তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাত্র ৩ রানে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে হারিয়ে মেরিডিয়ান বিজয় দিবস ক্রিকেট লিগের ১৯তম আসরের শিরোপা ঘরে তুলেছে উচ্চাশা ক্লাব। ২৬ মার্চ শনিবার সকালে নাসিরাবাদ সরকারি বিদ্যালয় মাঠে টুয়েন্টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উচ্চাশা ক্লাব। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রান করে উচ্চাশা ক্লাব। দলের পক্ষে রাব্বি ও ইব্রাহিম সর্বোচ্চ ২৩ রান করে সংগ্রহ করেন। এ ছাড়া নাদের ১৮, রিফাত ১৫, মনির ১৭ এবং সাদমান ১৩ রান করেন। রাইজিং স্টারের লাবিবুল ১৮ রানে ৪টি এবং হেদায়েত ১৮ রানে ৩ উইকেট লাভ করেন। ১৪৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৪২ রানে গুটিয়ে যায় রাইজিং স্টারের ইনিংস। রাইজিং স্টারের হাসান ৪১ এবং আদনান অপরাজিত ২২ রান করেন।এ ছাড়া জাহেদুল ১৪, মিশন ১৯ এবং ফয়সাল ১২ রান সংগ্রহ করেন। উচ্চাশার জুয়েল, ইব্রাহিম ও ইয়াসিন ২টি করে উইকেট নেন। ফাইনালের ‘ম্যান অব দি ম্যাচ’ হন উচ্চাশার ইব্রাহিম। ফাইনালসহ প্রতিটি ম্যাচের ‘ম্যান অব দি ম্যাচ’ পুরস্কার দেয় আম্বিয়া গ্রুপ। ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হন রাইজিং স্টারের লাবিবুল ইসলাম। ২০১ রান সংগ্রহ করে সেরা ব্যাটসম্যান হন একই ক্লাবের আরাফাতুল হক। টুর্নামেন্টের ফাইনালের ট্রফি স্পন্সর করে বসুধা বিল্ডার্স লিমিটেড। চ্যাম্পিয়ন দলকে নগদ চার হাজার এবং রানার আপ দলকে নগদ তিন হাজার টাকা দেওয়া হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা উচিত। এ ব্যাপারে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে লড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, মেরিডিয়ান গ্রুপের জ্যেষ্ঠ ব্র্যান্ড কর্মকর্তা মেহেদী ইকবাল পাটোয়ারী, টুর্নামেন্ট কমিটির সম্পাদক ফারুক টিটু, যুগ্ম সম্পাদক রিয়াদ পারভেজ প্রমুখ।