
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি একটি দেশীয় ওষুধ কোম্পানিতে কাজ করি। এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সে জন্য পাত্রীও দেখেছি। পারিবারিক মর্যাদা ও অন্যান্য দিক বিবেচনায় তাকে আমি পছন্দ করি এবং বিয়ের জন্য সম্মত হই।
আমার পরিবারের লোকজনও তার পরিবারের লোকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলে। কিন্তু কিছুদিন পরে এক ছেলের মাধ্যমে জানতে পারি, ছেলেটার সঙ্গে মেয়েটার প্রেমঘটিত সম্পর্ক ছিল। এ ব্যাপারে মেয়েটির কাছে জানতে চাইলে সে বিষয়টি অস্বীকার করে। ছেলেটি আমাকে কিছু ছবি পাঠায়। ছবিগুলো দেখে আমি বিব্রত হয়ে পড়ি।
এ ব্যাপারে মেয়েটির কাছে জানতে চাইলে সে বলে, ‘যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমার অগোচরে ঘটেছে।’ এখন মেয়েটার সঙ্গে আমার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া কতটা যুক্তিসংগত হবে? মেয়েটা আমাকে তার প্রতি সব রকম বিশ্বাসের কথা বলেছে। তাকে বিশ্বাস করে বিয়ে করাটা ঠিক হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
আমি বুঝতে পারছি তুমি বেশ কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়েছ। বেশির ভাগ ছেলেমেয়েই বিয়ের আগে অনেক সুন্দর স্বপ্ন দেখে। পরবর্তী জীবন যেন আনন্দের হয়, সেই প্রত্যাশা লালন করে। তবে বিয়ের আগে অনেকেরই কারও সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে। যদি এরপর কারও দিক থেকেই সম্পর্কটি শেষ করার ব্যাপারে আপত্তি না থাকে, তাহলে তো নতুন একটি সম্পর্ক শুরু হতেই পারে।
তবে তুমি কী ধরনের ছবি পেয়েছ এবং মেয়েটির সঙ্গে সেই ছেলেটির কতটা সিরিয়াস সম্পর্ক ছিল, তা জানতে পারলে ভালো হয়।
মেয়েটি কী কারণে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছে, তাও ওর কাছে সুন্দরভাবে প্রশ্ন করে জানার চেষ্টা করো। ওকে বলো, কারও সঙ্গে আগে সম্পর্ক থাকাটা খুবই স্বাভাবিক এবং সে নির্ভয়ে তোমার কাছে সেটি শেয়ার করতে পারে।
সে যদি বিস্তারিত বিবরণ না দিতে চায়, সেটিও তুমি সহজভাবে নিয়ো।
খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত না নিয়ে আগে ওর সঙ্গে সহজ ও সুস্থ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পারলে খুব ভালো হয়। মেয়েটির অন্যান্য বন্ধু এবং তোমার বন্ধুদের নিয়ে তোমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারো। এতে ওর রুচি, মূল্যবোধ ইত্যাদি সম্পর্কেও তোমার একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে।
স্বামী-স্ত্রী শুধু বিবাহবন্ধনে আবদ্ধ হলেই কিন্তু তারা পরস্পরের বন্ধু হতে পারে না। যদি তাদের পছন্দ-অপছন্দের বিষয়গুলোর মধ্যে যথেষ্ট সামঞ্জস্য না থাকে। দাম্পত্য সম্পর্কটি একসময় খুব একঘেয়ে মনে হবে, যদি তোমরা একসময় পরস্পরের খুব ভালো বন্ধু না হতে পারো।
বন্ধুত্ব ছাড়াও পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ববোধ, অন্যের অধিকার সম্পর্কে সচেতনতারও খুব প্রয়োজন হয়।
যেহেতু এটি একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক, তাই দুজনকেই এটিকে যত্ন করে সচেতনভাবে গড়ে তুলতে হয়। তুমি যদি সত্যিই এই মেয়েটিকেই বিয়ে করতে চাও, তাহলে আরও কিছুটা সময় নিয়ে ওকে ভালোভাবে চেনার চেষ্টা করো।
এ রকম বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে অবশ্যই পুরোপুরি সন্দেহমুক্ত হতে হবে।