চ্যাম্পিয়ন নাদিয়া
>

‘দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ’। বিবিসি আয়োজিত রান্না-বিষয়ক প্রতিযোগিতার এই টিভি অনুষ্ঠান যুক্তরাজ্যে তুমুল জনপ্রিয়। ৭ অক্টোবর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান দেখেন প্রায় দেড় কোটি মানুষ। আর এই অনুষ্ঠানে তৈরি হয় ইতিহাস। ব্রিটিশ বেক অফ শিরোপা জেতেন নাদিয়া হোসেইন। এই প্রথম বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কোনো প্রতিযোগী। প্রতিযোগিতার ধারণপর্বে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন নাদিয়ার গল্প শোনাচ্ছেন উজ্জ্বল দাশ
‘আমি পারব না, এমন ভাবনা আর কখনোই নয়।’ দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ ২০১৫-এর শিরোপা হাতে নিয়ে এমন প্রত্যয় শোনা যায় নাদিয়ার কথায়। আত্মবিশ্বাসের জোরে বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেইন গড়েছেন নতুন ইতিহাস, দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ ২০১৫-এর চ্যাম্পিয়ন! তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি এ প্রতিযোগিতায় সেরা হলেন। বিলেতে বাংলাদেশিদের অর্জনে যোগ হলো গৌরবের নতুন পালক। লন্ডনের আইটিভি স্টুডিওতে বসে চূড়ান্ত পর্বের প্রাক্ধারণকৃত অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছিল এই প্রতিবেদকের।
চূড়ান্ত পর্বে ছিল টান টান উত্তেজনা আর নাদিয়ার শিরোপা জয়ের আনন্দ।

৭ অক্টোবর, বিবিসি ওয়ান!
যুক্তরাজ্যের রান্না-বিষয়ক সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা বিবিসির ‘দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ ২০১৫’-এর চূড়ান্ত পর্ব। বিবিসি ওয়ান চ্যানেলে বুধবার রাত আটটায় অনুষ্ঠানটি দেখার জন্য মুখিয়ে ছিলেন দেড় কোটি মানুষ। শেষ তিন প্রতিযোগীর মধ্যে শিরোপা ওঠে কার হাতে—তাই দেখার প্রতীক্ষা টিভি সেটের সামনে।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের টিকিট জুটেছিল একটা। শুরু হবে বেলা দুইটায়। উত্তেজনা আর উৎকণ্ঠায় ভর করে বেলা একটাতেই পৌঁছে যাই আইটিভির গেটে। নানা পদের কেক-পেস্ট্রি নিয়ে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। পরে দেখা গেল, মূল মঞ্চের সামনে পাতা টেবিলে কেকের পসরা সাজিয়ে বসেছেন তাঁরা। দর্শকসারিতে নাদিয়ার পরিবারের পাশে বসায় উৎকণ্ঠার মাত্রা যেন আরও বেড়ে গেল। লাইট আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি শুরু হয়ে গেছে। টিভির পর্দায় দেখানো হচ্ছে দ্য বেক অফ ২০১৫-এর চূড়ান্ত পর্বের প্রাক্ধারণকৃত অংশ। খোলা মাঠের মাঝখানে তাঁবুতে চলছে কেক-পেস্ট্রি তৈরির লড়াই। চূড়ান্ত পর্বে তিনটি চ্যালেঞ্জ দেওয়া হলো প্রতিযোগী—তমাল রায়, নাদিয়া হোসেইন আর ইয়ান কামিংকে। অনেকটা সমানে সমান তাঁরা উতরে গেলেন দুই পরীক্ষা। শেষ চ্যালেঞ্জ—চার ঘণ্টা সময়ের মধ্যে বানাতে হবে ঐতিহ্যবাহী ব্রিটিশ ক্লাসিক কেক! আবারও শুরু হলো তিনজনের দৌড়ঝাঁপ।

চূড়ান্ত পর্বে ক্লাসিক ব্রিটিশ কেক তৈরির জন্য নাদিয়া বেছে নেন ‘বিয়ের কেক’। কেকের স্ট্যান্ডগুলো সাজান শাড়ির পাড় দিয়ে। নীল আর লাল রঙের সেই শাড়ির সজ্জায় ফুটে ওঠে কেকটি। নাদিয়া বলেছেন, ‘আমি চেয়েছি ব্রিটিশ রীতিতে আমার স্বামী ও ছেলে-মেয়েদের পছন্দের উপকরণ দিয়ে একটা নান্দনিক কেক তৈরি করতে।
তিনজনই এগোচ্ছিলেন সমানতালে। কিন্তু শেষ চ্যালেঞ্জে ইয়ান ও তমাল কিছুটা ছন্দ হারিয়ে ফেলেন। কেকে চিনি দিতেই ভুলে গিয়েছিলেন ইয়ান আর তমালের টফি কেকের ভেতরটা ঠিক জুতসই হচ্ছিল না।
পর্দায় দেখছি, তাঁদের তাঁবুর পাশেই মাঠে জড়ো হয়েছেন স্বজনেরা। সবার চোখেই চাপা উত্তেজনার ছাপ।

