‘এই কদিন জীবনের শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি এবং অসাধারণ ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছি।’ বলছিলেন ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের সভাপতি সিলভিয়া সানজানা।৮-২০ মার্চ পর্যন্ত ১২ দিনব্যাপী অনুষ্ঠিত হয় স্যান্ডেলিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব আয়োজিত সপ্তম শিশু, ১৭তম আন্তস্কুল, সপ্তম আন্তকলেজ ও ১৫তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১২।‘যুক্তির আলোয় পরাভূত হোক অস্থিতিশীল রাজনীতি, স্বার্থ ভুলে সাম্য আসুক কেন্দ্রীভূত অর্থনীতির’ বিষয় সামনে রেখে এ প্রতিযোগিতায় ১২৫টি দলের প্রায় ৪০০ বিতার্কিক চারটি গ্রুপে অংশ নেয়। এতে কলেজ গ্রুপে চ্যাম্পিয়ন নটর ডেম কলেজ ও রানার্সআপ ভিকারুননিসা নূন কলেজ; ক্লাব গ্রুপে চ্যাম্পিয়ন গ্রুপ অব ডিবেটরস (জিওডি) ও রানার্সআপ স্টুডেন্ট ডিবেটিং ফোরাম (এসডিএফ)।কলেজ গ্রুপে চ্যাম্পিয়ন নটর ডেম কলেজের (সিলভার) ইথার আদির রহমান বলল, ‘এটি আমাদের কলেজজীবনে নটর ডেমের হয়ে শেষ বিতর্ক, তাই চ্যাম্পিয়ন হয়ে কলেজের বিতর্ক জীবন শেষ করার ইচ্ছা ছিল। আর এ স্বপ্ন আমার পূরণ হয়েছে।’এই গ্রুপের আরেক বিতার্কিক সিফাত আহমেদ খানও একই সুরে সুর মেলাল, ‘কলেজজীবনের পরিসমাপ্তি চ্যাম্পিয়ন হয়ে করতে পেরে আনন্দিত এবং একজন নটর ডেমিয়ান হিসেবে নিজের কলেজের মর্যাদা রাখতে পেরে আমি গর্বিত। কলেজজীবনের শুরুতেই নতুন ধরনের বিতর্ক ধারা, দলীয় সমঝোতা, ব্যক্তিগত দক্ষতা ও অন্যান্য বিষয়ের কারণে আমাদের দলটি নিয়ে আমি খুব শঙ্কিত ছিলাম। কিন্তু আমার দল একের পর এক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।দলীয় বিতর্কে সাফল্যের জন্য আমি আমার দলের কাছে কৃতজ্ঞ।’শুভজিৎ মজুমদার বলল, ‘কলেজজীবনে বিতর্ক শুরু হয়েছিল মার্চে এবং ২০১১ সালের ২০ মার্চ প্রথম পুরস্কার পেয়েছিলাম। আজ ২০১২ সালের ২০ মার্চ কলেজজীবনের বিতর্ক শেষ করলাম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে। সেই একই দিন, একই অনুভূতি। মধুর সমাপ্তি সব সময়ই আনন্দ দেয়। সকল ভালো লাগা, মধুর স্মৃতি সঙ্গে করে সামনে নিরন্তর পথচলা।’কথা হচ্ছিল কলেজ গ্রুপে রানার্সআপ ভিকারুননিসা নূন কলেজের তিন শিক্ষার্থীর সঙ্গে। তাদনীম তাবাস্সুম আদিবা বলল, ‘কলেজ ফাইনালে বিতর্কের বিষয় ছিল অর্থনীতিনির্ভর। বিতর্ক করতে গিয়ে বিশ্ব অর্থনীতি নিয়ে জানতে পেরেছি, যা ভবিষ্যতে কিছু করার পাথেয় হয়ে থাকবে। আর কলেজের জন্য রানার্সআপ পুরস্কার পাওয়াটা আনন্দের হয়ে থাকবে।’‘জীবনে প্রথমবার বিতর্কযাত্রা শুরু হয় ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবেরই স্কুল বিতর্কে চ্যাম্পিয়ন হয়ে, আর এবার কলেজ পর্যায়ে হলাম রানার্সআপ। যদিও চ্যাম্পিয়ন না হওয়ার কষ্টটুকু অস্বীকার করব না। তবু আসল সার্থকতা আমি মনে করি ছোটবেলা থেকে বিতর্কের সঙ্গে সম্পৃক্ততাকেই।’ বিতর্কের মাধ্যমে ভবিষ্যতে অনেক বড় কিছু না হলেও অন্তত একজন যুক্তিবাদী ও সৎ মানুষ হতে পারবে বলে আশা মায়িশা মুনাওয়ারার।আরেক বিতার্কিক সাদিয়া আফরিন বলল, ‘এই ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে বিতর্ক করাটা আমাদের জন্য অনেক সম্মানের, একই সঙ্গে গর্বের। এ মঞ্চে বিতর্ক করাটা আমাদের স্বপ্নেরই একটি অংশ। বিতর্ক আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনেছে, একই সঙ্গে জ্ঞানকে করেছে আরও সমৃদ্ধ।’ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের মডারেটর শবনম সিলভিয়া খান বলেন, ‘বিতর্ক মুক্তবুদ্ধি বিকাশের অন্যতম মাধ্যম। পাঠ্যবইয়ের পাশাপাশি আমরা নাচ, গান, খেলাধুলা ও বিতর্ককে গুরুত্ব দিচ্ছি। বিতর্ক শিক্ষার্থীদের বিকাশ শাণিত করে। আমরা নিয়মিতভাবে জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন করে যেতে চাই।’