চোরাচালান গাজা স্টাইল
আলো-আঁধারের মধ্যে এবড়োখেবড়ো সুড়ঙ্গ থেকে কিছু একটা টেনে বের করছে এক বুলডোজার। সুড়ঙ্গটি প্রায় সাড়ে ছয় ফুট উঁচু। চওড়ায় ফুট দশেক। কাঠের ঠেকনা দেওয়া তাতে। হঠাত্ করেই মাথার ওপর থেকে মাটির ছোট-বড় চাঙড় ভেঙে পড়তে শুরু করল। কয়েকজন শ্রমিক হইচই করে উঠলেন ব্যতিব্যস্ত হয়ে। চেঁচিয়ে উত্সাহ দিতে থাকলেন তাঁরা বুলডোজারের চালককে। আস্তে আস্তে সুড়ঙ্গের মাথায় আবির্ভূত হলো ঝকঝকে নতুন একটা গাড়ি। বুলডোজারটি টেনে আনছিল এই বস্তুটিকেই! বের হতে হতে বনেটের ওপর ধপাস করে ভেঙে পড়ল মাটির কয়েকটা বড় চাপড়া। এটি গাজা-মিসর সীমান্তের একটি দৃশ্য। এভাবেই মিসর থেকে গাজায় সুড়ঙ্গপথে মালামাল পাচার হয়। ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনি-অধ্যুষিত এলাকায় গাড়ি আমদানি বন্ধ। কিন্তু বাজারের চাহিদা থাকলে তা ঠেকিয়ে রাখা যায় কত দিন? কাজেই লুকিয়ে-চুরিয়ে চলছে গাড়ি পাচার। আগে ছোট ছোট সুড়ঙ্গ খুঁড়ে গাড়ির বিভিন্ন অংশ ভেঙে আনা হতো। এখন সাহস আর অভিজ্ঞতা বাড়ায় বড় সুড়ঙ্গ খুঁড়ে পুরো গাড়িই নিয়ে আসছেন এপারের ব্যবসায়ীরা। ভূমধ্য সাগর উপকূলের একচিলতে ভূমি গাজা। এলাকাটির তিন দিকই বেষ্টন করে আছে ইসরায়েল। দক্ষিণ, পূর্ব ও উত্তরে গাজার সঙ্গে দেশটির রয়েছে প্রায় ৫১ কিলোমিটার সীমান্ত। এই সীমানা দুর্লঙ্ঘ প্রাচীরে ঘেরা।আহমেদ বাহালুল গাজার এক বড় ব্যবসায়ী। সুড়ঙ্গপথে আসা একটি নতুন হাইউন্দাই গাড়ি কিনেছেন তিনি। গাড়িটার পাশে দাঁড়িয়ে বাহালুল বললেন, ‘এ ছাড়া কী আর করতে পারতাম আমি?’ গাড়িটার মালিক হতে তাঁকে ৩৮ হাজার ডলার গুনতে হয়েছে। এর মধ্যে ১০ হাজার ডলারই গেছে সুড়ঙ্গ পথের পাচারকারীদের পকেটে। টাকা গেছে যাক। বাহালুলের সান্ত্বনা, তাঁর বহুদিনের স্বপ্ন শেষমেশ পূরণ হয়েছে। তিনি বলেন, ‘কত দিনের স্বপ্ন ছিল একটা নতুন গাড়ি কিনব! ইসরায়েলি অবরোধের কারণে তা সম্ভব ছিল না। এই চোরাই পথই শেষ উপায়।’ মারওয়ান কিশাওয়ি পেশায় গাড়ি ব্যবসায়ী। তিনি জানান, তিন বছর ধরে গাজায় অর্থনৈতিক অবরোধ কড়াকড়ি করেছে ইসরায়েল। অবরোধ থাকলে মাঝেমধ্যে গাজায় কেবল মানবিক ত্রাণসামগ্রী প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। কিশাওয়ি পরিবার গাজা শহরে ৪০ বছরেরও বেশি সময় ধরে মার্সিডিস গাড়ি বিক্রি করে আসছে। কিশাওয়ি জানান, আগে তিনি প্রতিবছর ইসরায়েল থেকে শতাধিক নতুন গাড়ি আনতেন। এ ছাড়া এক লাখ ডলারের বেশি দামের যন্ত্রাংশ আমদানি করতেন। অবরোধের কারণে সীমান্তে গুদাম ভাড়া করে গাড়িগুলো রাখতে হাজার হাজার ডলার খরচ হচ্ছে তাঁর। এত দামি গাড়ি সুড়ঙ্গপথে ঝুঁকি নিয়ে পাচারে মোটেই রাজি না তিনি। তা ছাড়া মার্সিডিস সরবরাহকারী বিষয়টি জানতে পারলে খেপে যাবেন। হতাশ কণ্ঠে কিশাওয়ি বলেন, গত তিন বছরে একটাও নতুন গাড়ি বিক্রি হয়নি তাঁর।গাজার স্থানীয় লোকেরা জানিয়েছেন, সেখানে নতুন গাড়ি খুবই কম। কারণ গত তিন বছরে সব মিলিয়ে বড়জোর ২০০ নতুন গাড়ি সুড়ঙ্গপথে আনা হয়েছে। গাজার পথে চোখে পড়ে শুধু ২০ থেকে ৩০ বছরের পুরোনো গাড়ি। কালো ধোঁয়া ছড়াতে ছড়াতে কর্কশ শব্দে চলে এসব যান। শহরের অদূরে গাড়ি রং করার একটি দোকানে কাজ করেন মোহাম্মদ নামে এক যুবক। তাঁর ব্যবসা খুব রমরমা। কারণ বহু বছরের পুরোনো একই গাড়ি বারবার রং করাতে অনেকেই আসেন মোহাম্মদের কাছে। ৩০ বছরের পুরোনো গাড়ি রং করিয়ে নতুনের স্বাদ মেটাতে চান মালিকেরা।সূত্র: বিবিসি