ছবি এঁকে চীনে

পুঠিয়ার শিবমন্দিরের ছবি এঁকেছিলেন মুস্তাহিদা রেহমান। মাথার ওপরে ছড়ানো সাদা মেঘ। নিচের দিঘির জলে তার প্রতিবিম্ব। ছবিটি স্থান পায় ‘বিউটিফুল বাংলাদেশ-বিউটিফুল চায়না’ শীর্ষক আর্ট কমপিটিশনে। মাস দুয়েক আগে এর আয়োজন করেছিল বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার। ঢাকার জাতীয় জাদুঘরে। আয়োজকেরা এখান থেকে আট তরুণ শিল্পীর ছবি বাছাই করেন। তার মধ্যে একটি হচ্ছে মুস্তাহিদার ‘শিবমন্দির’। এর সুবাদে মুস্তাহিদা ১৫ দিনের চীন সফরের সুযোগ পান। বিজয়ী আটজনের মধ্যে আরও ছয়জন এই সুযোগ পান।
সফরসঙ্গী অন্য শিল্পীরা হলেন সুমন সরকার, আনিসুল হক, বকুল মিঞা, সজল চন্দ্রনাথ, শাপলা সিংহ, মো. ইব্রাহিম। নির্বাচিত হয়েও ব্যক্তিগত কারণে এই সফরে যাওয়ার সুযোগ পাননি শিল্পী রেজাউল করিম।
১১ আগস্ট দেশে ফিরলে কথা হয় মুস্তাহিদা ও দলের অন্য সদস্যের সঙ্গে। মুস্তাহিদার ডাক নাম কিরণ। বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে এবার মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দিয়েছেন। মুস্তাহিদা বলেন, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই আর্ট কমপিটিশন দুই ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে বাংলাদেশের মনোনীত শিল্পীরা চীন সফরের সুযোগ পান। দ্বিতীয় পর্বে চীনের শিল্পীরা বাংলাদেশ সফর করবেন এবং দুই দেশের শিল্পীদের যৌথ প্রদর্শনীর আয়োজন করা হবে। ইতিমধ্যে প্রথম পর্বটি শেষ হয়েছে। দুই মাস পরে দ্বিতীয় পর্বটি হওয়ার কথা রয়েছে।
গত ২৭ জুলাই তাঁরা চীন পৌঁছান। তাঁদের দলনেতা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান আব্দুল মতিন তালুকদার। গন্তব্যস্থল ছিল মাও সে তুংয়ের জন্মস্থান হুনান প্রদেশে। হুনানের রাজধানী ছাংশাতে ইয়ং আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহসভাপতি তাঁদের স্বাগত জানান। এরপর শুরু হয় সেখানকার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণ। পুরোটা সময়ে চীনা শিল্পী বন্ধুরা তাঁদের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার ইতিহাস সম্পর্কে অবহিত করেছেন। এ সময় বিভিন্ন আর্ট গ্যালারি পরিদর্শন ও বিখ্যাত শিল্পীদের আমন্ত্রণে তাঁদের আর্ট স্টুডিও ঘুরে দেখার সুযোগ হয়েছে তাঁদের। তাঁরা ঘুরে দেখেছেন হুনান বিশ্ববিদ্যালয়।
২৯ জুলাই দিনটি তাঁদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল। সেদিন সেখানকার পাতালরেলকে তাঁদের চিত্রকর্ম ও বাংলা বর্ণমালা অ আ ক খ দিয়ে সাজানো হয়। এভাবে বাংলাদেশকে চীনের মানুষের কাছে উপস্থাপন করা হয়। এর নাম ছিল ‘দ্য স্পেশাল সাবওয়ে এক্সিবিশন’। অনুষ্ঠানটি চীনের সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত হয়। এরপর হুনান প্রভিন্সিয়াল পেইন্টিং একাডেমিতে তাঁদের আরও একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। সাত দিনব্যাপী এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সুমন সরকার বলেন, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চল চীনের শিল্পীদের প্রাণের জায়গা। পাহাড়ঘেরা মেঘের রাজ্য। আছে এঁকেবেঁকে যাওয়া হ্রদ। তাদের ইওয়াং হ্রদে ঐতিহ্যবাহী নৌকায় ঘোরানো হয়।
৩১ জুলাই তাউয়ান প্রদেশের শ্যাপিং শহরে পাহাড়ের চূড়ায় প্রথম আর্ট ক্যাম্প হয়। সেখানের সব শিল্পী মিলে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র অঙ্কন করেন। ক্যাম্প অব্যাহত রেখেই ৭ আগস্ট তাউয়ান প্রদেশের বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। সেখানে গ্রামের স্থানীয় শিল্পীরা নাচ-গানের মাধ্যমে তাঁদের ঐতিহ্য তুলে ধরেন। ৮ আগস্ট পাহাড়চূড়ার ক্যাম্প শেষ হয়। ফেরার পথে তাঁরা পাহাড়ের গুহা পরিদর্শনের অসাধারণ এক অভিজ্ঞতা লাভ করেন।
মুস্তাহিদা আরও বলেন, দলনেতা মতিন স্যারের চীনা ভাষা জানা থাকায় ওখানকার শিল্পীদের সঙ্গে তাঁদের দূরত্ব কমে বন্ধুত্বে পরিণত হয়েছিল। তাঁদের আন্তরিকতা আর আতিথেয়তার কথা কিছুতেই ভোলার নয়। মুস্তাহিদা বলেন, এই উদ্যোগ দুই দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলাকে দুই দেশের মানুষের কাছে আরও বেশি পরিচিত করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই।