চ্যাম্পিয়ন ইউল্যাব

৫ ফেব্রুয়ারি ইউল্যাব ফেয়ার প্লে কাপের ফাইনাল ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) সাত উইকেটে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ৩৪ রানে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে পরাজিত করে। মোট ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম। তিনি ইউল্যাবের দলনায়ক আসিফ পাঠানের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ রিচার্ড মেকান্স। এ ছাড়া অনুষ্ঠানে ইউল্যাবের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুরিদের বিশ্লেষণে ইউল্যাবের হাসানুজ্জামান ২০৩ রান করে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। ইউল্যাবের চিন্ময় রায় বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। আইইউবির রুশদি একটি সেঞ্চুরিসহ টুর্নামেন্টে ১৭৯ রান করে বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন। ইউল্যাবের তানভির আহমেদ টুর্নামেন্টে নয় উইকেট নিয়ে বেস্ট বোলার নির্বাচিত হন।
এই টুর্নামেন্ট জয়ের মাধ্যমে ইউল্যাব রেড বুল ক্যাম্পাস ক্রিকেটে অংশগ্রহণ করতে ইংল্যান্ড যাচ্ছে। ২০১৪ সালের জুলাই মাসে ৮ জাতির অংশগ্রহণে ‘রেড বুল ক্যাম্পাস ক্রিকেট’ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কেনিংটনের কিয়া ওভাল গ্রাউন্ডে।
ফেয়ার প্লে কাপের বিভিন্ন খেলার স্কোর জানতে ভিজিট করা যেতে পারে এই ওয়েবসাইটে http://cricket.ulab.edu.bd