ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন ক্লাস সিক্স কি সেভেনে পড়ি। শীতের শেষের দিকে আমাদের গ্রামে চাষের জমিগুলো খালিই পড়ে থাকত। গ্রামের ছেলেরা সবাই মিলে তখন মাটি কেটে পিচ বানাত ক্রিকেট খেলার জন্য। বর্ষাকাল না আসা পর্যন্ত প্রতিদিনই সেই মাঠে ক্রিকেট চলত। আমরা ছোট, তাই সেই পিচে খেলার সুযোগ পেতাম না। হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের খেলা দেখতাম, নাহয় নিজেরা অন্য জায়গায় খেলতাম।
একদিন আইলের ওপর বসে আছি। বড় ভাইয়েরা খেলার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে জুয়েল ভাই আমার সামনে এসে বললেন, ‘জিয়াত! ক্রিকেট খেলবি?’ আমি লাফিয়ে উঠলাম। আসলে কয়েকজন না আসায় উনাদের খেলোয়াড়ের সংখ্যা বিজোড় ছিল। তাই দুটো টিম করতে পারার জন্য আমাকে নিয়ে গিয়েছিলেন। আমিও সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা।
সেই ম্যাচে আমাকে বল করার সুযোগ দেননি। উইকেটকিপার বানিয়েছিলেন। দুটো ক্যাচ আর একটা স্টাম্পিং করলাম। তবুও বড় ভাইয়েরা আমাকে ব্যাটিং দেননি। বিপক্ষ দল ৭৭ রানের টার্গেট দিয়েছিল ১০ ওভারে। কিন্তু দেখতে দেখতে আমাদের সব ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। আর উইকেট না থাকায় শেষমেশ আমাকে ব্যাট দিলেন। শেষ ওভার। জেতার জন্য তখন ৩ বলে ৪ রান দরকার। ব্যাটিংয়ে যাওয়ার সময় সবাই ভালোভাবে শিখিয়ে দিলেন আমি যেন বলে আস্তে করে টোকা লাগিয়ে দৌড় দিই আর রিফাত ভাইকে স্ট্রাইকে আনি। ভুলেও যেন ডট বল না দিই। আউট হলে সব শেষ! সবাইকে অবাক করে দিয়ে আমি একটু করে সামনে এগিয়ে বলটাকে সজোরে হাঁকিয়ে দিলাম। ব্যাটে-বলে ঠিকমতো লাগায় বলটা হাওয়ায় ভেসে বাউন্ডারি
পেরিয়ে গেল।
আমার সেই বিশাল ছক্কায় আমরা ম্যাচটা জিতে গেলাম। আমাকে নিয়ে বড় ভাইয়েরা সবাই লাফালাফি শুরু করলেন। ওই দিনের পর থেকে আমি বড়দের দলে নিয়মিত খেলোয়াড় হয়ে গিয়েছিলাম। এখন মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখি। কারণ, এখন আমি বয়সে বড়দের চেয়েও অনেক বড়।
আবুল হাসনাত
কোতোয়ালি, চট্টগ্রাম।