চেরাগি পাহাড় মোড়ের খোলা চত্বরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী চলছিল। প্রায় শ খানেক আলোকচিত্রে তুলে ধরা হয়েছে বাঙালির লড়াই, সংগ্রাম। একটা আলোকচিত্রে চোখ আটকে গেল অনেকেরই। দৈনিক বাংলাদেশ পত্রিকার একাত্তরের ১৭ ডিসেম্বর সংস্করণের ছবি ছিল সেটা। সেদিনের পত্রিকার মাস্টহেডে থাকা দৈনিক পাকিস্তান-এর পাকিস্তান শব্দটি কেটে পাশে লেখা হয়েছিল বাংলাদেশ। ছবিটা দেখে অভিভূত তরুণ বিজ্ঞাপন নির্মাতা প্রসেনজিৎ বড়ুয়া। বললেন, ‘এমন একটা ছবিই বাংলাদেশেরে জন্মকে তুলে ধরার জন্য যথেষ্ট।’বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদ এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। চেরাগির আড্ডায় আসা তরুণ-তরুণীরা বিজয় উদ্যাপন করলেন গান, ছবি ও কবিতার মধ্য দিয়ে। সন্ধ্যায় উদীচীর আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। অসীম দাশ নির্দেশিত ক্ষ্যাপা পাগলার প্যাচাল নাটকটি পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।কেবল চেরাগি পাহাড় নয়, বিজয়ের মহিমা তুলে ধরতে নগরের পাড়ায় পাড়ায় দেশাত্মবোধক গান চলেছে। মাইকে বেজেছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঐতিহাসিক ভাষণ। বিজয় দিবস উপলক্ষে শিল্পকলা ও ডিসি পাহাড় প্রাঙ্গণেও একাধিক অনুষ্ঠান হয়েছে। শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, প্র্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন, বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, উপমহাপুলিশ পরিদর্শক মো. নওশের আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহাবুদ্দীন, মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান ও সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস। এরপর শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নগরের ডিসি পাহাড়ে বিজয় দিবস উপলক্ষে আট দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলার আয়োজন করে ‘আমরা করব জয়’। ১৬ ডিসেম্বর এর সপ্তম দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেগম চেমন আরা তৈয়ব এমপি। বক্তব্য দেন ড. গাজী সালাউদ্দীন, কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত। আলোচনা সভা শেষে চট্টগ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন খালেদ ও অধ্যাপক মমতাজ বেগমকে সম্মাননা প্রদান করা হয়। বইমেলার মঞ্চে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ওমর কায়সার। সবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র গেরিলা প্রদর্শিত হয়।