ছবিটির নাম ‘দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাকামী শরণার্থীদের দীর্ঘ সারি। তাতে আছেন যথেষ্ট ক্লান্তশ্রান্ত মানুষ, গর্ভবতী মা, আবালবৃদ্ধবনিতা। একটি লাশ মাঠের ভেতরে। অনেকগুলো শকুন আর কয়েকটি কুকুর শবোৎসবে ব্যস্ত। মুক্তিযোদ্ধারা মর্টারের গোলা উৎক্ষেপণের প্রশিক্ষণ নিচ্ছেন। সেলুলয়েডের ফিতায় বন্দী চিত্রটিতে আবহমান বাংলার নিসর্গের শোভাও বাদ পড়েনি। আদিগন্ত বিস্তৃত জলরাশি। পানিতে ডোবা ধান ও পাটখেত। সক্রিয় কৃষক, পাখিরা উড়ে যায়। এটা আমাদের একাত্তরের ছবি। ৩৫ মিনিটের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রডকাস্টিং করপোরেশন এনবিসির পক্ষে পিটার রজার্স এটি ধারণ করেছিলেন। এটি সম্ভবত কুষ্টিয়া অঞ্চলে চিত্রায়িত। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যথেষ্ট দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন। নির্মোহ থেকে পক্ষপাতমুক্ত থাকতেও সচেষ্ট ছিলেন। পেশাদারি সাংবাদিকতার ছাপ তাতে সুস্পষ্ট।নদীতে একটি পাকিস্তানি গানবোটের ওপর দাঁড়িয়ে পিটার বলেন, পাকিস্তানি বাহিনী সামরিক অভিজ্ঞতায় ঐতিহ্যবাহী। তারা অস্ত্রশস্ত্রে মুক্তিযোদ্ধাদের চেয়ে অনেক অগ্রসর। এই অস্ত্রের জোগানদাতা হিসেবে তিনি আমেরিকা ও লাল চীনের নাম উল্লেখ করেন।বাংলাদেশ যুদ্ধে নিক্সন-কিসিঞ্জারের ভূমিকা সবচেয়ে বিতর্কিত। তবে মার্কিন জনমত অনেকটাই ছিল বাংলাদেশের পক্ষে। নিক্সনের বিরুদ্ধে মুক্তিপাগল বাঙালির ক্ষোভের বিষয়টি পিটার মার্কিন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন।একটি গ্রামের বাজার, যেখানে তাঁর ভাষায় বিস্ময়করভাবে একটি সম্পূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা পেয়েছিল। সেই বাজারে পটুয়া কামরুল হাসানের বহুল পরিচিত ও আলোচিত পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করো’। ঠিক তার পাশেই একটি সাঁটানো পোস্টার ‘বাংলাদেশের গণহত্যার সমর্থনে নিক্সনের নীতি নিপাত যাক’। ইংরেজিতে হাতে লেখা। একজন মুক্তিযোদ্ধা রজার্সকে বলেন, ‘আমেরিকা গণতন্ত্রের প্রতীক। মার্কিন গণতন্ত্র আব্রাহাম লিংকন ও থমাস জেফারসনকে উপহার দিয়েছে। আমরা আজ আমাদের গণতন্ত্র চাইছি। সে জন্য লড়াই করছি। আর তখন নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালানোর জন্য আমেরিকা পাকিস্তানিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তাদের অর্থনৈতিক সহায়তা দিচ্ছে।’পিটার রজার্স পাকিস্তানি সামরিক বাহিনীর পোড়ামাটি নীতির প্রামাণ্যচিত্র ধারণ করেছিলেন। একটি স্থানে হঠাৎ করেই পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম ধ্বংসযজ্ঞের চিত্র তিনি দেখাতে শুরু করেন। তিনি তাঁর ক্যামেরা জুম করেন স্যাঁতসেঁতে বিরান মাটির ভিটায়। ঘরের চিহ্নমাত্র নেই। মাটির পাত্র ভেঙে গুঁড়িয়ে অত্যাচারের নমুনা হয়ে পড়ে আছে। পিটার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে ছবি কখনো কখনো বেশি জোরালো কথা বলে। তিনি সাক্ষাৎকার নিয়েছেন মেজর জেনারেল রাও ফরমান আলীর।ধ্বংসযজ্ঞের বিবরণ মুক্তিযোদ্ধাদের কণ্ঠে না দিয়ে তিনি ছবিতে দেখান। আর ঠিক তক্ষুনি ফরমান আলী, যিনি তাঁর টেবিল ডায়েরিতে লিখেছিলেন, ‘পূর্ব পাকিস্তানের সবুজকে লালে চিত্রায়িত করতে হবে।’ তিনি পিটারকে বলছেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার যে অভিযোগ করা হচ্ছে, তা আমরা প্রত্যাখ্যান করি।’ একজন মুক্তিযোদ্ধা পিটারকে বলেন, ‘আমাদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে। কিন্তু বিমান হামলা প্রতিরোধে যা থাকা দরকার, তা নেই। তাই আমরা খারাপ আবহাওয়ার সুযোগ নিই। আমরা অ্যাম্বুশ করি। তাদের বিচ্ছিন্ন করি, তারপর তাদের ধ্বংস করি।’পিটার সাংস্কৃতিক দিকের ব্যবহারে মনোযোগী ছিলেন। একাধিকবার তিনি ‘আমার সোনার বাংলা’ ও ‘জয় বাংলা’ ব্যবহার করেছেন দরদ দিয়ে। একটি স্কুলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ চলছে। তাঁদের কণ্ঠে ‘জয় বাংলা’ ও রবি ঠাকুরের অবিনাশী গান। সবার কণ্ঠে স্লোগান ‘জয় বাংলা’। আজ মুজিবকে জাতির পিতা বলা নিয়ে আমরা অনেকেই স্পর্শকাতর, সাবধানী। নিরপেক্ষতা টুঁটে যাওয়ার শঙ্কায় চিন্তিত। কিন্তু ওই স্কুলের সামনে একটি কণ্ঠ বলছে—বাঙালি জাতির পিতা। অমনি অস্ত্রধারী শত মুক্তিযোদ্ধার কণ্ঠে গগনবিদারি স্লোগান—শেখ মুজিব, শেখ মুজিব।পিটারের ছবিতে বনবাদাড় পেরিয়ে মুক্তিযোদ্ধারা এগিয়ে চলছেন। শেষ বিকেলের খেতের আল ধরে কিংবা অস্ত্র তাক করে নৌকাযোগে তরতরিয়ে। তাঁদের কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ গান।পিটারের পেশাদারি নিরপেক্ষতার একটি ছাপ এ রকম: একজন মুক্তিযোদ্ধা তাঁকে বলছেন, ‘আমাদের অনেক মুক্তিযোদ্ধাই নিরস্ত্র।’ এ সংলাপের ঠিক পরই বাঁশের লাঠি হাতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেখানো হয়। কিন্তু তারপরের দৃশ্যই ছিল মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণের।ছবিটিতে আমার কাছে সবচেয়ে ভালো লাগার দিক হলো, মুক্তিযোদ্ধাদের সশস্ত্র তৎপরতাকে পিটার তাঁর উল্লিখিত বিস্ময়কর বেসামরিক প্রশাসনের অধীন সামরিক বিভাগের কার্যক্রম হিসেবে চিহ্নিত করেন। সে জন্য তিনি বলেন, ‘এই বেসামরিক প্রশাসনের আওতায় কিছু সামরিক তৎপরতাও রয়েছে।’কাকের ডাক, মঠ, কবর খনন, খোলা মাঠে ধুঁকতে থাকা ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। মৃত শিশুর মুখে মাছি ওড়া। আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা কি মূল্যে এসেছে। মানবেতর জীবনও যে বহমান, তাই দুই কিশোরীর চুলের যত্ন, উকুন বের করার দৃশ্যও দেখান পিটার। ভারতের ওই শরণার্থী শিবিরে পিটার বলছেন, এ এক বৃহত্তম ট্রাজেডি। পুষ্টিকর খাদ্য না দেওয়া হলে এখানকার ৫০ ভাগ শিশু মারা যাবে। এক নারীর মুখে ধর্ষণের বিবরণ আসে। ওই নারী বলেন, স্বামীর সামনে স্ত্রী, বাবার সামনে কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটছে। এরপরই দেখানো হয় একটি মলিন পাকিস্তানি পতাকা। সেটি খামচে ধরেছে একটি কাক। ডাকছে ভৌতিক সুরে। দেয়ালে লেখা গোলাম আজম জিন্দাবাদ। সিনেটর এডওয়ার্ড কেনেডি-র উক্তি দিয়ে শেষ ছবিটি: বিশ্ব নিরব থাকতে পারে না। মুক্তিযুদ্ধে মার্কিন দৃষ্টিভঙ্গি বিশ্লেষণেও ছবিটি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। মানবাধিকার, গণতন্ত্র ও শান্তি সমুন্নত রাখতে যত্নশীল থাকার জন্য পরিশ্রমী ও কুশলী পিটারকে ধন্যবাদ।