চৌডালা থেকে বিশ্ববিদ্যালয়ে
ঈদের পর ঢাকা ফিরছিলাম। বাসে চেপে চৌডালা হয়ে গোমস্তাপুর যাচ্ছি। পথের দুধারে সুবিস্তৃত আমের বাগান। ফাঁকে ফাঁকে কাঁঠাল-কলা, লিচু-বরইয়ের বাগান। ইঞ্জিন ছুটছে গোঁ গোঁ শব্দে। তবু সেই শব্দকে পাশ কাটিয়ে পাখিদের কিচিরমিচির কানে এসে লাগছে। বাসের ভাঙা জানালায় আলতো হেলান দিয়ে হারিয়ে যাই আনন্দের অসীমে। এমন সময় বাসচালক আচমকা ব্রেক কষল। রাস্তায় জনজট। বাঁয়ে চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ। কলেজের পুকুরপাড়ে একটা মঞ্চ। মাইক থেকে এক তরুণের কণ্ঠ ভেসে এল, ‘আমরা তরুণেরাই পারি আমাদের ইউনিয়নের উন্নতি করতে। শুধু আমাদের মন লাগবে।’ এই তরুণদের গল্প শুনব বলে বাস থেকে নেমে গেলাম। ‘উচ্চমাধ্যমিক পাস করে শিক্ষার্থীরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগে। ভর্তিসংক্রান্ত তথ্য, কী কী ও কীভাবে পড়লে ভর্তি পরীক্ষায় ভালো করা যায়, পরীক্ষা দিতে শহরে গিয়ে কোথায় থাকা যায় ইত্যাদি নিয়ে সংশয় তৈরি হয়। মেধা থাকা সত্ত্বেও শেষে কোনো উত্তর না পেয়ে অনেকেই ভর্তি হয় গ্রামের বা থানা সদরের কলেজে। উচ্চশিক্ষা গ্রহণে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।’ বলছিলেন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চৌডালার (ইউস্যাক) সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিঠুন কুমার হালদার।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি ইউনিয়ন চৌডালা। উপজেলা সদর থেকে ২৫ মিনিটের হাঁটাপথ। কিন্তু দুই বছর আগেও চৌডালার শিক্ষার্থীরা খুব বেশি দরকার না হলে উপজেলা সদরে যেত না। কারণ, মাঝ দিয়ে বয়ে গেছে পদ্মার উপশাখা মহানন্দা। এখন অবশ্য সেতুর সুবিধায় দূরত্ব একেবারেই ঘুচে গেছে। ‘কিন্তু কলেজ পাস করে উচ্চশিক্ষার বিষয়ে সংশয়ের সাগরেই যেন হাবুডুবু খায় আমাদের চৌডালার শিক্ষার্থীরা’, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে ভর্তির সুযোগ পাওয়া সা-আদ উল্লাহ ইউস্যাক সম্পর্কে বললেন, বুয়েট-মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের দূরত্ব ঘোচাতে ইউস্যাক একটা স্বপ্নসেতু।শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়েই নয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়েও কাজ করে ইউস্যাক। রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী রুজেল জানালেন, ‘আমাদের হাতখরচ বাঁচিয়ে এবং টাকা তুলে গরিব মেধাবীদের এককালীন বৃত্তি ও বই কিনে দিয়ে থাকি।’ ‘শুধু তা-ই নয়’, যোগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাহিরুন নেসা, ‘প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট নিয়ে থাকি। ভালোদের পুরস্কার দিয়ে উৎসাহিত করি।’রাজশাহী কলেজের গণিত বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম আলী জানালেন, ‘চৌডালা ইউনিয়নের আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সবাই মিলে ইউনিয়নের তরুণদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে কাজ করছি। এ ছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বাল্যবিবাহ রোধ ইত্যাদি নিয়েও কাজও করি।’ নিজেদের লেখাপড়ার পাশাপাশি তরুণদের উদ্বুদ্ধ করার প্রেরণা ইউস্যাকের সদস্যরা পান কোথা থেকে? রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম জানালেন, ‘আগ্রহটা একেবারেই হূদয় থেকে আসা। একেকজন তরুণ মানেই সমাজ বদলানোর কারিগর। স্বেচ্ছাসেবক মানসিকতা আছে বলেই আমরা ইউস্যাক করছি।’