চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কে-তর্কে পার হয়ে গেছে তিন দিন। এবার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘সামিট পাওয়ার-৭ম সূর্যসেন স্মারক আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা’র শেষ দিন ছিল ২৪ ফেব্রুয়ারি। সংসদীয় ধারার এই বিতর্কের চূড়ান্ত প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীন হল এবং বিরোধী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। বিষয় ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব’। দ্বিগুণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৫০ সাল। যখন বাংলাদেশের অর্থনৈতিক সুস্থিতি আসবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।স্বাধীন বাংলাদেশের ৪২ বছরের ইতিহাস টেনে সে সময়কার অর্থনৈতিক, সামাজিক অবস্থার পটপরিবর্তনের কথা তুলে ধরে দুই দল। শেষে বিরোধী দল প্রমাণ করতে সক্ষম হলো যে ২০৫০ সালে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ বিতর্কে বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাভেল রহমান, এহসানুর রহমান ও মুনিয়া ইসলাম মজুমদার।২৫টি বিশ্ববিদ্যালয়ের ৪০টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন দলের তিন সদস্য এখন বেশ উৎফুল্ল। আর তা ধরা দিল এহসানুর রহমানের কণ্ঠে, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এটাই আমার প্রথম বিতর্ক প্রতিযোগিতা। একেবারে দশে দশ হাকিয়ে দিলাম!’ শুধু এহসান নয়, পাভেল রহমানও এই প্রথমবারের মতো লড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংসদের হয়ে। বেশ স্বস্তি তাঁর কণ্ঠে। ‘বিজয়ী হওয়ার তৃপ্তিই আলাদা।’ আর দলের জেষ্ঠ্য সদস্য মুনিয়া ইসলাম মজুমদারের অনুভূতি, ‘আমার ভালো লাগা হলো, সাফল্যের ঝুলিতে আরও একটি পালক যুক্ত হলো।’পাভেল রহমান, এহসানুর রহমানের সঙ্গে কথা বলে আরও জানা বিতর্কের আঙিনায় নতুন নন তাঁরা। স্কুল ও কলেজ পর্যায়ে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বিতর্কে। পাভেল রহমান যুক্ত ছিলেন ফরিদপুর ডিবেট ফোরামে। স্কুলপর্যায়ে বিতর্ক করেছেন ফরিদপুর জিলা স্কুল হয়ে আর কলেজে—ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের হয়ে। সেই সময়ে কথাগুলো বলতে বলতে খুঁজে ফিরছিলেন স্মৃতি, ‘নাওয়া-খাওয়া ঘুম ফেলে, সারা দিন বিতর্ক নিয়ে পড়ে থাকতাম। এখনো খুঁজে ফিরি সেই সময়।’‘বিতর্ক বলতে পাগল ছিলাম স্কুল ও কলেজ জীবনে। কেউ এসে বললেই হলো অমুক জায়গায় প্রতিযোগিতা আছে, খোঁজখবর নিয়ে সঙ্গে সঙ্গে হাজির।’ শুধু পাভেল নয় এহসানের কথা শুনেও বোঝা যায় কতটা বিতর্কপ্রেমী তাঁরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংসদ এই নতুন দুই তার্কিক দলের পুরোনো সদস্য মুনিয়া ইসলাম মজুমদারকে সঙ্গে নিয়ে আটঘাট বেঁধেই নেমেছেন বিতর্কের মাঠে। প্রত্যাশা আরও বড় সাফল্য। আর সেটা নিকটতম সময়েই ধরা দেবে বলে তাঁদের বিশ্বাস।