ছদ্মবেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত নয়টা। কনকনে ঠান্ডার মধ্যে মিছকিন শাহ মাজারের সামনে দাঁড়িয়ে আছি। আমি একা। এক মুহূর্তের জন্য মনে হলো, আমার পাশে যদি এ মুহূর্তে আনান থাকত...। তীব্র শীতের রাতে রাস্তায় আমরা দুজন। আমি ওর হাতটা একটু ধরতাম। ধরে হেঁটে যেতাম নীরব রাস্তার ওপর দিয়ে। মৃদুস্বরে ও আমার সঙ্গে কথা বলত। এ রকম কল্পনা আমি প্রায়ই করি। করতে ভালো লাগে। মনে হয়, আনান যেন ২৪ ঘণ্টা আমার সঙ্গে আছে। আমি মনে মনে এ অবস্থায় ওর সঙ্গে কথাও বলি। অতি সামান্য। তবু মনে হয় কত মধুর! যেমন কী করছ? খেয়েছ? জানো, আজ আমার অফিসে কী হয়েছে? এই বলে আমি শুরু করি আমার সারা দিনের ঘটনা। আর ও আমার সব বর্ণনার মুগ্ধ শ্রোতা; কল্পনায় ও একটুও বিরক্ত হয় না। বাস্তবেও কোনো দিন হবে না আমি জানি। কারণ, ও আমাকে ভালোবাসে। আমার সবকিছুই ওর ভালো লাগে। আমার চেকশার্ট, আঁচড়ানো চুল, কালো ফ্রেমের চশমা, বেল্টের ঘড়ি—সবই ওর ভালো লাগে। ও ওর ভালোবাসার শক্তিতে আমাকে একান্ত আপন করে নিয়েছে। যখন মন হয়, একটা মিষ্টি পবিত্র মেয়ে আমাকে খুব ভালোবাসে, তখন খুব বাঁচতে ইচ্ছা করে। সব দুঃখ ভুলে ওর জন্য বাঁচতে ইচ্ছা করে। আচ্ছা, এ সময় ওকে একটা ফোন করলে কেমন হয়? তীব্র শীতের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেমন লাগবে? কল্পনা আর বাস্তবের আনান মিলেমিশে একাকার হয়ে যাবে। একরাশ তৃপ্তি নিয়ে ওকে ফোন করলাম। রিং বাজছে। ও ফোন ধরল। জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। আমি বললাম, হ্যালো, কী করছ?কিছু না, এমনি শুয়ে আছি।মন খারাপ?নাহ্ এমনিতেই শুয়ে আছি। জানো, আমি একটা জিনিস খেয়াল করেছি। বহু দিন ধরে ভাবছি তোমাকে বলব, কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। এখন নিশ্চিত হয়েছি।কী জিনিস?আমি দেখেছি, একটা লোক প্রতিদিন চাদরে আগাগোড়া মুড়ে আমাদের বাড়ির সামনে এসে আমার ঘরের দিকে তাকিয়ে থাকে। আমি যতক্ষণ লাইটের সুইচ অফ না করি, ততক্ষণ দাঁড়িয়ে থাকে। সুইচ অফ করার পরই চলে যায়। লোকটা নিজেকে খুব চালাক ভাবে। কিন্তু আমি ঠিকই ধরেছি।তোমার বুদ্ধির তারিফ করতে হয়। আমি বললাম, তবে আজ এলে তুমি একটা কাজ করবে। সারা রাত তোমার ঘরের বাতির সুইচ অন করে রাখবে। দেখো, আজ সে সারা রাত দাঁড়িয়ে থাকে কি না।হ্যাঁ, ঠিক বলেছ, উচিত শিক্ষা হবে।আচ্ছা, রাখি তাহলে। ভালো থেকো।আমি লাইন কেটে দিলাম। অফিসের ব্যাগ থেকে চাদরটা বের করি। তারপর হাঁটতে শুরু করি ওর বাড়ির উদ্দেশে। আজ শেষবারের মতো ছদ্মবেশী হয়ে ওর বাড়ির সামনে দাঁড়াব। ধরা পড়ে গেছি ওর বুদ্ধির কাছে। আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার চোখ দুটো ভিজে উঠেছে। কেন, জানি না; মনে হয়, এত ভালো একটা মেয়েকে শেষ রাতের ভালোবাসা থেকে আজীবন বঞ্চিত করার যন্ত্রণায়। আমি হাতের কোনায় চোখ মুছে নিলাম। কাঁদলে চলবে না। আমাকে আজ সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে ওর বাড়ির সামনে, ওকে শেষবারের মতো ছদ্মবেশী হয়ে ভালোবাসা জানানোর জন্য!নাম-ঠিকানা পাওয়া যায়নি