চড়া দামের সুফল পাচ্ছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর রাঙামাটিতে লিচুর ফলন ভালো হয়েছে। দামও চড়া। তবে চড়া দামের সুফল পাচ্ছেন না চাষিরা। শহরের বনরূপার সমতাঘাটের পাইকারি হাটে বিক্রির জন্য লিচু নিয়ে এসেছেন এক চাষি। ছবিটি ১৫ মে তোলা l সুপ্রিয় চাকমা
এ বছর রাঙামাটিতে লিচুর ফলন ভালো হয়েছে। দামও চড়া। তবে চড়া দামের সুফল পাচ্ছেন না চাষিরা। শহরের বনরূপার সমতাঘাটের পাইকারি হাটে বিক্রির জন্য লিচু নিয়ে এসেছেন এক চাষি। ছবিটি ১৫ মে তোলা l সুপ্রিয় চাকমা

রাঙামাটিতে লিচুর এখন ভরা মৌসুম। ফলনও হয়েছে ভালো। এরপরও খুচরায় দাম চড়া। অথচ এই চড়া দামের সুফল পাচ্ছেন না চাষিরা। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিচ্ছেন বলে অভিযোগ চাষিদের।
চাষিরা জানান, রাঙামাটি শহরের বনরূপায় বুধ ও শনিবার সাপ্তাহিক হাট বসে। দুর্গম পাহাড়ি এলাকা থেকে হাটের দিন নদীপথে বিক্রির জন্য লিচু নিয়ে আসেন চাষিরা। বাড়ি দূরে হওয়ায় ভোরে এসে দুপুরে ফিরতে হয় তাঁদের। ফলে খুচরা বিক্রি করতে পারেন না। এই সুযোগটা নেন পাইকারি ব্যবসায়ীরা। চাষিরা বাধ্য হয়ে খুচরা বাজারের চেয়ে অর্ধেকের কম দামে বিক্রি করেন।
গত শনিবার সকালে রাঙামাটির বনরূপার সমতাঘাট গিয়ে দেখা যায়, চাষিরা দেশি জাতের লিচু নিয়ে এসেছেন। তবে ক্রেতা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু পাইকারি ব্যবসায়ী আসেন। চাষিরা আকারভেদে প্রতি শ লিচু ৭০ থেকে ১০০ টাকা হাঁকলেও এই দামে কেনেন না ব্যবসায়ীরা। পরে পাইকারেরা আকারভেদে প্রতি শ লিচু ৩৫ থেকে ৭০ টাকা দরে কেনেন। অথচ সমতাঘাট থেকে ৫০০ গজ দূরত্বের বনরূপা বাজারে এসব লিচু খুচরায় ১২০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
হাটে কথা হয় বরকল উপজেলার শুভলংয়ের চাষি নিহার বিন্দু চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ১৫ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে এসেছি। সকালে এসে দুপুরের মধ্যে লিচু বিক্রি করে বাড়ি ফিরতে হবে। পাইকারেরা আমাদের দুর্বলতার সুযোগে বাজারের অর্ধেকের কম দামে লিচু কেনেন। একজন চাষি ১০ থেকে ১৫ হাজার পর্যন্ত লিচু বাজারে নিয়ে আসেন।’ একই কথা বলেন নানিয়ারচর উপজেলার পথিহালির সমীরণ চাকমা ও হেরেট হাবা গ্রামের বিদ্যা সাধন চাকমাও।
পাইকারি ব্যবসায়ী মো. মাসুম ও মো দিদারুল আলম বলেন, ‘আমরা ঢাকা-চট্টগ্রামে নিয়ে বিক্রি করি। সেখানে হয়তো প্রতি শ লিচু আকারভেদে ২০০ থেকে ৩০০ টাকা বিক্রি করতে পারব। আমাদের বাজারের দামের চেয়ে অর্ধেক দরে কিনতে হয়। কারণ শ্রমিক, যাতায়াত ও পথে পথে চাঁদাবাজির খরচ রয়েছে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমণী কান্তি চাকমা বলেন, ‘এ বছর জেলায় ৪ হাজার ৩৪২ একর জমিতে লিচু চাষ হয়। ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর লিচুর আকার তেমন বড় হয়নি। প্রতি হেক্টরে ৬ দশমিক ৩৬ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করি চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন হবে। বাজার দেশি লিচুতে ভরপুর হলেও এখনো চায়না থ্রি ও ফোর লিচু আসেনি।’
রমণী কান্তি চাকমা আরও বলেন, এখানে প্রকৃত লিচুচাষিরা ন্যায্যমূল্য পান না। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাষিদের কাছ থেকে কৌশলে কম দামে কিনে নেন।