ছবিই হয়ে গেলেন গুণেন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে অব্যাহতভাবে চলছে ভ্রাতৃঘাতী সংঘাত। এই সংঘাতের সর্বশেষ বলি হলেন জনসংহতি সমিতির নেতা সুদীর্ঘ চাকমাসহ সংগঠনের চার নেতা-কর্মী। একের পর এক খুনের ঘটনায় থামছে না স্বজনদের আহাজারি। এ নিয়ে বিশেষ আয়োজন ছবি তোলার স্টুডিওতে নিজে গিয়ে ছবি তুলেছিলেন। বন্ধুদের বলেছিলেন, ‘যখন আমি থাকব না, তখন এই ছবি মূল্যবান জিনিসে পরিণত হবে।’ ঘাতকের বুলেটে মৃত্যুর অল্প কিছুদিন আগে তোলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা গুণেন্দু চাকমার সেই ছবির দিকে তাকিয়ে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন স্বজন ও বন্ধুরা।১২ মার্চ রাঙামাটির লংগদু এলাকার দোজরপাড়া গ্রামে দলের সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে ঘাতকের বুলেটে গুণেন্দুসহ জনসংহতি সমিতির (এম এন লারমা) চার নেতা-কর্মী নিহত হন। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হওয়ার পর থেকে আদিবাসী জনগোষ্ঠী-সমর্থিত রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি অব্যাহত আছে। কেবল গত চার বছরেই ৫৬৩ জন নিহত হয়েছেন ভ্রাতৃঘাতী সংঘাতে। সর্বশেষ গুণেন্দু চাকমাসহ চার নেতা-কর্মী এই সংঘাতের বলি হলেন।সাম্প্রতিক এই হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পাহাড়ে। পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষ আশা করেছিল এই মৃত্যুর মিছিল থামবে। বন্ধ হবে সন্তানহারা মায়ের হাহাকার। কিন্তু তা না হওয়ায় পাহাড়ের রাজনৈতিক নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলছেন তাঁরা। দীঘিনালার নানা শ্রেণী-পেশার আদিবাসী নাগরিক এমন হতাশার কথা জানিয়েছেন।মাত্র ২১ বছরেই না-ফেরার দেশে চলে গেলেন খাগড়াছড়ি সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র গুণেন্দু। টগবগে এই তরুণের মৃত্যু মেনে নিতে পারছে না স্থানীয় বাসিন্দারা। দীঘিনালা উপজেলা পিসিপির সভাপতি জ্ঞান চাকমা তাঁর কথা মনে করে বারবার চোখ মুছছিলেন। বললেন, ‘গুণেন্দু ছিলেন একজন প্রকৃত সাহসী ছাত্রনেতা।’গুণেন্দু চাকমার বড় ভাই সুজন চাকমা বলেন, ‘আমার ভাই সব সময় জুম্ম জাতির অধিকার আদায়ের কথা ভাবত। অথচ তাঁকে প্রাণ দিতে হলো নিজ সম্প্রদায়ের মানুষের হাতে। আমার বৃদ্ধ বাবা বিনন্দ কুমার চাকমা ও মা স্মৃতিকণা চাকমা এখন পাগলপ্রায়। আমাদের নয় ভাই-বোনের মধ্যে গুণেন্দুকে বাবা-মা খুব আদর করত।’একই ঘটনায় নিহত হয়েছেন পিসিপির দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি সুখেন চাকমা (২০)। শোকের ছায়া মেনে এসেছে সুখেনের বাড়িতেও। সুখেনের বড় ভাই বাঘাইহাট কেয়াংঘাট এলাকার বাসিন্দা শংকর চাকমা বলেন, ‘আমাদের সাত ভাই-বোনোর মধ্যে সুখেন সবার ছোট। বাড়ি দূরে হওয়ায় দীঘিনালায় থেকে পড়ালেখা করত সে। সবার ছোট হওয়ায় বাবা বীর কুমার চাকমা ও মা শান্তিবালা চাকমার খুব আদরের ছিল সে। বাবা-মা জানতেন না সে রাজনীতি করত। বাবা-মা এখন খাওয়া-দাওয়া ছেড়েই দিয়েছেন। কেবল সুখেনের ছবি বুকে নিয়ে কাঁদছেন।’নিহত নেতা-কর্মীদের স্বজনদের এখন একটাই দাবি, বন্ধ হোক এই মৃত্যুর মিছিল। সংঘাত ও সহিংসতা বন্ধে তাঁরা বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে রাজনীতিবিদদের আহ্বান জানান। উল্লেখ্য, মঙ্গলবার লংগদু উপজেলার দোজরপাড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) নেতা সুদীর্ঘ চাকমা (৩৮), যুব সমিতির নেতা জীবন চাকমা (২২), পিসিপি নেতা সুখেন চাকমা (২০) ও গুণেন্দু চাকমা (২১) নিহত হন। এ ঘটনার জন্য জেএসএস এম এন লারমা পক্ষ জেএসএস সন্তু লারমা পক্ষের নেতা-কর্মীদের দায়ী করেন। তবে সন্তু লারমা পক্ষ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে।