চোরাই কাঠের বাণিজ্য চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের চোরাই কাঠের বাণিজ্য এখনো বন্ধ হয়নি। বরং এই কাঠের বিপরীতে প্রতিমাসে গড়ে ২০০ কোটি টাকা মিয়ানমারে পাচার হচ্ছে হুন্ডির মাধ্যমে। আবার হুন্ডির মাধ্যমে পাচার করা সিংহভাগ টাকায় টেকনাফে পাঠানো হচ্ছে আমদানি নিষিদ্ধ নেশার বড়ি ইয়াবার চালান। ফলে চোরাচালান বৃদ্ধির কারণে বন্দরে সরকারের রাজস্ব আয় কমে যাচ্ছে। অন্যদিকে, ইয়াবাসহ মাদকদ্রব্যে সয়লাব হচ্ছে দেশ। ব্যবসায়ীরা জানান, প্রতিমাসে এই বন্দরে অন্তত ২০টি জাহাজ ও ট্রলারে করে ২০০ কোটি টাকার কাঠ আসছে। এর মধ্যে অর্ধেক কাঠের বিপরীতে শুল্ক আদায় দেখানো হলেও অবশিষ্ট কাঠের টাকা বন্দরের অসাধু শুল্ক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের প্রভাবশালী, কতিপয় কাঠ ব্যবসায়ী, শ্রমিক নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন। স্থলবন্দর থেকে ট্রাক বোঝাই করে এই কাঠ চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ দিতে টেকনাফ-কক্সবাজার এবং কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে।সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, কাঠের বিপরীতে ঠিকমতো শুল্ক আদায় করা হলে এই বন্দরে রাজস্ব আয় প্রতিমাসে ২০ কোটি টাকা ছাড়িয়ে যেত। অথচ এখন প্রতিমাসে এই বন্দরের রাজস্ব আয় দেখানো হয় গড়ে ছয় কোটি টাকা। এর মধ্যে কাঠ থেকে দেখানো হয় এক কোটি টাকা। চোরাই কাঠ, তাই কাগজপত্রও ভুয়া: টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কাঠ ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর জানান, বৈধভাবে কাঠ আনার অনুমতি মিয়ানমার সরকার দিচ্ছে না। তাই ব্যবসায়ীরা চোরাইপথে (সমুদ্রপথে) বিপুল পরিমাণ কাঠ টেকনাফ বন্দরে নিয়ে আসছেন। চোরাইপথে কাঠ আনা হলেও দেশের স্বার্থে এই কাঠ ধরা হচ্ছে না। সরকারও এই কাঠের বিপরীতে মোটা অঙ্কের রাজস্ব পেয়ে আসছে। বাহাদুর জানান, বর্তমানে টেকনাফ বন্দরে মিয়ানমার থেকে আনা প্রতি ঘনফুট সেগুন কাঠ বিক্রি হচ্ছে তিন হাজার ৭৫০ টাকা, চাঁপা কাঠ দুই হাজার ৩৫০ টাকা ও গর্জন কাঠ এক হাজার ২০০ টাকা। কাঠের বিপরীতে শুল্ক বিভাগে জমা দেওয়া কাগজপত্র ভুয়া কেন জানতে চাইলে এহতেশামুল হক জানান, যেহেতু অবৈধ পথে কাঠ আসছে, তাই কাগজপত্র এখানে তৈরি করে জমা দেওয়া হচ্ছে যেন শুল্ক আদায় করতে সুবিধা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব মহল অবগত রয়েছেন। বন্দরের কাস্টমস সুপার মো. আনোয়ার মাসুম বলেন, ‘মিয়ানমার বাংলাদেশে কাঠ রপ্তানি করে না। তার পরও ব্যবসায়ীরা কাঠ নিয়ে এলে আমরা রাজস্ব নেব না কেন? চোরাই পথে এলেও প্রতি মাসে সরকার এ কাঠ থেকে কোটি টাকার বেশি রাজস্ব পাচ্ছে।’ কাঠের বিপরীতে অবৈধ টাকার ভাগ-বাটোয়ারার অভিযোগ তিনি সত্য নয় বলে দাবি করেন। এক প্রশ্নের জবাবে কাস্টমস সুপার আনোয়ার মাসুম জানান, কাগজে-কলমে টেকনাফ ও মংডুর মধ্যে এ বাণিজ্য চুক্তি হলেও মালামাল আসছে সমুদ্রপথে মিয়ানমারের ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে। এ কারণে কাগজপত্র নকল করা হয়। এটা সবাই জানে। কিন্তু দেশের স্বার্থে এসব ধরা হয় না। এখন বাণিজ্য রুট কাগজে-কলমে টেকনাফ-মংডু ছাড়াও টেকনাফ-আকিয়াব ও টেকনাফ-ইয়াঙ্গুন করার জন্য মিয়ানমারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ তিনটি রুট কার্যকর হলে তখন কাগজপত্র নকল করা বন্ধ হয়ে যাবে। সরকারের রাজস্ব আয়ও বেড়ে যাবে। কাঠের বিপরীতে পাওয়া কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে মিয়ানমারে পাচারের সত্যতা নিশ্চিত করে কাস্টমস সুপার বলেন, ‘এখন যদি এ ব্যাপারে চাপাচাপি করি, তাহলে মারাত্মক সমস্যা দেখা দেবে। তখন এ বন্দর অচল হয়ে পড়বে।’কাস্টমস সুপার বলেন, ‘এ বন্দর দিয়ে ইয়াবার চালান খালাস হলে করার কিছুই নেই। কারণ, এ বন্দরে কোনো নিরাপত্তা নেই। কাঠের বোট নদীতে নোঙর করলে তল্লাশি চালানোর কোনো ব্যবস্থা আমাদের নেই। বার্মিজ লোকজন কোনো ভাষা বোঝে না। তা ছাড়া স্থলবন্দরের সুবিধা নিয়ে এখানে নৌবন্দরের কাজ চলছে। লোকবল ও শ্রমিকসংকট তো আছেই। তবে বন্দর দিয়ে ইয়াবা পাচার যেন না হয়, সে জন্য লোকজনকে সতর্ক রাখা হয়েছে।’কাস্টমস সুপার বলেন, কাঠকে বৈধ করার জন্য নাসাকার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু তারা রাজি হচ্ছে না। এ ব্যাপারে আরও আলোচনা চলছে।