ছন্দে আনন্দে উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরের খেলায়, প্রাণের ভেলায় বুয়েটের তিন শিক্ষার্থী। ছবি সুমন ইউসুফ
সুরের খেলায়, প্রাণের ভেলায় বুয়েটের তিন শিক্ষার্থী। ছবি সুমন ইউসুফ

দেশসেরা পাঁচ-পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন একই মঞ্চে আবির্ভূত হয়েছিল ‘প্রথম আলো-শেলটেক আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব-২০০৪’-এ। ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজির সংগীত বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলসিঁড়ি, চুয়েটের সাংস্কৃতিক ক্লাব জয়ধ্বনি ও বুয়েটের মূর্ছনা। টানা চতুর্থবারের মতো এ উৎসবের আয়োজক ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা’।
‘সুরের খেলায়, প্রাণের ভেলায়’—এই স্লোগান সামনে রেখে আবর্তিত হয় এবারের তিন দিনব্যাপী এই মহাযজ্ঞ। 
সুরের খেলায় সকলকে মাতাতেই অনুষ্ঠানের প্রথম দিনে মূর্ছনার শিল্পীদের পরিবেশনায় ছিল আমাদের অতিপরিচিত কিছু লোকসংগীত আর সঙ্গে স্বাগত-নৃত্য। তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে পুরোটাজুড়েই ছিল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজির সংগীত বিভাগের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনা। শ্রুতিমধুর কিছু গানের পসরা সাজিয়ে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন সংস্কৃতিভাবাপন্ন এই তরুণ শিল্পীরা। দলের সমন্বয়ক এই বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দীর মতে, এই ধরনের উৎসবে অংশ নিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উৎসবের প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি তাঁদের গোটা দলের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাতেও ভুললেন না।
‘যার মনে সুর নেই, সে হলো অসুর’—তাই মনের মধ্যে সুর রেখে পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি উপস্থিত সবাইকে আহ্বান জানান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন সাহিত্যিক আনিসুল হক ও বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে মূর্ছনার মডারেটর হিসেবে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসান।
উৎসবে দ্বিতীয় দিনে লোকসংগীতের অপূর্ব কিছু গান নিয়ে শুরুতেই মঞ্চে হাজির হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি। একের পর এক লোকগীতির সুরে সুর মেলাতে ব্যস্ত ছিল যেন গোটা মিলনায়তন। এরপরই মঞ্চ মাতাতে মনোমুগ্ধকর পরিবেশনা নিয়ে উপস্থিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি। উৎসবকে পরিপূর্ণ মাত্রা এনে দিতেই যেন তাদের বহুমাত্রিক সৃজনশীল উপস্থাপনার সমারোহ। দ্বিতীয় দিনের উৎসবের সমাপ্তি ঘটে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দল জয়ধ্বনির অংশগ্রহণের মাধ্যমে।

সাংস্কৃতিক উৎসবে ছিল গান, ছিল আবৃত্তিও
সাংস্কৃতিক উৎসবে ছিল গান, ছিল আবৃত্তিও

উৎসবের তৃতীয় দিনের সন্ধ্যা শুরু থেকে শেষ অবধি পুরোটাই রাঙিয়ে তোলে মূর্ছনার শিল্পীরা। কখনো বা এই শিল্পীদের আবৃত্তি ও সুরের মূর্ছনায় মোহিত হন দর্শকেরা, কখনো বা তাদের নৃত্যের তালে তাল মিলিয়ে অনুষ্ঠানের পালে লাগে উৎসবের হাওয়া। উৎসবমুখর বুয়েট ক্যাম্পাসকে তাই আরও একটু রাঙিয়ে তুলতে মূর্ছনার পরিবেশনা ছিল ঠিক যেন দক্ষ শিল্পীর তুলির শেষ আঁচড়ের মতো। মূর্ছনার পরিবেশনার মধ্যে দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঠিকই ঘটে কিন্তু রেশ রয়ে যায় উৎসবের, আনন্দের। যেই আনন্দ উৎসব সবাইকে অনুপ্রাণিত করে প্রতিবছর একইভাবে পুনরায় উৎসবে মিলিত হওয়ার।
সার্বিকভাবে এই উৎসবের দায়িত্ব পালন করে সমগ্র মূর্ছনা পরিবার। তাদের হয়ে মূর্ছনার সাধারণ সম্পাদক মাসিরুল আফরোজ জানান, বেশ কিছুদিন ধরেই মূর্ছনা যেকোনো দিবসে বা উৎসবে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আয়োজিত ছিল এবারের উৎসব। উৎসবে অংশ নেওয়া প্রতিটি দলকে তিনি অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অন্যদিকে, সভাপতি সামির রাফসান চৌধুরীর মতে, ‘র্যাগ ব্যাচ হিসেবে এটাই ছিল আমার শেষ উৎসব। পরবর্তী উৎসবগুলোয় হয়তো আমরা থাকব না, কিন্তু আশা রাখব সেই উৎসবগুলোর রঙ আরো বৃদ্ধি পাবে।’