ছবি দিয়ে বাজিমাত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসেছে এশীয় আলোকচিত্র প্রতিযোগিতার আসর। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন প্রভৃতি দেশের দুই শতাধিক আলোকচিত্রীর সঙ্গে বাংলাদেশের তিন আলোকচিত্রীও আছেন সে আসরে। উপস্থাপক উঠে এলেন মঞ্চে। তাঁর কণ্ঠেই ঘোষিত হবে প্রতিযোগিতার ফলাফল। দুরু দুরু বুকে অপেক্ষা করছেন সবাই। উপস্থাপক পুরস্কার ঘোষণা শুরু করলেন। ঘোষিত ছয়টি পুরস্কারের মধ্যে তিনবারই উচ্চারিত হলো জোবায়ের হোসেন আর বাংলাদেশের নাম। ‘ট্র্যাডিশনাল ক্যাটাগরি’, ‘ওয়েডিং জার্নালিজম ক্যাটাগরি’, ও ‘ব্রাইডাল পার্টি ক্যাটাগরি’ এই তিনটিতে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পুরস্কারে ভূষিত হন জোবায়ের। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না জোবায়েরের। সত্যি শুনেছেন তো!
এমনই এক স্বপ্নের দিন এসেছিল তরুণ আলোকচিত্রী জোবায়েরের জীবনে। ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়ে যাওয়া ‘ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন’ (ডব্লিউপিপিএ)-এর আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতার শেষ দিন নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে জোবায়েরের জীবনে। এ প্রতিযোগিতায় জোবায়ের ছাড়াও তাঁর সহকর্মী নাফিস ফুয়াদ ও রাফি হক অংশ নেন। তাঁরা সবাই ‘ড্রিমওয়েভার’-এর সহপ্রতিষ্ঠাতা। এ আয়োজনে আমন্ত্রিত বক্তা হিসেবে যোগ দিয়েছিলেন ‘ওয়েডিং ডায়েরি’-এর প্রীত রেজা।
দেশে ফেরার পর কথা হয় জোবায়ের ও তাঁর দলের সদস্যদের সঙ্গে। পরপর তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতল আপনার তোলা ছবি—কেমন লাগছিল সে সময়? ‘এত বড় একটি প্ল্যাটফর্মে বাংলাদেশকে তুলে ধরতে পারার অনুভূতি সত্যিই অনন্য। প্রথমবার যখন আমার নাম ঘোষণা করা হলো সেটা অবশ্যই ভালো লেগেছিল। দ্বিতীয়বার নাম শোনাটা ছিল আশাতীত। কিন্তু তৃতীয়বার যখন আমার নাম শুনি মনে হয়েছিল স্বপ্ন দেখছি না তো?’ নিজের অনুভূতি এভাবেই ব্যক্ত করলেন জোবায়ের।
এরপর জানান, প্রতিযোগিতার জন্য তাঁরা নির্ধারিত ছয়টি ক্যাটাগরিতে তাঁদের বেশ কিছু ছবি জমা দেন। ‘আমাদের সব ছবি প্রথমে একটি প্রাথমিক বাছাইপর্বের মধ্য দিয়ে যায়। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে আমার ২২টি, নাফিসের পাঁচটি এবং রাফির ছয়টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয়। এরপরে নির্বাচিত ছবিগুলো নিয়ে সবার সামনে বিভিন্ন ছবির গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা-সমালোচনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন বিচারকেরা।’ বিচারকাজ পরিচালনা করেন ডব্লিউপিপিআই ডাবল গ্র্যান্ডমাস্টার খ্যাত লিটো সি, যুং, ম্যাথ্যু ট্যান প্রমুখ।
এই তিন দিন শুধুই প্রতিযোগিতা ছিল না, ছিল এশিয়ার সব থেকে নামকরা ফটোগ্রাফারদের এক মিলনমেলা। রাফি বলছিলেন সেই অভিজ্ঞতার কথা, ‘প্রতিযোগিতাটা পুরো প্রোগ্রামের একটি অংশ ছিল। সঙ্গে ছিল সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা। সম্মেলনে দেশ-বিদেশের নামকরা সব ফটোগ্রাফারের সঙ্গে আমাদের পরিচয় হয় এবং তাঁদের সান্নিধ্যে আসার সুযোগ পাই।’
আয়োজনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বিশ্বের নামকরা ফটোগ্রাফাররা। ওই সম্মেলনে বাংলাদেশে এই পেশার সম্ভাবনা, ঐতিহ্য, বাণিজ্যিকীকরণ প্রভৃতি তুলে ধরে বাংলাদেশকে উপস্থাপন করেন জোবায়ের। অপর দিকে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে অভিভূত হওয়ার কথা জানাচ্ছিলেন নাফিস ফুয়াদ, ‘আমরা দেশে ফটোগ্রাফির অনেক কর্মশালায় অংশ নিই। কিন্তু লিটো সির মতো ডব্লিউপিপিআই ইন্টারন্যাশনাল পর্যায়ে ডাবল গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়া কোনো ব্যক্তির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়াটা আসলেই ভিন্ন এক অভিজ্ঞতা ছিল আমাদের জন্য।’
এই তিন তরুণ তুর্কি পেশায় প্রকৌশলী। কিন্তু নেশায় ফটোগ্রাফার। তাই তিন বন্ধু মিলে আইইউটির শেষ বর্ষে অধ্যয়নরত অবস্থায় গড়ে তোলেন ‘ড্রিমওয়েভার’ নামের প্রতিষ্ঠান, আজ যা অর্ধশতাধিক মানুষের কর্মস্থল।