ, নওশাদুল ইসলাম বলেন, নদী-তীরবর্তী স্থানে যেসব নৌকা তৈরি করা হচ্ছে সব কাঠই বনাঞ্চল থেকে আনা। এতে কাঠ-চোর চক্রের সঙ্গে বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশও রয়েছে। তবে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) শাহ-ই আলম যোগসাজশের কথা অস্বীকার করেন। তিনি বলেন, পণ্যবাহী নৌকা নির্মাণে বন বিভাগের অনুমতি নেই। সংরক্ষিত বনাঞ্চলের কাঠ দিয়ে অবৈধভাবে নৌকা তৈরি করা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।