
ব্যাংকার্স ক্লাব, চট্টগ্রাম আয়োজিত দুই দিনব্যাপী ব্যাংকার্স ক্রিকেট উৎসব ৩ ও ৪ মার্চ নগরের সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। খেলা হয় সিক্স এ সাইড পদ্ধতিতে। উৎসবে ক্লাবের আজীবন সদস্যদের নিয়ে আটটি দল গঠন করা হয়।
দলগুলো হল বিসিসি কোবরা, বিসিসি রেনিগেটস, বিসিসি হ্যারিকেনস, বিসিসি ভিক্টোরিয়ানস, বিসিসি ওয়ারিয়রস, বিসিসি থান্ডারকেটস, বিসিসি নাইট ও বিসিসি স্ট্রাইকার্স।
৩ মার্চ অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের খেলা। এর মধ্যে ক গ্রুপ থেকে বিসিসি কোবরা ও বিসিসি ভিক্টোরিয়ানস এবং খ গ্রুপ থেকে বিসিসি স্ট্রাইকার্স ও বিসিসি থান্ডারক্যাটস সেমিফাইনালে উঠে। ৪ মার্চ অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনালে মুখোমুখি হয় বিসিসি কোবরা ও বিসিসি স্ট্রাইকার্স। ফাইনাল খেলায় টসে জিতে বিসিসি স্ট্রাইকার্স নির্ধারিত ৫ ওভারে ৬৬ রান করে। জবাবে বিসিসি কোবরা ৩ উইকেট হারিয়ে ৫ ওভারে তুলে ৬১ রান। ফলে ৫ রানে জয় পায় বিসিসি স্ট্রাইকার্স। দলের মাহতাব উদ্দিন আহমদ তাঁর অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এ ছাড়া বিসিসি কোবরার অধিনায়ক কামাল হোসেন ১২৫ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও ইকবাল হোসেন ৫ উইকেট নিয়ে শ্রেষ্ঠ বোলার হন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোসাঙ্গীর, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক আবদুল কাইয়ুম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আঞ্চলিক প্রধান ওয়াহিদুর রহমান, ঢাকা ব্যাংক ইভিপি নূরুল আরশাদ চৌধুরী, সিটি ব্যাংকের ইিভপি কায়েস চৌধুরী প্রমুখ।
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা ব্যাংকের নিউমার্কেট শাখার ব্যবস্থাপক মো. তৌফিকুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন ব্যাংকার মো মহিউদ্দিন, শাহজাহান হায়দার, মো. মনসুর আলী চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি