ছবিতে এভারেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা পূর্ণিমার রাত! তবে অন্ধকার নেই, শুভ্রতাই বেশি। দেখে বোঝাই যায় না এটি রাতের দৃশ্য। তাঁবুর ফাঁক গলে বেরিয়ে আসা শুভ্রতা যেন ছড়িয়ে পড়েছে দিগন্তজুড়ে। অথবা দিনের আলোতে সাদা বরফের ওপরে ঠিকরে পড়া আলো দেখে সফেদ সমুদ্র মনে হওয়াটাই স্বাভাবিক। এমনই মনোরম কিছু মুহূর্তের মধ্যে আছে ভয়ে গা শিউরে ওঠার মতো দৃশ্যও। এভারেস্টের এসব ছবিই আপনাকে নিয়ে যাবে এভারেস্টের হিম ঠান্ডায়।৭ ডিসেম্বর ‘আকাশ ছুঁয়ে দেখি’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী ও অভিযাত্রী ইনাম আল হক।উদ্বোধনের পর আনিসুজ্জামান বলেন, ‘আমাদের তরুণেরা অনেক এগিয়ে যাচ্ছে। মৃত্যুঝুঁকি নিয়ে তারা এভারেস্ট জয় করে ফিরছে। তরুণদের এগিয়ে নিতে সঠিকভাবে পথ দেখাতে হবে।’এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মুহিতের দুবার এভারেস্ট অভিযানের দুর্লভ সব ছবি। প্রদর্শনীর আয়োজন সম্পর্কে দুবার এভারেস্টজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত বলেন, ‘১১ ডিসেম্বর বিশ্ব পর্বত দিবসকে উপলক্ষ করে এই প্রদর্শনীর আয়োজন। এখানে দর্শকেরা এভারেস্টের উত্তর ও দক্ষিণ—দুই প্রান্ত সম্পর্কে সঠিক ধারণা পাবে। সেই সঙ্গে তরুণেরা পাহাড়ে ওঠার নেশায় মেতে উঠবে বলে মনে করি।’এ প্রদর্শনীতে রয়েছে এম এ মুহিতের এভারেস্ট অভিযানের ৫০টি আলোকচিত্র, যা তুলেছেন মুহিত এবং তাঁর শেরপারা। ১৪ ডিসেম্বর পর্যন্ত বেলা দুইটা থেকে রাত আটটার মধ্যে যেকোনো এক ফাঁকে ঘুরে যেতে পারেন এখানে।