ছন্দে আনন্দে বর্ষাবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা
তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা

গান, কবিতা, নূপুরের রিনিঝিনি ছন্দ ও কথামালায় নগরে উদ্যাপিত হলো আষাঢ়ের প্রথম দিন। ১৫ জুন জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে সুর ও ছন্দের মিলনে ছিল বর্ষাবন্দনার আয়োজন।
ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। ঢাকের তালে শুরু হলো বর্ষাবন্দনা। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার। এরপর শুরু হয় বর্ষা আবাহনপর্ব।
কবি নির্মলেন্দু গুণ পাঠ করে শোনালেন তাঁর ‘বৃষ্টি’ কবিতাটি। তিনি তাঁর কথামালায় গ্রামাঞ্চলের বৃষ্টির দিনের স্মৃতিচারণা করে বলেন, ‘আমার কাছে বর্ষা দুই ধরনের। একটি শহুরে বর্ষা, আরেকটি গ্রামের। দুটি বর্ষাই যথেষ্ট উপভোগ্য হলেও আনন্দ দুই ধরনের।’ এরপর আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের পরিবেশনায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বর্ষামঙ্গল’ কবিতাটি। আবৃত্তি শেষে দলীয়সংগীতের পরিবেশনা। রক্তকরবী পরিবেশন করে ‘এসো সম সুন্দর’ ও ‘যায় দিন শ্রাবণও দিন যায়’ গান দুটি। এরপর ‘মোর ভাবনারে’ ও ‘প্রেমের জোয়ারে’ দলীয় গান পরিবেশন করেন অভ্যুদয় সংগীত অঙ্গনের সদস্যরা। দলীয় পরিবেশনার পর শিল্পী শ্রেয়সী রায় পরিবেশন করেন রবীন্দ্রনাথের বর্ষা পর্যায়ের তিনটি গান।
গান শেষে একক আবৃত্তি পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। তিনি একে একে আবৃত্তি করেন ১০টি বর্ষার কবিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘রাজদণ্ড’, ‘আমার রবীন্দ্রনাথ’, ‘পাগলী তোর সঙ্গে’, ‘তোমার চোখ এত লাল কেন’। এ ছাড়া আবৃত্তি করেন মিলি চৌধুরী, মো. মুজাহিদুল ইসলাম ও শ্রাবণী দাশগুপ্তা। ছিল তারুণ্যের উচ্ছ্বাসের সদস্যদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তিও। গান পরিবেশন করেন মিঠু তলাপাত্র, বৈশাখী নাথ ও আল তুষি। আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর কণ্ঠে বর্ষার কবিতার আবৃত্তির সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিলোত্তমা সেনগুপ্তা। এ ছাড়া ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন রিয়াংকা দাশ ও বিথী সেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাইদুর রহমান ও সেঁজুতি দে।