চোরাই বাজারে একদিন
‘সাত শ টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলাম। এই জুতা জোড়া যদি নিউ মার্কেট থেকে কিনতাম নির্ঘাত আমাকে সাইত্রিশ শ টাকা দিতে হতো। সস্তায় পেয়েছি, তাই নিয়ে নিলাম।’এভাবেই চোরাই বাজার থেকে জুতা কেনার অভিজ্ঞতার কথা জানালেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিংকু দাশ (ছদ্ম নাম)। গত বৃহস্পতিবার বটতল চোরাই মার্কেটে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, সস্তায় এ রকম অনেক জিনিস পাওয়া যায় এখানে। বটতল থেকে নিউমার্কেট পর্যন্ত ফুটপাতের ওপর গড়ে উঠেছে এই চোরাই মার্কেট। দোকানের সংখ্যা প্রায় ২৫০টি। দোকানগুলোতে ঢুঁ মারলেই দেখা যায় তেলেসমতি কারবার। নিত্যব্যবহার্য প্রায় সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানকার দোকানগুলোতে। মোবাইল, ফ্যান, জুতা, স্যান্ডেল, প্যান্ট, শার্ট, কাপড়, লাইটার থেকে শুরু করে ইলেকট্রনিকসের জিনিসপত্র পর্যন্ত। তবে বেশির ভাগই পুরোনো। এখানে যাঁরা ব্যবসা করছেন তাঁদের বেশির ভাগই নিম্ন আয়ের লোকজন। এখানকার ব্যবসায়ী রহিম মিয়া (ছদ্ম নাম) বলেন, ‘বিভিন্ন গার্মেন্টসের দাগপড়া কাপড়-চোপড়, কমদামে জুতা-স্যান্ডল এবং বাসা বাড়ি থেকে আমরা পুরোনো জিনিসপত্র কিনে এখানে বিক্রি করি।’সকাল থেকে রাত নয়টা পর্যন্ত চোখে পড়ে ক্রেতার সমাগম। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি দোকানে দৈনিক গড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার জিনিস কেনাবেচা হয়। ব্যবসা হলেও লাভ সামান্য বলেই জানালেন বিক্রেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্রেতা জানান, ‘অনেককেই খুশি করেই আমাদের ব্যবসা করতে হয়। পুলিশ এবং স্থানীয় মাস্তানদের নিয়মিত চাঁদা দিতে হয়।’দোকানের মালামাল কোথা থেকে আসে? এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্রয়কর্মী জানান, ‘নগরের বিভিন্ন বাসাবাড়ি মসজিদ ও সামাজিককেন্দ্র (কমিউিনিটি সেন্টার) থেকে চুরি হওয়া জুতা, স্যান্ডেল, কাপড়-চোপড়, মোবাইল সেট এখানে কম দামে বিক্রি হয়। অনেকে নিজেদের পুরোনো জুতা স্যান্ডলও বিক্রি করেন।’খুব কম দামে ভালো পণ্য পাওয়া যায় বলে ক্রেতারাও আসেন এই মার্কেটে। কলেজপড়ুয়া তিন বন্ধু নঈম, আসাদ, সুজন এসেছিলেন কেনাকাটা করতে। কথা হলো তাঁদের সঙ্গে। তাঁরা বলেন, ‘ঘণ্টা খানেক হলো এসেছি। মোবাইল একটা নিয়েও নিলাম। এক হাজার ৭০০ টাকা নিয়েছে। আশা করছি খারাপ সার্ভিস দেবে না। এই মোবাইল অন্য মার্কেট থেকে কিনতে গেলে নয় হাজার এর ওপর দাম পড়বে।’তবে এখানে নকল পণ্য বিক্রি হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। কদমতলী এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, ‘কিছুদিন আগে এপেক্সের সিল দেখে ৪০০ টাকায় প্রায় নতুন এক জোড়া জুতা কিনেছিলাম এখান থেকে। যার প্রকৃত দাম তিন হাজারের মতো। জুতা জোড়া কেনার পরদিনই এক পাটির সোল খুলে যায়।’ চোরাই পণ্যের এই দোকানগুলো বেশির ভাগই ফুটপাতের ওপর হওয়ায় পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে কোতোয়ালি থানার উপপরিদর্শক মঞ্জুর মোর্শেদ বলেন, ‘এভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার কোনো অনুমোদন নেই। তবে এখানে যারা দোকানপাট গড়ে তুলেছেন তাঁরা নেহাত পেটের দায়ে এখানে ব্যবসা করছেন।’