ওশান প্যারাডাইজ চেয়ারম্যান কাপ বিচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরাকান দল। ফাইনালে ইনানী ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ১১ জুন বিকেলে কক্সবাজার সৈকতের ওশান পয়েন্টে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট শুরু হয় ৩ জুন।
ফাইনাল খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে নয় নম্বর জার্সিধারী রমজানের দেওয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হোটেলের ফুডস অ্যান্ড বেভারেজ বিভাগ নিয়ে গড়া আরাকান ফুটবল দল। সেলস অ্যান্ড মার্কেটিং ও একাউন্টিং বিভাগ নিয়ে গড়া ইনানী ফুটবল দল খেলায় সমতা আনার প্রাণন্তকর চেষ্টা চালায়। কিন্তু শেষ পর্যন্ত জয় পায়নি।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন ওশান প্যারাডাইজের চেয়ারম্যান এম এন করিম। তিনি বলেন, কক্সবাজারে বিশ্বমানের পর্যটনসেবা নিশ্চিত করতে ওশান প্যারাডাইজের যাত্রা। এখানে কর্মরত ব্যক্তিরা ভ্রমণে আসা পর্যটকদের সেবা দিয়ে থাকেন। যাঁরা পরের জন্য কাজ করে তাঁদেরও বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই কর্মীদর মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এই আয়োজন।
আরও বক্তব্য দেন কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম আর মাহবুব, হোটেলের পরিচালক আবদুল কাদের মুন্সি, মহাব্যবস্থাপক মো. হায়াত খান প্রমুখ।