বয়সী গাছে পাতা নেই একটিও। গাছের শরীরে ঝড়ের থাবার ক্ষত। একটি ডালে ঝুলছে শাড়ির আঁচল। গাছটি মনে করিয়ে দেয় এক কালরাতের মহাপ্রলয়ের কথা। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঝড় ও জলোচ্ছ্বাসের কথা। সেই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মঞ্চেও এই প্রলয় চিহ্ন। এরপর শোক আর বেদনা ছাপিয়ে একঝাঁক তরুণ-তরুণী আলো ছড়ালেন; কবিতার ছন্দে, আবৃত্তির আনন্দে মাতিয়ে রাখলেন দর্শকদের। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তির এমনই এক আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ত্রিস্বর আবৃত্তি সংঘ। ‘কবিতা প্রতিধ্বনিত হোক প্রতিটি হূদয়ে’ স্লোগানে সৃষ্টি আর সুন্দরের উচ্ছলতায় আবৃত্তি করল ত্রিস্বর। কবিতায় উচ্চারণ করল আনন্দের জয়োল্লাস, কবিতার কষ্ট, সমস্ত অধিকারের কথা আর অন্যায়ের প্রতিবাদ। মঞ্চে ও মিলনায়তনে বর্ণিল আলোকচ্ছটা আর সুরের মূর্ছনায় অনন্য হয়ে ওঠে পুরো আয়োজন। আবৃত্তির ফাঁকে আলোচনায় অংশ নেন কবি এজাজ ইউসুফী, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি আলোক মাহমুদ, ফজল হোসেন, একেএম আসাদুজ্জামান, নাট্যব্যক্তিত্ব সাইফুল আলম, নির্মাণ আবৃত্তি সংগঠনের সভাপতি শাওন পান্থ, আবৃত্তিকার প্রণব চৌধুরী ও সৌমেন রুদ্র। অনুষ্ঠানে একক আবৃত্তি করেন এম শামসুল করিম, সায়মা জেরিন, ফরহাদ পলাশ, ওমর ফারুক, শাহরিয়ার আরিফ, নূর নেছা নাহিদ, হামদে রাব্বি, হেলাল উদ্দিন চৌধুরী ও জেসমিন আকতার। দ্বৈত পরিবেশনায় দর্শকদের মন ভরিয়েছেন বেনজির হান্নান চৌধুরী ও ফারহানা সালেহা আকতার। কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ কবিতায দুই সুবেশী তরুণী এমনই নিমগ্ন ও স্বতঃস্ফূর্ত ছিলেন যে গোটা মিলনায়তনে নেমে আসে পিনপতন নিস্তব্ধতা, দর্শকদের যেন তন্দ্রা লেগেছিল কবিতার সুর সোহাগে। সে তন্দ্রা ভাঙল সাখাওয়াত রিগানের বিদায়ী শুভেচ্ছায়। শেষহলো অনুষ্ঠান; কিন্তু তখনো কানে বাজছিল কবিতার সেই পঙিক্ত ‘সাহসী ছেলেরা যুদ্ধে গেছে...।’