ছবি এঁকে কোটিপতি ১২ বছরের উইলিয়ামস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুশিল্পী কাইরন উইলিয়ামসের আঁকা নরফোকের নিসর্গ চিত্র। ছবি: দ্য গার্ডিয়ান
শিশুশিল্পী কাইরন উইলিয়ামসের আঁকা নরফোকের নিসর্গ চিত্র। ছবি: দ্য গার্ডিয়ান

এক শিশুশিল্পীর চিত্র প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া ও জার্মানির ক্রেতারা। ওর চিত্রকর্ম কেনার আগ্রহ জানিয়ে ই-মেইল পাঠাচ্ছেন হাজারো মানুষ। ছবি আঁকার বিস্ময়কর প্রতিভার স্বীকৃতি তো সে পেয়েছেই, এর সঙ্গে ছবি বিক্রির টাকায় রাতারাতি কোটিপতি বনে গেছে স্কুলপড়ুয়া শিশুটি। ইংল্যান্ডের নরফোক শহরের বাসিন্দা ১২ বছরের এই শিশুশিল্পীর নাম কাইরন উইলিয়ামস। দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এই বিস্ময়-বালকের কথা জানিয়েছে।

একটা টি-শার্ট আর শর্টস পরা উইলিয়ামস বিকেল বেলা খেলার মাঠে চিত্কার করে ওঠে ‘গোওও...ল!’ বলে। ১২তম জন্মদিন থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে থাকা এই বালক ওর বয়সী আর দশটা সাধারণ ছেলের মতোই বাইরে খেলতে পছন্দ করে, সাইকেলে জোরে জোরে প্যাডেল মেরে সবাইকে ছাড়িয়ে যেতে চায়! কেবল রং-তুলি আর কাগজ হাতে তুলে নিলেই যেন পাল্টে যায় উইলিয়ামস!

বাড়িতে নিজের আঁকা ছবির সামনে কাইরন উইলিয়ামস। ছবি: দ্য গার্ডিয়ান
বাড়িতে নিজের আঁকা ছবির সামনে কাইরন উইলিয়ামস। ছবি: দ্য গার্ডিয়ান

উইলিয়ামসের জন্ম ইংল্যান্ডের নরফোক শহরে। পরিবারের সঙ্গে সেখানেই থাকে সে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নরফোকের উপকূলীয় এলাকায় ঘুরে বেড়াতে ভালো লাগে উইলিয়ামসের। প্রকৃতির আলো-ছায়ায় রঙের খেলাকে রং-তুলিতে ফুটিয়ে তোলায় ওর দক্ষতা যেন জন্মগত! একটা ব্যস্ত গ্যালারির প্রদর্শনী হলে দাঁড়িয়ে নিজের আঁকা ছবির বর্ণনা দেওয়ার সময় মাঠের ১২ বছরের দুরন্ত বালকটি যেন সম্পূর্ণ অন্য মানুষ। ‘এই গাছগুলো হেমন্তকালে অপরূপ কমলা রঙের হয়ে ওঠে...এই রাস্তাটা এখানে সারা বছরই যেন ভেজা ভেজা থাকে...আর এই কমলা ও বেগুনি আলোটা সত্যিই অদ্ভুত।’

বিখ্যাত চিত্রকর ক্লদ মনের নাম নিয়ে কয়েকটি সাময়িকী ইতিমধ্যেই উইলিয়ামসকে ‘খুদে মনে’ অভিধা দিয়েছে। উইলিয়ামসের সর্বশেষ চিত্র প্রদর্শনীর ৪০টি চিত্রকর্মের সবকটিই বিক্রি হয়ে গেছে। শুধু এই প্রদর্শনীর ছবি বিক্রি করেই উইলিয়ামস ৪ লাখ পাউন্ড বা বাংলাদেশি টাকায় পাঁচ কোটি টাকার বেশি আয় করেছে। উইলিয়ামসের ছবি কেনার জন্য ওর এজেন্টের কাছে ই-মেইলে ১০ হাজারেরও বেশি অনুরোধ এসেছে। এ ছাড়া সুদূর নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া আর জার্মানি থেকেও ক্রেতারা এসেছিলেন এবারের প্রদর্শনীতে।

মা-বাবা ও ছোট বোনের সঙ্গে শিশুশিল্পী কাইরন উইলিয়ামস। ছবি: দ্য গার্ডিয়ান
মা-বাবা ও ছোট বোনের সঙ্গে শিশুশিল্পী কাইরন উইলিয়ামস। ছবি: দ্য গার্ডিয়ান

নরফোকের ছোট্ট শহর হল্টের পিকচার ক্রাফট গ্যালারিতে প্রদর্শনীর সময় উচ্ছ্বসিত এক দর্শক উইলিয়ামসকে বলছিলেন, ‘তুমি সত্যিই জিনিয়াস!’ প্রত্যুত্তরে সে কেবল মৃদু হেসেই তার জবাব দেয়। ‘কী করতে ইচ্ছা করে?’ এমন এক প্রশ্নের জবাবে উইলিয়ামস সাংবাদিকদের জানায়, ইতালিতে ঘুরতে যেতে এবং একপাল গরু-বাছুর কিনতে চায় সে!

বিস্ময়কর এই শিশু প্রতিভা ওর পুরো পরিবারের জীবনযাত্রাই পাল্টে দিয়েছে। উইলিয়ামসের মা-বাবা এবং ছোট বোন, সবাই এখন ওর জন্যই কাজ করে, ওর ছবি আঁকায় সাহায্য করে। নরফোক আর কর্নওয়েলের প্রাকৃতিক দৃশ্যাবলি আর গ্রামীণ জীবনই বেশি আঁকে সে। পাঁচ বছর বয়সে পরিবারের সবার সঙ্গে বেড়ানোর সময় সেখানকার একটা গ্রামেই প্রথম সামনাসামনি বসে প্রকৃতির ছবি এঁকেছিল উইলিয়ামস।