চোরাই সয়াবিন তেলসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ হাজার লিটার সয়াবিন তেলভর্তি একটি কাভার্ড ভ্যান গত ১ জুন পতেঙ্গার বে শিপিং অয়েল মিল থেকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছিল। কিন্তু রওনা দেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানচালকের যোগসাজশে সেগুলো নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। পরে নারায়ণগঞ্জের বরফা এলাকায় বোতলজাত এসব তেল বিক্রি করে দেওয়া হয়। পুষ্টি ব্র্যান্ডের এসব তেলের বর্তমান বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা। গতকাল শনিবার ও তাঁর আগের দিন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেলসহ চোরচক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবদুল হালিম (৩৭), কাভার্ড ভ্যান চালক মো. নেছার ওরফে নাসির (৩৮), মো. রহিম উদ্দিন (৩০) ও আহাম্মদ নূর (২৮)। চোরাই এসব তেল তাঁরা নয় লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন বলে হালিম জানান। একই ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা বর্তমানে জেলহাজতে রয়েছেন। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরি এখনো কমেনি। বিভিন্ন আমদানি ও রপ্তানিজাত পণ্যের পাশাপাশি চুরি হচ্ছে তেল, চাল, ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও। কাভার্ড ভ্যানচালক ও সহকারীর যোগসাজশে শক্তিশালী কয়েকটি চক্র এই চুরির সঙ্গে জড়িত। এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্বদানকারী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ বলেন, ‘কয়েকটি চক্র মহাসড়কে পণ্য চুরির সঙ্গে জড়িত। তারা বেশ শক্তিশালী। বেশির ভাগ ক্ষেত্রে চালক ও সহকারীর সঙ্গে হাত করে পণ্য চুরি করা হয়। এক মাসের বেশি সময় ধরে আমরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে সয়াবিন তেলগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি।’ রমজান মাস সামনে রেখে তারা এসব তেল চুরি করে বলে তিনি জানান।জানা গেছে, চুরি যাওয়ার পর ওই সয়াবিন তেলের পরিবহনের দায়িত্বে নিয়োজিত হক পরিবহনের মালিক মো. ওবায়দুল্লাহ একটি মামলা করেন। পরে এই ঘটনায় সপ্তাহ খানেক আগে ইউসুফ, লেদু ও মজিব নামে তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। তাঁরা তেলগুলো বিক্রি করেছিল আবদুল হালিমকে দিয়ে। পরে আবদুল হালিমসহ বাকি চারজনকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জের বরফা এলাকার একটি প্রতিষ্ঠান থেকে চোরাই পুষ্টি ব্র্যান্ডের তেলগুলো উদ্ধার করা হয়। তবে এর মধ্যে এক হাজার ৬০০ লিটার তেল পাওয়া যায়নি।