
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে কাজ করতে আগ্রহী এ দেশের অনেক তরুণ। তাঁরা কীভাবে পেতে পারেন সেই সুযোগ, তা জানতে বাংলালিংকের মানবসম্পদ বিভাগের প্রধান রিভিয়ারা হো রাথোরের মুখোমুখি হয়েছে চাকরিবাকরি।
চাকরিবাকরি: বাংলালিংকের চাকরিতে তরুণদের অগ্রাধিকার কেমন?
রিভিয়ারা হো রাথোর: বাংলালিংক সব সময় তরুণ প্রতিভাবানদের উৎসাহিত করে। এই বিশ্বাস থেকেই আমরা বিভিন্ন বিভাগে সব সময় চৌকস ও প্রতিশ্রুতিশীল সুযোগ দিই। শূন্যপদে চাকরি দিতে হবে—কেবল এ জন্য আমরা তরুণদের নিই না, বরং তাঁদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ আরও সুন্দর করতে পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। যাতে তাঁরা নিজেদের কাজের বিষয়গুলোতে আরও পারদর্শী হয়ে উঠতে পারেন।
চাকরিবাকরি: এ বছর নতুন কত নিয়োগ হয়েছে? বা বছরে কত নিয়োগ হয়?
রিভিয়ারা হো রাথোর: বাংলালিংক গত বছর ৩২ জন ফ্রেশ গ্র্যাজুয়েটকে নিয়োগ দিয়েছে, যা বাংলালিংকের এক বছরে মোট নিয়োগের ২০ শতাংশ। গত বছর আমরা ৯০ জনকে অ্যাডভান্স ইন্টার্নশিপ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছি। আমাদের এই কর্মসূচি তরুণদের করপোরেট কালচার সম্পর্কে ধারণা দিতে দারুণ সহায়তা করে। তাঁদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে তাঁরা ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিক দায়িত্ব পালন করতে পারেন।
চাকরিবাকরি: বাংলালিংকে নতুনদের (এন্ট্রি লেভেল) কোন কোন সেক্টরে কাজের সুযোগ আছে? কোন কোন পদে নতুন বা নতুনদের নেওয়া হয়? এ জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে?
রিভিয়ারা হো রাথোর: বাংলালিংকে সব বিভাগে তরুণদের কাজ করার সুযোগ রয়েছে। সেলস, সেলস সাপোর্ট, গ্রাহকসেবা কার্যক্রম, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, ফিন্যান্স অপারেশন, টেকনিক্যাল অপারেশন, সাপ্লাই চেন ও রেগুলেটরি অ্যাফেয়ার্স—এসব বিভাগে নতুনদের কাজের সুযোগ রয়েছে। নতুন নিয়োগের ক্ষেত্রে আমরা মূলত স্নাতকদের নিয়োগ দিই।
চাকরিবাকরি: কেউ যদি পরিকল্পনা করে যে লেখাপড়া শেষে তিনি বাংলালিংকের মতো প্রতিষ্ঠানে কাজ করবেন, তাহলে তাঁকে কোন বিষয়ে পড়তে হবে? পড়ালেখার পাশাপাশি কী ধরনের প্রশিক্ষণ নিলে চাকরি পাওয়া সহজ হবে?
রিভিয়ারা হো রাথোর: বাংলালিংক বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেলিযোগাযোগ, কম্পিউটার বিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ফর টেকনোলজি প্রভৃতিতে বিএসসি ডিগ্রি থেকে পড়াশোনা শেষ করা নতুনদের নিয়োগ দেয়। এ ছাড়া বাণিজ্যিক বিভাগগুলোর জন্য ব্যবসায় প্রশাসন (বিবিএ), মার্কেটিং বা ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রিকে প্রাধান্য দেয়। মূলত এসব ডিগ্রিই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
চাকরিবাকরি: পড়াশোনা ছাড়া কোন ধরনের বিশেষ দক্ষতা বাংলালিংকে চাকরি পেতে তরুণদের সহায়তা করতে পারে?
রিভিয়ারা হো রাথোর: বাংলালিংক সব সময় সৃজনশীল তরুণ প্রতিভাকে স্বাগত জানায়। সে জন্য আমরা সেই সব তরুণকেই নিয়োগ দিই, যাঁরা বিভিন্ন ধরনের কাজে আগ্রহী ও পারদর্শী। যেমন, আমরা এর আগে এমন একজনকে নিয়োগ দিয়েছিলাম, যিনি তাঁর বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ক্লাবের টিম লিডার ছিলেন। যিনি বর্তমানে বাংলালিংকের ক্রীড়াবিষয়ক কার্যক্রমগুলো পরিচালনা করেন। আমাদের প্রতিষ্ঠানে এমন অনেক তরুণকে নিয়োগ দিয়েছি, যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। এমন কয়েকজন বর্তমানে বাংলালিংকের প্রকাশনা বিভাগে কাজ করছেন। অনেক তরুণকে নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা মানবিক কাজের স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা করপোরেট সেক্টরে সামাজিক দায়বদ্ধতা বিভাগে কাজ করার সুযোগ পেয়েছেন। আমরা বিশ্বাস করি, পড়াশোনার পাশাপাশি অন্যান্য কার্যক্রম মানুষের নেতৃত্বের গুণাবলি, ইচ্ছাশক্তি, বিনয়, শেখার আগ্রহ ও নতুন চিন্তাভাবনা অর্জনে ও করতে সহায়ক হয়। আমরা এই তরুণদের আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত করার সংস্কৃতি গড়ে তুলেছি।
চাকরিবাকরি: তরুণদের কী কী প্রশিক্ষণ দেন? আগে থেকেই তাঁরা কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে?
রিভিয়ারা হো রাথোর: সদ্য স্নাতক একজন তরুণের করপোরেট কালচার সম্পর্কে ধারণা থাকে না বলে আমরা চেষ্টা করি প্রশিক্ষণের মাধ্যমে সফট স্কিল উন্নত করতে। আমরা ওই তরুণদেরই উৎসাহিত করি, যাঁরা দ্রুত বিভিন্ন বিষয় শিখে নিতে পারেন, ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং নিজেদের সম্পর্কে সচেতন। এই বিষয়গুলো যদি আগে থেকেই খেয়াল করা হয়, তাহলে তরুণেরা ভালো করতে পারেন।
চাকরিবাকরি: চাকরিপ্রার্থী বাংলালিংকে নিয়োগের বিষয়ে কীভাবে জানবেন?
রিভিয়ারা হো রাথোর: আমাদের একটি ক্যারিয়ার পেজ আছে (www.banglalink.com.bd/en/join-banglalink); যেখানে আমাদের সব নিয়োগের খবর বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ছাড়া বাংলালিংক-সংক্রান্ত নানা খবর ও প্রতিভা অন্বেষণের খবর এখান থেকে জানা যাবে। আমাদের ফেসবুকেও ফ্যান পেজ আছে বাংলালিংক ক্যারিয়ার নামে। পাশাপাশি লিংকডইনেও বাংলালিংকের নিয়োগসংক্রান্ত খবর পাওয়া যাবে। ব্যক্তিগত পরিচিতির মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিই। এ ছাড়া বিভিন্ন জব সাইটেও আমাদের চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়।
সাক্ষাৎকার নিয়েছেন মোছাব্বের হোসেন