ছড়িয়ে যাক স্বপ্নমেঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ এপ্রিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দুই বছর পূর্তির অনুষ্ঠানে বন্ধুরা
২০ এপ্রিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দুই বছর পূর্তির অনুষ্ঠানে বন্ধুরা

কোনো বন্ধুসভার পক্ষ থেকে গানের সিডি বের করা এই প্রথম। সেই কাজটিই করেছে চট্টগ্রাম বন্ধুসভা। বেশ কয়েকজন বন্ধু মিলে এটা বের করেছে। নিজেরাই গান লিখেছে, নিজেরাই তাতে কণ্ঠ দিয়েছে। সারা দেশের বন্ধুদের কাছ থেকেই তারা অভিনন্দন পেতে পারে। স্বপ্নমেঘ নামে সিডির জন্য চট্টগ্রামসভার সব বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করছি, বন্ধুদের স্বপ্নমেঘ সারা দেশে ছড়িয়ে পড়বে। যে ধরনের অনুষ্ঠান আমাদের বন্ধুসভাগুলোতে কম হয়, সে রকমই দুটি অনুষ্ঠান করল রাজশাহী ও বরিশাল বন্ধুসভা। আবৃত্তির অনুষ্ঠান। শুধু আবৃত্তিই নয়, আবৃত্তির পাশাপাশি ছিল কবিদের কবিতা পাঠ। রাজশাহীতে শহরের কবিরা যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। রাজশাহী ও বরিশাল বন্ধুসভার বন্ধুদেরও অভিনন্দন।

আমরা চাই অন্যান্য বন্ধুসভাও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। গানের অনুষ্ঠান। নাচের অনুষ্ঠান। কত কী-ই হতে পারে।

রাজশাহীর এক বন্ধু আমাকে বললেন, এমনভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে যে একদিন যেন আমরা বলতে পারি, বন্ধুসভা অনেক শিল্পী তৈরি করেছে। রাজশাহীর বন্ধু দোলনের কথায় অনেকেই একমত হবেন। এটা খুবই সম্ভব। বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা যেন সেভাবেই কাজ করে।

ভৈরব বন্ধুসভা একটি বড় অনুষ্ঠানের আয়োজন করছে আগামী মাসে। আশপাশের বেশ কয়েকটি বন্ধুসভা যোগ দেবে সেই অনুষ্ঠানে। নিজেদের উদ্যোগেই তারা এটার আয়োজন করছে। নিশ্চয় সফল হবে তাদের এই উদ্যোগ। ভৈরব বন্ধুসভার বন্ধুদের সে জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখি।