ছবিকেই বাবা ডাকছে ছোট্ট তোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট তোহা তাকিয়ে আছে বাবার দিকে। তার বাবা ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাই​ন্দংয়ের বাসিন্দা এনামুল হক চৌধুরীকে ২০১৪ সালের ৬ আগস্ট কুপিয়েছিল সন্ত্রাসীরা। দুই বছর হাসপাতালে শয্যাশায়ী থেকে তিনি হার ​মানলেও ছোট্ট তোহা এখনো তঁার অপেক্ষা থাকে l প্রথম আলো
ছোট্ট তোহা তাকিয়ে আছে বাবার দিকে। তার বাবা ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাই​ন্দংয়ের বাসিন্দা এনামুল হক চৌধুরীকে ২০১৪ সালের ৬ আগস্ট কুপিয়েছিল সন্ত্রাসীরা। দুই বছর হাসপাতালে শয্যাশায়ী থেকে তিনি হার ​মানলেও ছোট্ট তোহা এখনো তঁার অপেক্ষা থাকে l প্রথম আলো

সাড়ে তিন বছরের তোহা সারাক্ষণ বাবাকে খোঁজে। বাবাকে না পেয়ে বাবার ছবি বুকে জড়িয়ে থাকে দিনভর। ছবিকেই বাবা বলে ডাকে। তোহা জানে না বাবা এনামুল হক চৌধুরী আর ফিরবেন না।

তোহার বাবা এনামুল হক চৌধুরী ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের বাসিন্দা তিনি। গত ৩০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান। ২০১৪ সালের ৬ আগস্ট জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। দীর্ঘ দুই বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন তিনি।

গত রোববার দক্ষিণ পাইন্দংয়ে এনামুলের গ্রামের বাড়িতে গেলে দেখা যায় শোকাচ্ছন্ন পরিবেশ। তাঁর স্ত্রী কুসুমা আকতার বলেন, এনামুল আহত হওয়ার পর দুই বছর ধরে তাঁর চিকিৎসায় পরিবারের প্রচুর টাকা ব্যয় হয়েছে। কিন্তু এরপরও মানুষটিকে বাঁচানো যায়নি। মাথায় কোপ খাওয়ার পর চলাচলের ক্ষমতা হারিয়েছিলেন তিনি। কখনো হাসপাতালের আইসিইউ, কখনো বাড়ি, এভাবেই দিন কেটেছে তাঁর। এর মধ্যে একমাত্র সান্ত্বনা ছিল মেয়ে তোহা। তবে শেষ সময়ে মেয়েকে একটু আদরও করে যেতে পারেননি।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি চলে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন কুসুমা আকতার। তিনি বলেন, তোহা যখন হামাগুড়ি দিয়ে দাঁড়াতে শিখল তখন ‘আব্বু’ বলেও ডাকতে লাগল। ঠিক সেই সময়ই ঘাতকেরা হামলে পড়ে তাঁর বাবার ওপর। আহত এনামুল মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে মেয়ের কথা ভেবেছেন। হাসপাতালের শয্যায় শুয়ে মেয়ের দিকে তাকিয়ে চোখ ভিজে উঠত তাঁর। এখন তোহার দুধের খরচসহ সংসারের যাবতীয় খরচের জন্য অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

নিহত এনামুলের মেজ ভাই শামশুল আলম বলেন, ঘটনার দিন সকাল আটটায় গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। প্রায় পাঁচ মাস পর তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে ভারতের চেন্নাই পাঠানো হয়। দুই দফায় যাওয়ার পরও তার শরীরের অবস্থার কোনো উন্নতি হয়নি। দেশে নিয়ে আসার পর অবস্থা গুরুতর হলে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত ৩০ আগস্ট তাঁর মৃত্যু হয়।

 শামশুল আলম ঘটনার পর ফটিকছড়ি থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের সবাই এখন জামিনে আছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বলেন, ঘটনার পর দায়ের করা মামলায় পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। কিন্তু আসামিরা আদালতের মাধ্যমে জামিনে রয়েছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।