ছবিতে ছিমছাম
অনেক শখ করে ছবি তোলালেন, আপনার চোখটা বন্ধ এল। কিংবা ছবিতে যেন মনে হচ্ছে আপনি অনেকটা মুটিয়ে গেছেন। আবার দেখা গেল আপনার পোশাকের রংটা একদমই অনুজ্জ্বল মনে হচ্ছে। ছোটখাটো কিছু কৌশলেই কিন্তু এসব এড়ানো যায়। আজকাল অনেকেই স্টুডিওতে গিয়ে ছবি তোলেন। সেক্ষেত্রে কী কী বিষয় জানা জরুরি তা দেখুন এই প্রতিবেদনে।আলোকচিত্রী চঞ্চল মাহমুদ বলেন, একটি ভালো ফটো বা আলোকচিত্রের সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে। ফটো তোলার উদ্দেশ্য, আলো, পটভূমি বা ব্যাকগ্রাউন্ড, একটি ভালো ক্যামেরা এবং সর্বোপরি একজন দক্ষ আলোকচিত্রী। তাই সবার আগে আলোকচিত্রীর সঙ্গে ভালো একটি বোঝাপড়া হওয়া প্রয়োজন। আপনার ছবি কী উদ্দেশ্যে তোলা হচ্ছে তা তাঁকে বুঝিয়ে বললে তিনিই আপনাকে বলে দিতে পারবেন কোন পোশাকে ও মেকআপে আপনাকে ভালো দেখাবে। আজকাল অনেক স্টুডিওতেই পোশাকের সমাহার থাকে। সেখান থেকেই আপনি মনমতো পোশাক বেছে নিতে পারেন। তাই শুধু ফোনে ফটোগ্রাফারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেয়ে সরাসরি বসে কথা বলা ভালো।আলোকচিত্রী ডেভিড বারিকদার বলেন, ‘যে উদ্দেশ্যে আপনি ছবি তুলছেন, তা যেন আপনার ছবি দেখে বোঝা যায়। কেউ ছবি তোলেন টিভি উপস্থাপনার জন্য। তাহলে ছবিতে অবশ্যই আপনার পোশাক ও মেকওভার হবে মার্জিত, যাতে আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, দায়িত্ববোধ বোঝা যায়। একই কথা প্রযোজ্য চাকরির জন্য ছবি তোলার ক্ষেত্রেও। মডেলিংয়ের জন্য ভালো ছবির বিকল্প নেই বিধায় নতুন মডেলদের প্রথম ছবি অনেক বেশি গুরুত্ব রাখে। নতুন মডেলকে ছবি তোলার উদ্দেশ্য কী তা নিশ্চিত হতে হবে। ফটোগ্রাফারকে তা বুঝিয়ে বলতে হবে। পোশাকের ক্ষেত্রে ফটোগ্রাফারকে দিয়েই যাচাই-বাছাই করিয়ে নেওয়া যেতে পারে। সুন্দর পোজ বা ভঙ্গি মডেলদের প্রধানতম শর্ত। এ জন্য বাড়িতেই কিছু হোমওয়ার্ক করে আসা উচিত।’ ডেভিড আরও জানালেন, অনেকে বিয়ের জন্য ছবি তোলেন। নিজেকে বেশি সুন্দর দেখাতে তাঁদের মধ্যে এ ধরনের ছবিতে ফটোশপের কাজ করার প্রবণতা খুব বেশি প্রবণতা থাকে। একসময় এই নিয়ে সমস্যায় পড়তেই হয়। এ ধরনের ছবিতে নিজের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলা উচিত। মানানসই পোশাকের রং, মেকআপ এ ক্ষেত্রে আপনাকে ভালো সহযোগিতা করতে পারে।ছবি তুলতে সাজ-পোশাক কেমন হওয়া উচিত? প্রশ্নের উত্তর দিলেন রেড বিউটি স্যালনের প্রধান রূপবিশেষজ্ঞ আফরোজা। তিনি বললেন, বিশেষ উপলক্ষে ছবি তুলতে সাধারণ ধারণায় বেশি বেশি মেকআপ মানেই বুঝি সুন্দর ছবি। মেকআপ মানেই তো শুধু রং আর ব্রাশের খেলা নয়। মেকআপ মানে চেহারার ছোট ছোট খুঁতগুলো ঢেকে স্বাভাবিক সৌন্দর্যকে তুলে ধরা। মেকআপের মাধ্যমে কিছু বিভ্রম তৈরি করা যায় বটে, কিন্তু ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া খুব কঠিন। তাই ক্যামেরার সামনে মেকআপ করতে কৌশলী হতে হবে। যেমন, কারও নাক বোঁচা হলে মেকআপের সময় নাকের পাশে মেকআপ হবে গাড় শেডের। এতে নাক খাড়া দেখাবে। চিকবোনে হালকা ব্লাশন লাগালে চোয়ালের হাড় স্পষ্ট দেখাবে। যাদের গঠন ভারী তাঁরা গাঢ় সবুজ, গাড় নীল বা কালো পোশাক বেছে নিতে পারেন। সবকিছু মিলিয়ে মেকআপ পোশাক হবে হালকা ও ছিমছাম, যাতে ছবিতে আপনার স্বাভাবিক সৌন্দর্য কোনোভাবেই ঢাকা না পড়ে।