চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ

গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। অন্য সময় হলে দেখা যেত চুলে স্পাইক, চোখে সানগ্লাস, জিনস, টি-শার্ট আরও কত কী। আজ একেবারে সাদামাটাভাবেই চলে এলাম। আজকের দিনের জন্য অবশ্য সাদামাটা পোশাকই ভালো। দোস্তরা এমন করে বলল যে জীবনেও এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। আর সেই চ্যালেঞ্জটাই লুফে নিলাম আমি। ঝট করে বলে দিলাম, পারলে কী দিবি? ওরা বলল, যা, পারলে রাতে চায়নিজ। তো চায়নিজ রেস্টুরেন্টে খাওয়ার লোভে হোক বা নিজের ইজ্জত বাঁচানোর তাগিদে হোক, এক কাপড়েই চলে এলাম এখানে। পাজিগুলাও পেছন পেছন এসেছে কী করি দেখতে। হাতে করে কিছু আনিনি দেখে নিজেকে কেমন বেমানান লাগছে। ওরা বলেছিল কিছু নিয়ে আসার কথা, কিন্তু পকেটের যে অবস্থা তাতে কিছু নিয়ে এলে আমাকেই না খেয়ে থাকতে হবে।অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। একটু পরই স্কুল ছুটি হবে। তখন ঝাঁকে ঝাঁকে মেয়েরা বের হবে। তারপর যে কী হবে, তা ভেবেই গা শিরশির করছে। যদি সবাই মিলে গণপিটুনি  দেয়। দূর, চায়নিজ আর মান-ইজ্জতের কাছে এক দিনের গণপিটুনি কোনো ব্যাপারই না। মারি তো গন্ডার, খাই তো চায়নিজ। যা-ই হোক, ভেতরে ভেতরে ঘামছি। দূর থেকে বদের দল আমাকে দেখে দাঁত কেলিয়ে হাসছে। না, হারলে চলবে না।ঢং ঢং ঢং। স্কুল ছুটির ঘণ্টাটা যেন আমার বুকের ভেতর বাজল। বুকে ড্রাম বাজছে। আমার চোখ গেটের দিকে। ওই তো, গেট দিয়ে মেয়েরা বের হচ্ছে। যা-ই হোক, হিসাব করে ‘পজিশন’ নিলাম। সুন্দর একটা মেয়ে হেঁটে আসছে আমার দিকে। মনে হয় ক্লাস নাইন অথবা টেনে পড়ে। এটাই সুযোগ! মোক্ষম মুহূর্ত এসে গেছে। কিন্তু হাতটা যেন আমার আর উঠতে চাইছে না। জোর করে এক হাত উঁচু করে ধরে ঢোঁক গিলে কোনোমতে বলেই ফেললাম...আফা, একটা টেকা দিবেন?
রাজশাহী মেডিকেল কলেজ