চোরাই মোটর সাইকেলের মজুত চকরিয়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা মোটরসাইকেল চোরচক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। চোরের দল বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল এখানে মজুত করে এরপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করে নির্ধারিত স্থানে। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত ৩১ মে চকরিয়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের প্রধান মো. কামরুজ্জামানকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে ওই দিন রাতেই তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া কামরুজ্জামান সাতক্ষীরা জেলার ব্যাংদহা ইউনিয়নের গাভা এলাকার শাহাজাহান সরদারের ছেলে। তিনি দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে চকরিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদ উল্যাহ বলেন, তাঁর কাছ থেকে তিনটি মোটরসাইকেলই উদ্ধার করা হয়েছে। আরেকটি মোটরসাইকেলের জন্য একতা বাজার এলাকায় অভিযান চালানো হলেও সেটা পাওয়া যায়নি।
পুলিশের কর্মকর্তারা জানান, চকরিয়া থেকে যে পরিমাণ চুরি হচ্ছে তার দ্বিগুণ মোটরসাইকেল কুরিয়ার সার্ভিসযোগে সাতক্ষীরাসহ উত্তরাঞ্চলে পাচার করে থাকে কামরুজ্জামান। বিভিন্ন স্থান থেকে এসব মোটরসাইকেল এখানে এনে পাচার করা হয় বলে ধারণা করা হচ্ছে।
১ জুন থানা হাজতে কামরুজ্জামান জানান, তিনি ১০-১২ বছর ধরে চকরিয়ায় লবণের ব্যবসা করে আসছেন। সাতক্ষীরায় মোটরসাইকেল সস্তায় পাওয়া যায় বলে দুই বছর ধরে মোটরসাইকেলের ব্যবসা করছেন। তবে তাঁর কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেল চোরাই নয় এবং চকরিয়া থেকে কোনো মোটরসাইকেল পাচার করেননি বলে দাবি করেন।
চকরিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও এসএ পরিবহনে খোঁজ নিয়ে জানা গেছে, গত মে মাসে ৬৭টি মোটরসাইকেল চকরিয়া থেকে সাতক্ষীরা জেলা সদরে গেছে।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদ উল্যাহ বলেন, কীভাবে চকরিয়া থেকে মোটরসাইকেল উত্তরাঞ্চলে যাচ্ছে এবং কীভাবে সাতক্ষীরাসহ উত্তরাঞ্চল থেকে চকরিয়ায় মোটরসাইকেল আসছে সে বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। মোটরসাইকেল চোর চক্র চকরিয়াকে নিরাপদ আস্তানায় পরিণত করেছে। তবে শিগগরই আস্তানা গুটিয়ে দিয়ে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে। এর আগে গত ১৪ মে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পল্লি চিকিৎসক মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলসহ চোরচক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করে চকরিয়ার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার আবদুর রহমান (৩০), মোহাম্মদ ইউনুছ (২২) ও পেকুয়া উপজেলার বাইম্যাখালী এলাকার মোহাম্মদ আজিজ (২০)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দুই দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাঁরা পুলিশকে জানিয়েছেন, তাঁদের চক্রের একজন করে সদস্য চট্টগ্রাম মহানগর, দোহাজারী, মহেশখালী, কক্সবাজার সদরে এবং চকরিয়ায় অন্তত ১০ জন রয়েছে।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষচন্দ্র ধর বলেন, চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃতরা ইতিমধ্যে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাঁরা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাঁদের দলে আরও ২০ থেকে ২৫ জন রয়েছেন। চট্টগ্রাম মহানগরের কোনো একটি জায়গায় এই দলের চোরাই মোটরসাইকেল মজুত রয়েছে। তবে চোরেরা সঠিকভাবে ঠিকানা বলতে পারেনি। খোঁজ নেওয়া হচ্ছে, শিগগরই সেখানে অভিযান চালানো হবে।