চ্যাম্পিয়ন খাগড়াছড়ি জেলা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে অনুষ্ঠিত কেএফসি আন্তজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টে রাঙামাটি জেলা মহিলা দলকে (০-১) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি জেলা মহিলা দল। ৫ ও ৬ অক্টোবর শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসন ও চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনের এই টুর্নামেন্টে ফেনী, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা মহিলা দল অংশ নেয়।

টুর্নামেন্টের শেষ দিন সকাল থেকে প্রবল বর্ষণ। এর পরও থেমে থাকেনি খেলা। সকাল সাতটায় খেলতে নামে স্বাগতিক কক্সবাজার ও ফেনী জেলা মহিলা দল। খেলায় ২-১ গোলে হেরে ফেনী দল বিদায় নেয়। এবার মাঠে নামে খাগড়াছড়ি ও রাঙামাটি মহিলা দল। খেলায় জয় পায় রাঙামাটি। কিন্তু দুদিনের খেলায় পয়েন্ট যোগ করে ফাইনালে যায় রাঙামাটি আর খাগড়াছড়িই। শেষে ফাইনাল খেলায় শেষ হাসি হাসে খাগড়াছড়ি দল। খেলার প্রথমার্ধের ২১ মিনিটে একমাত্র গোলটি করেন খাগড়াছড়ির থুইম্রা মারমা।

বিকেল পাঁচটায় খাগড়াছড়ি মহিলা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

রানার্সআপ দল রাঙামাটিকে ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্সবাজার জেলা মহিলা দলের পারুল আকতার। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির।

এ সময় উপস্থিত ছিলেন কেএফসির আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, কক্সবাজারের ব্যবস্থাপক মো. নাছির আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বেগম আশরাফুন্নেছা, কামরুন্নাহার আজিজ, সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায়, কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি লায়লা আফরোজ, সাধারণ সম্পাদক গোপা সেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া প্রমুখ।