একে একে তিনজনের কেক মুখে নিচ্ছেন বিচারক পল হলিউড ও ম্যারি ব্যারি। নাদিয়ার কেক মুখে দিয়ে পল ভ্রু কুঁচকে বললেন, ‘হলো না নাদিয়া!’ কালো মেঘে ছেয়ে যায় নাদিয়ার মুখ। দ্রুতই বোল পাল্টালেন পল। দম নিলেন। ‘ব্রিলিয়ান্ট নাদিয়া!’ চিৎকার করে উঠলেন।
পাশে নাদিয়ার ভগ্নিপতি আলী হায়দার হাত চেপে ধরে বলেন, দেখবেন, নাদিয়াই জিতবে।
মাঠে ডাক পড়ে তিন প্রতিযোগীর। ক্যামেরায় ভেসে উঠছে স্বজনদের মুখ। শুভকামনা জানাচ্ছেন প্রিয় মানুষকে। ঘোষণা আসছে ‘দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ ২০১৫ উইনার ইজ...।’
হ্যাঁ, ইতিহাসটাই পাল্টে দিলেন নাদিয়া। হাতে নিলেন চ্যাম্পিয়নের ট্রফি। ক্যামেরা ফিরে এল স্টুডিওতে। পুরস্কার হাতে দাঁড়িয়ে নাদিয়া! তুমুল চিৎকার আর হাততালির মধ্যে স্টুডিওতে বসা দর্শকেরা জেনে গেলেন ব্রিটিশ বেক অফের নতুন চ্যাম্পিয়ন নাদিয়া!
রেকর্ডিং শেষে কথা বলতে যাই নাদিয়ার সঙ্গে। ‘আমি ভাবিনি এতটা! বিশাল প্রাপ্তি। সবার ভালোবাসা আমাকে চ্যাম্পিয়ন করেছে। আমার পরিবারের পাশাপাশি হাজারো মানুষ আজকের এই প্রাপ্তির অংশীদার।’ চূড়ান্ত পর্বে বিয়ের কেক কেন? উত্তরটা হেসেই দিলেন নাদিয়া, ‘১০ বছর আগে সিলেটে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানে কেক ছিল না, আজ খামতিটা পুষিয়ে নিলাম।’

নিরাপত্তাকর্মী কথা বাড়াতে দিলেন না, কাছে পাই রানারআপ তমাল রায়কে। প্রতিক্রিয়া জানতে চাই। তমালের সোজাসাপ্টা উত্তর, ‘শি ডিজার্ভ ইট!’ হ্যাঁ, নাদিয়া এই মুকুট পরার যোগ্যই।
কানে এল সতর্কীকরণ বার্তা! মিলনায়তনে বসা কেউ যেন খবরটি বাইরে চাউর না করেন। রাত আটটা বাজতে যে আরও কয়েক ঘণ্টা বাকি! শ খানেক মানুষ আগে জানলেও সবাই কথা রেখেছেন।
শখের বশে কেক-পেস্ট্রি তৈরি করেন¦ এমন প্রতিযোগীদের নিয়ে এই আয়োজন। ব্রিটিশ বেক অফ প্রতিযোগিতার এটি ছিল ষষ্ঠ মৌসুম। ধারণ করা প্রতিযোগিতার প্রচার শুরু হয়েছিল গত আগস্টের প্রথম সপ্তাহে। চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন ব্রিটিশ বেকের দুই জনপ্রিয় মুখ পল হলিউড ও ম্যারি ব্যারি। দুজনই বলেছেন, নাদিয়া শুরু থেকেই আশার আলো দেখিয়েছেন। প্রতিটি পর্বে তাঁর একাগ্রতার ছাপ ছিল। এককথায় অনন্য নাদিয়া।

