
কথা বলতে পারে না। কানেও শুনতে পায় না। অস্পষ্ট কিছু শব্দ উচ্চারণ করতে পারে। তা পরিষ্কার বোঝা যায় না। কাছের মানুষ আকার-ইঙ্গিতে কিছু কিছু বিষয় বুঝে নেন। কানে শ্রবণযন্ত্র লাগানোর পর কিছুটা শুনতে পায়। তাও যে কানে যন্ত্র আছে, সেই কানে। অন্যটায় নয়। ঠিকমতো শুনতে ও বলতে না পারলেও ছবি এঁকে সবাইকে ওরা তাক লাগিয়ে দিয়েছে এরই মধ্যে।
তারা দুই বোন। যমজ নয়, তবে একই ক্লাসে পড়ে। পড়াশোনায় দুজনেই ভালো। শিক্ষকেরা দুজনকে নিয়েই গর্ব করেন। একজনের নাম ফাতেমাতুজ জোহুরা। আরেকজনের নাম নাজমুন নাহার। বাবা রবিউল করিম ও মা নাজমা খাতুনের এই দুই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। বাড়ি পাবনার চাটমোহর উপজেলার শাহাপুর গ্রামে। তবে এখন পুরো পরিবার থাকে রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকায়।
ফাতেমাতুজ জোহুরা ও নাজমুন নাহার রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। ক্লাসের ৯২ জন শিক্ষার্থীর মধ্যে একজনের ক্রমিক নম্বর ৯, আরেকজনের ১১।
তাদের ছবি আঁকার গল্প শুনে ১২ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে দেখা মিলল ওই দুই বোনের। শিক্ষক ফারুক হোসেন তাদের এনে একটি বেঞ্চে বসালেন। দুজনের এক কানে একটি করে শ্রবণযন্ত্র। ছবি আঁকা দেখানোর জন্য বিদ্যালয়ের শিক্ষক রাশিদা খাতুন তাদের দুজনকে দুই টুকরা কাগজ ধরিয়ে দিলেন। ফাতেমাতুজ জোহুরাকে তাদের বিদ্যালয়ের শিক্ষক জাকিয়া নাজনীনের একটি ছবি দেওয়া হলো। দুজনের হাতে ধরিয়ে দেওয়া হলো দুটি পেনসিল। কিছুক্ষণের মধ্যেই ফাতেমাতুজ জোহুরা জাকিয়া নাজনীনের মুখ এঁকে ফেলল।
আর নাজমুন নাহার প্রকৃতির দিকে তাকিয়ে গাছপালার দৃশ্য এঁকে দিল। দুটি ছবিই চমৎকার! ফারুক হোসেন বললেন, ‘ওরা ক্লাসের ফাঁকে সহপাঠীদের ছবি এঁকে দেয়। এটা দেখেই ওদের এই প্রতিভার বিষয় সবার নজরে আসে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফরের মত পড়াশোনায় ওরা অনেক ভালো। এ জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ওদের দিকে আলাদা নজর রাখা হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মা নাজমা খাতুন বলেন, ‘আমার দুই মেয়ে দেড় বছরের ছোট বড়। আরেকটি ছেলেও আছে আমার। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, মেয়ে দুজন শুধু এক কানে শুনতে পায়। ওদের দুই কানেই যন্ত্র লাগানোর জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে তা করতে পারছি না। ওরা শুধু এক কাননির্ভর হয়ে যাচ্ছে।’
কানে শুনতে না পেলেও দুই বোনই চায় আরও অনেক দূর এগিয়ে যেতে। সবে তো জীবনের পথচলা শুরু। এখনো অনেক পথ বাকি। তাদের স্বপ্ন পূরণ হোক—সেটা সবারই চাওয়া।