
গান ও কথামালার আয়োজনে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ উদ্যাপন করল রবীন্দ্র ও নজরুলজয়ন্তী। ৩ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজন করা হয় অনুষ্ঠান।
উদ্বোধন করেন নাট্যকর্মী আহমেদ ইকবাল হায়দার। তিনটি পর্বের আয়োজনের প্রথমে ছিল কথামালা ও সংবর্ধনা। এতে প্রধান অতিথি ছিলেন আর্য্য সংগীত চট্টগ্রামের উপাধ্যক্ষ নির্মলেন্দু চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন কবি রাশেদ রউফ। ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের পরিচালক নন্দ দুলাল গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সংগীতজ্ঞ ওস্তাদ মিহির কুমার নন্দীকে। এ সময় বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির প্রাণের সঙ্গে মিশে আছেন। তাঁরা আমাদের চলার প্রেরণা। আমরা যত বেশি রবীন্দ্র-নজরুল সম্পর্কে জানব, তত বেশি সমৃদ্ধ হব।’
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পরিয়ে দেওয়ার সময় সংগীত পরিবেশন করেন শিবিকা পাল।
দ্বিতীয় পর্ব শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মাধ্যমে। এরপর সমবেত কণ্ঠে নজরুল ইসলামের ‘গঙ্গা সিন্ধু নর্মদা’ গানটি পরিবেশন করেন ছন্দানন্দের শিল্পীরা। সমবেত সংগীত শেষে চলে একক সংগীতের পরিবেশনা। একে একে সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী নন্দী, কাঙ্খিতা ভৌমিক, কণা বড়ুয়া, লীরা গিলবার্ট, অদিতি বিশ্বাস, শিবিকা পাল, তূর্ণা আহমেদ, মারিয়া চৌধুরী ও দেবমিতা নন্দী। তাঁদের পরিবেশিত গানগুলোর মধ্যে ‘আমার পরান যাহা চায়’, ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘ওই আসনতলে মাটির পরে’, ‘তোমার মোহন রূপে’, ‘তুমি রবে নীরবে’ গানগুলো ভালো লেগেছে দর্শকদের। এরপর ‘দুঃসময়’, ‘লুকোচুরি’ ও ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন শ্রাবণী দাশ। আয়োজনের শেষ পর্বে ছিল আমন্ত্রিত শিল্পীর পরিবেশনা। এতে গান করেন শিল্পী শ্রাবণী দেববর্মন ও নন্দ দুলাল গোস্বামী।