কক্সবাজার শহরে চড়া দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। এতে গ্রাহকেরা হয়রানির শিকার হলেও দেখার যেন কেউ নেই। ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজারে গ্যাস সিলিন্ডারের যে চাহিদা, তার সিকি ভাগও বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তাই চট্টগ্রাম মহানগর থেকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার কিনে এনে লোকজনের চাহিদা পূরণ করতে হচ্ছে।
১৩ মার্চ শহরের কয়েকটি এলাকায় অনুসন্ধান করে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে ১ হাজার ১০০ টাকায়, যা ১৫ দিন আগে বিক্রি হয়েছে ৯৫০ টাকায়। শহরের বদরমোকাম, বাজারঘাটা, এন্ডারসন সড়ক, হাসপাতাল সড়ক ও গোল দিঘিরপাড় এলাকার প্রায় সব দোকানে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। এসব দোকানে টোটাল গ্যাস ১ হাজার ১২০ টাকায় ও সুপার সিলিন্ডারের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা। এদিকে জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালী, রামু উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কক্সবাজারের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে।
শহরের ঘোনাপাড়া ও বদরমোকাম এলাকার গ্যাস বিক্রেতা শহিদুল ইসলাম ও মো. কামরুল বলেন, বৃহস্পতি ও শুক্রবার শহরে পর্যটকের চাপ বেড়ে গেলে এলপি গ্যাস সিলিন্ডারেরও সংকট দেখা দেয়। কারণ, হোটেল–রেস্তোরাঁয় গ্যাসের ব্যবহার বেড়ে যায়। তখন গ্যাসের দামও কিছুটা বেড়ে যায়।
কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ বলেন, শহর ও সৈকত এলাকায় পাঁচ শতাধিক হোটেল–মোটেল, গেস্টহাউস, কটেজ ও রেস্তোরাঁয় দৈনিক এক হাজারের মতো গ্যাস সিলিন্ডার দরকার হয়। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি গ্যাস লাইন সম্প্রসারণ না হওয়ায় কক্সবাজারের লোকজনকে এলপি গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। অথচ কক্সবাজারের কুতুবদিয়া থেকে উৎপাদিত গ্যাস দিয়ে চট্টগ্রামসহ উত্তরের বিভিন্ন জেলায় চাহিদা পূরণ হচ্ছে।
কক্সবাজার জেলা এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি মো. সিরাজুল হক বলেন, কক্সবাজারে প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের চাহিদা থাকে ১৫ হাজার। কিন্তু চট্টগ্রাম থেকে বরাদ্দ পাওয়া যায় হাজারখানেক সিলিন্ডারের। এখন গ্যাস সিলিন্ডার সরবরাহ আরও কমিয়ে দেওয়া হয়েছে। তাই দাম বেড়ে গেছে।
মো. সিরাজুল হক বলেন, ডিলাররা কক্সবাজারের স্থানীয় চাহিদা পূরণ করতে চট্টগ্রাম থেকে ৬৭৮ টাকা দামের এলপি গ্যাস সিলিন্ডার ৯২০ টাকায় কিনে কক্সবাজারে আনছেন। এর সঙ্গে পরিবহন খরচ যোগ করে এই গ্যাস সিলিন্ডার পাইকারিতে বিক্রি করছেন ১ হাজার ৫০ টাকায়। খুচরা বিক্রেতারা এর চেয়েও বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।