চ্যালেঞ্জিং পেশা মেডিকেল রিপ্রেজেনটেটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ কোম্পানিগুলো সারা বছরই মেডিকেল রিপ্রেজেনটেটিভ নিয়োগ দেয়। চাইলে আপনিও বেছে নিতে পারেন এই চ্যালেঞ্জিং পেশা। ছবি: মনিরুল আলম
ওষুধ কোম্পানিগুলো সারা বছরই মেডিকেল রিপ্রেজেনটেটিভ নিয়োগ দেয়। চাইলে আপনিও বেছে নিতে পারেন এই চ্যালেঞ্জিং পেশা। ছবি: মনিরুল আলম

দেশে ওষুধ কোম্পানিগুলোর প্রসার হচ্ছে দিন দিন। কোম্পানিগুলো নিয়মিত নতুন নতুন ওষুধ বাজারে নিয়ে আসছে। আর আগের ওষুধ তো আছেই। এসব ওষুধের পরিচিতি চিকিৎসকদের কাছে তুলে ধরার দায়িত্ব মেডিকেল রিপ্রেজেনটেটিভদের (এমআর)। সারা বছরেই এই পদে লোক নেয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এটি একটি চ্যালেঞ্জিং পেশা।
এরিস্টোফার্মার মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ওষুধ সম্পর্কে চিকিৎসকদের অবগত করার কাজে নিয়োজিত থাকেন এই পেশার মানুষগুলো। বিভিন্ন প্রতিষ্ঠান কী ওষুধ বানাচ্ছে, কেন এবং কীভাবে সেই ওষুধগুলো কাজ করবে, আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধের পার্থক্য কী প্রভৃতি তথ্য জানানোই তাঁদের কাজ।
মো. মনিরুল ইসলাম বলেন, এটি একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় নিয়োজিতরা জীবনের শেষ দিন পর্যন্ত পড়াশোনায় নিয়োজিত থাকেন। বিভিন্ন ওষুধ সম্পর্কে চিকিৎসকদের জানিয়ে যেমন সমাজের উপকার করছেন, পাশাপাশি সর্বক্ষণ বিজ্ঞানের সঙ্গে সংযোগ রেখে নিজেদেরও উন্নত করছেন তাঁরা।
মনিরুল আরও বলেন, ওষুধের বাজারটা অনেক বড়, তাই এই পেশায় জনবলের চাহিদাও অনেক বেশি। ওষুধের বাজারের আওতা বেড়ে যাওয়া, কোম্পানিগুলোর উৎপাদন বৃদ্ধি পাওয়া এবং শূন্য পদ সৃষ্টি হওয়াসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে প্রতিবছর অন্তত ১০ হাজার দক্ষ জনবলের প্রয়োজন হয় এই খাতে।
মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে ক্যারিয়ার শুরু করতে হলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, সে বিষয়ে জানালেন এসকেএফের মানবসম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাইস উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রার্থীর অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তরদের অগ্রাধিকার দেওয়া হয়। আগে স্নাতক পর্যন্ত বিজ্ঞান বিষয় থেকে পাস করা বাধ্যতামূলক থাকলেও বর্তমানে যেকোনো বিষয় থেকে স্নাতক পাসদের চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রেও এসএসসি পর্যন্ত বিজ্ঞান থাকা বাধ্যতামূলক হলেও কিছু কিছু প্রতিষ্ঠান যোগ্য প্রার্থী পেলে সেটাও ছাড় দেয়।
এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিষয় থাকাটা বাধ্যতামূলক থাকার কারণ হিসেবে রাইস উদ্দিন বলেন, প্রার্থীদের নিয়োগের পর ওষুধ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। বিজ্ঞান বিষয়ে যদি নিয়োগপ্রাপ্ত ব্যক্তির প্রাথমিক ধারণা থাকে, তাহলে মেডিকেল সায়েন্স ও রাসায়নিক বিভিন্ন উপাদান-সংক্রান্ত এসব প্রশিক্ষণ সহজেই তাঁরা গ্রহণ করতে পারেন।
প্রাথমিকভাবে একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ ১৫ থেকে ২০ হাজার টাকা মাসিক বেতন নিয়ে চাকরি শুরু করেন। মাঠপর্যায়ে কাজের জন্য এর সঙ্গে যোগ হয় বিভিন্ন ভাতা। সব মিলিয়ে মাসিক ২০ থেকে ২৫ হাজার টাকা বেতন হয় বলে জানালেন রাইস উদ্দিন। নির্দিষ্ট সময় পরপর কর্মীদের কাজের পারদর্শিতা বিবেচনা করে কাজের ওপর ভিত্তি করে প্রণোদনা দেওয়া হয়। এসব প্রণোদনার মধ্যে আর্থিক সুবিধা ছাড়াও থাকে বিদেশে প্রশিক্ষণ এবং বেড়ানোর সুযোগ। এ ছাড়া আছে দ্রুত পদোন্নতির সুযোগ। রিপ্রেজেনটেটিভ হিসেবে ক্যারিয়ার শুরু করে ধাপে ধাপে এরিয়া ম্যানেজার, সিনিয়র এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার থেকে হেড অব সেলস ম্যানেজার হওয়ার সুযোগ আছে। অনেকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়েও গেছেন এমন উদাহরণও আছে।
১৯৮০ সালে বেক্সিমকো ফার্মার অধীনে একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মজীবন শুরু করে এসিআই ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হয়েছেন এম মহিবুজ্ জামান। আরএকে ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে চাকরিজীবনের ইতি টানা মো. রফিকুল ইসলামও কর্মজীবন শুরু করেছিলেন একজন এমআর হিসেবে। বর্তমানে যাঁরা এই পেশায় আসতে চান, এই দুজন হতে পারেন তাঁদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ম্যানেজার ইউনুস আলী বলেন, প্রতিষ্ঠানভেদে নিয়োগ প্রক্রিয়াটাও ভিন্ন হয়। তবে প্রায় প্রতিটি প্রতিষ্ঠান একটি সাধারণ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে। সাধারণত দুই ধরনের লোক নিয়োগ হয়। বেশির ভাগ ক্ষেত্রে মাত্রই শিক্ষাজীবন শেষ করা নতুনদের নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনে অভিজ্ঞদেরও নিয়োগ দেওয়া হয়। সাধারণত অভিজ্ঞ লোক নেওয়ার ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় না। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মাধ্যমেই পরিচিতদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে সেখান থেকেই যোগ্য লোক নির্বাচন করা হয়।
নতুন নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় এবং অনলাইন জব পোর্টালগুলোতে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনের পর কাগজপত্র এবং প্রয়োজনীয় যোগ্যতা যাচাই-বাছাই করে কয়েকজনকে ডাকা হয় প্রাথমিক প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণে যাঁরা ভালো করেন তাঁদের একটি লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এসব পরীক্ষায় নির্বাচিতদেরই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
ইউনুস আলী বলেন, মাঠপর্যায়ের কাজ হলেও এ পেশায় নারীদের জন্য রয়েছে সমান সুযোগ। প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী পুরুষের পাশাপাশি নারীদেরও নিয়োগ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানভেদে নারীদের কাজের মধ্যেও কিছু পার্থক্য থাকে।
কোনো প্রতিষ্ঠান নারীদের দিয়ে ডাক্তার ও কেমিস্টদের ওষুধ পরিচিতির পাশাপাশি বিক্রয় টার্গেট পূরণের কাজে নিয়োজিত করলেও কিছু প্রতিষ্ঠান শুধু ওষুধের পরিচিতির মধ্যেই নারীদের কাজকে সীমাবদ্ধ রাখে।