নাদিয়ার দিনবদল
চূড়ান্ত পর্বে যোগ দেওয়ার আগের দিন নিজ আবাসস্থল লিডস শহর থেকে বাবার বাড়ি লুটনে যান নাদিয়া। পথেই মুখোমুখি হয়েছিলেন এক অন্য রকম পরিস্থিতির। স্বামীকে গাড়িতে বসিয়ে নিজেই জুস কিনতে ঢোকেন একটা সুপারস্টোরে। জুস কিনে বের হতে যাবেন নাদিয়া, তাঁকে ঘিরে ধরলেন ভক্তরা। কেউ জড়িয়ে ধরছেন, কেউবা জানাচ্ছেন শুভকামনা। সবাই জোগাচ্ছেন ফাইনালে জেতার সাহস। অটোগ্রাফও দিলেন নাদিয়া। দেরি হচ্ছে দেখে ভিড় ঠেলে নাদিয়াকে গাড়িতে নিয়ে আসেন তাঁর স্বামী কম্পিউটার প্রকৌশলী আবদাল হোসেইন। তিনি বললেন, ‘ব্যাপারটা উপভোগ্য। নাদিয়া তো আর এখন আমাদের পরিবারে সীমাবদ্ধ নয়। বড় হয়েছে তার পরিবার!’ এত বড় প্রতিেযাগিতায় বিজয়ী হয়ে নাদিয়া কী পুরস্কার পেয়েছেন? মজার বিষয় হলো, ব্রিটিশ বেক অফের চ্যাম্পিয়নের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া ও একটি স্মারক। তবে এখানেই শেষ নয়। কেক–পেস্ট্রি নির্মাতা প্রতিষ্ঠানের দূত হওয়ার সুযোগ পান শিরোপাধারী। রান্নার বিভিন্ন আয়োজন ও বিজ্ঞাপনচিত্রে অংশ নেন। এসবে কড়িযোগও কম হয় না। আর লাভ করেন তারকাখ্যাতি। শিরোপা জেতার পরপরই ৮ অক্টোবর সকালে জনপ্রিয় এ প্রতিযোগিতা নিয়ে প্রকাশিত একটি বইয়ের প্রচারের জন্য চুক্তি করেন নাদিয়া।

মোহাম্মদপুর টু লুটন
লন্ডনের অদূরে লুটন শহরে জন্ম নেওয়া নাদিয়ার পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামে। বাবা জমির আলী বিলেতে আসেন ১৯৭০ সালে। জমির ও আসমা দম্পতির চার মেয়ে, দুই ছেলের মধ্যে নাদিয়া তৃতীয়। জমির আলী বাংলাদেশে গিয়েছিলেন কিছুদিন আগে। কোয়ার্টার ফাইনালে ওঠার পর নাদিয়া বাবাকে তাড়াতাড়ি ফিরতে বলেন বিলেতে।
স্বামী আবদাল হোসেইন আর ননদের উৎসাহে ব্রিটিশ বেক প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন নাদিয়া। শেষ ১২-তে আসার আগ পর্যন্ত পরিচিতজনের কাছেও খবরটি গোপন রেখেছিলেন তাঁরা। মুসা, দাউদ ও মরিয়ম—তিন সন্তানকে নিয়ে লিডস শহরে আবদাল-নাদিয়ার সংসার। কেমন করে সামলেছেন টান টান উত্তেজনার দিনগুলো? আবদাল বলেন, ‘প্রতিটি পর্বের আগে লুটনে বাচ্চাদের মামাবাড়িতে রেখে আসতাম। মেজো ছেলে দাউদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আমরা ঘাবড়ে গিয়েছিলাম, নাদিয়াও ভেঙে পড়েছিল। শেষতক, নাদিয়া তাঁর লক্ষ্যে পৌঁছাতে পেরেছে।’
এমন গৌরবের মূহূর্ত জীবনে আসবে—কোনো দিন ভাবেননি নাদিয়ার বাবা জমির আলী। বললেন, ‘নাদিয়া এখন আর শুধু আমাদেরই নয়। প্রতি বুধবার ওদের অনুষ্ঠানের আগে আমার পায়চারি বেড়ে যেত, এক জায়গায় বসতে পারতাম না। অবাক হই; ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও নাদিয়ার ভক্ত!’
মা আসমা বেগম ও নানি আনোয়ারা বেগমের কাছেই নাদিয়ার ব্রিটিশ রীতির কেক–পেস্ট্রির হাতেখড়ি। হাইস্কুলে পড়ার সময়ই রান্নার শিক্ষিকা জাঁ মার্শালের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী ব্রিটিশ ক্র্যাম্বল, পাই, পেস্ট্রি, কেক বানানোয় হাত পাকাতে শুরু করেছিলেন নাদিয়া।
ডাকছে বাংলাদেশ
বিলেতে বেড়ে ওঠা সিলেটের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের আবদাল হোসেইনের সঙ্গে নাদিয়ার বিয়ের অনুষ্ঠান হয়েছিল গ্রামের বাড়িতে। বিয়ের পর আর দেশে যাওয়া হয়নি তাঁদের। নাদিয়া বললেন, ‘আমার পূর্বপুরুষের ভিটে বাংলাদেশে, সেখানেই তো আমাদের শিকড়। আগামী বছর ছেলেমেয়েদের নিয়ে বাংলাদেশে যাব। নানি দেশে আছেন। ব্রিটিশ বেক জেতার পর তাঁকে জড়িয়ে না ধরা পর্যন্ত কি আর শান্তি পাব?’