চৌফলদণ্ডী-খুরুশকুল সেতুর নির্মাণকাজ বন্ধ ৩ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম উপকূলীয় আঞ্চলিক মহাসড়কের চৌফলদণ্ডী-খুরুশকুল সংযোগ সেতুর নির্মাণকাজ দীর্ঘ তিন বছর বন্ধ রয়েছে। মহাসড়কটি চালু না হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় পাঁচ উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ২০০৭ সালের ৩০ জুনের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল।সূত্র জানায়, প্রায় নয় বছর আগে ১৫৬ কিলোমিটারের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দূরত্ব কমানো এবং এ মহাসড়কের যানজট নিরসনকল্পে চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়া-চকরিয়া ও সদর (কক্সবাজার) উপজেলার উপকূল হয়ে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের এ প্রকল্পটি নির্মিত হলে কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব ৫৭ কিলোমিটার কমে যাবে এবং সময় বাঁচবে প্রায় দেড় ঘণ্টা। ৫৪ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয় ১২৪ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২০০১ সালের জানুয়ারিতে আনোয়ারা, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলা পর্যন্ত ৩০ কিলোমিটারের মহাসড়ক এবং সড়কের মধ্যে ছোটবড় ১৪টি সেতু নির্মাণের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৪ সালের এপ্রিলে এ কাজ শেষ হলে দ্বিতীয় প্রকল্পের আওতায় কক্সবাজারের পেকুয়া থেকে চকরিয়া ও সদর উপজেলার চৌফলদণ্ডী হয়ে কক্সবাজার শহর পর্যন্ত আরও ২৪ কিলোমিটার মহাসড়ক নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ৩০ কোটি টাকা। এর মধ্যে চৌফলদণ্ডী-খুরুশকুল সংযোগ সেতু নির্মাণের জন্য অতিরিক্ত বরাদ্দ ছিল ১৩ কোটি ৭৬ লাখ টাকা। ২০০৪ সালে ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার এন্টারপ্রাইজ সেতুর নির্মাণকাজ শুরু করে। ২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় তিন বছরে ঠিকাদার নদীর ওপর সেতুর ছয়টি স্তম্ভ (পিলার) তোলেন। এরপর প্রতিষ্ঠানটি রড সিমেন্টের দাম বাড়ার অজুহাতে নির্মাণকাজ বন্ধ রাখে। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা কাজ শেষ করার তাগিদ দিয়ে ঠিকারদারকে একাধিক চিঠি দেন। কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। সমপ্রতি সেতু পরিদর্শন করে দেখা গেছে, শতশত নারী-পুরুষ-শিশু ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় করে চৌফলদণ্ডী নদীর এপার-ওপার হচ্ছেন। নদীর মাঝখানে সেতুর ছয়টি স্তম্ভ দাঁড়িয়ে আছে। স্তম্ভ থেকে বেরিয়ে থাকা লোহা নোনা পানিতে মরিচা ধরে নষ্ট হচ্ছে। সেতুর নির্মাণকাজ তদারকি কিংবা রক্ষণাবেক্ষণে কাউকে দেখা যায়নি। চৌফলদণ্ডীর বাসিন্দা ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আয়াছুর রহমান জানান, গুরুত্বপূর্ণ এ সেতুর কারণে খুরুশকুল, চৌফলদণ্ডী, ঈদগাঁও, ভারুয়াখালী, ইসলামপুর, ইসলামাবাদ ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। এলাকায় উৎপাদিত কোটি কোটি টাকার লবণ, মাছ, চিংড়ি ঠিকমতো সরবরাহ দিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা। সেতুটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় আঞ্চলিক মহাসড়কটিও চালু করা যাচ্ছে না। যদিও সড়কটির ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুচ্ছবি জানান, সেতুর অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। বাকি কাজ কখন শুরু হবে তা-ও জানা যাচ্ছে না। অযত্ন-অবেহলায় পড়ে থেকে সেতুটি নষ্ট হচ্ছে। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা জলে যাবার উপক্রম হয়েছে। সিকদার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. হিরো জানান, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৬ সালে) রডের দাম বেড়ে গেলে ওই সময় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত দামে রড কিনে সেতুর কাজ চালিয়েছি। এতে চার কোটি টাকা বাড়তি খরচ হয়। কিন্তু নানা চেষ্টা করেও ওই টাকা আদায় করা যায়নি। ফলে কাজ বন্ধ রাখতে হয়েছে। টাকা পেলে কাজ শুরু করা হবে।’ সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম জানান, সেতুর অসমাপ্ত কাজ শুরু করার জন্য সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ চেয়ে সমপ্রতি উচ্চমহলে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে আড়াই কোটি টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে। বাকি এক কোটি টাকায় সেতুর নির্মাণকাজ আগামী ৩০ জুনের মধ্যে শুরু হবে। ২০১১ সালে সেতুর নির্মাণকাজ শেষ করা হবে।’